তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
azadi ka amrit mahotsav

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান এবার দেশের সেরা পর্যটনকেন্দ্রগুলিতে পৌঁছে যাবে

পরবর্তী জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করার জন্য রাজ্যগুলিকে নিজেদের সেরা পর্যটনকেন্দ্রের নাম প্রস্তাব করার আহ্বান অশ্বিনী বৈষ্ণবের

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্মেলনকক্ষের গণ্ডি পেরিয়ে জনগণের কাছে পৌঁছে যাবে: অশ্বিনী বৈষ্ণব

পোস্ট করার দিনক্ষণ: 22 SEP 2026 1:09PM by PIB Agartala

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবনা অনুসরণ করে দেশের সেরা পর্যটনকেন্দ্রগুলিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

আজ সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের সময় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ের অনুষ্ঠানগুলিকে প্রচলিত স্থানগুলির গণ্ডির বাইরে নিয়ে গিয়ে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় দেশের সেরা পর্যটনকেন্দ্রগুলিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান নিয়ে যাওয়া হচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, একতা নগর ইতিমধ্যেই বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে এবং এটি একটি আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। এখানেই রয়েছে বিশ্বের সর্বোচ্চ মূর্তি, সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি। ভারতের রাষ্ট্রপতি এবং দেশের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিরা যখন এমন একটি পরিচিত পর্যটনকেন্দ্রে আসবেন, তখন আরও বেশি মানুষ সেই স্থান সম্পর্কে জানতে এবং সেখানে যাওয়ার সুযোগ পাবেন।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানকে শুধুমাত্র কোনও সম্মেলনকক্ষের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে যাওয়াই এই উদ্যোগের লক্ষ্য।একইসঙ্গে পর্যটনের প্রসার ও উন্নয়নের ক্ষেত্রেও এই ধরনের জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানকে কাজে লাগানো হবে।

পরবর্তী জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজনের জন্য নিজেদের সেরা পর্যটনকেন্দ্র চিহ্নিত করে প্রস্তাব পাঠাতে সমস্ত রাজ্যকে আহ্বান জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। প্রস্তাবে পর্যাপ্ত সুযোগ-সুবিধার পাশাপাশি পর্যটনকেন্দ্রটির সামগ্রিক উন্নয়নের জন্য একটি পরিকল্পনাও থাকতে হবে। নির্বাচিত রাজ্য তাদের প্রস্তাবিত পর্যটনকেন্দ্রে পরবর্তী জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজনের সুযোগ পাবে।

মন্ত্রী স্মরণ করিয়ে দেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি-২০ আয়োজনের সময় দেশের বিভিন্ন প্রান্তে এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে গিয়েছিলেন। একই ভাবনা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানও দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে চলচ্চিত্র ও পর্যটনকে কীভাবে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা যায়, সেই বৃহত্তর ভাবনাকে বাস্তবায়িত করার চেষ্টা চলছে।

অশ্বিনী বৈষ্ণব বলেন, চলচ্চিত্র ও পর্যটনকে একসঙ্গে এগিয়ে নিয়ে গেলে যেমন সংশ্লিষ্ট পর্যটনকেন্দ্রগুলি উপকৃত হবে, তেমনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানও সম্মেলনকক্ষের গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন পর্যটনকেন্দ্র এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে।

*****

PS/PKS/KMD
 


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2313484) ভিজিটরদের কাউন্টার : 5