57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

সৃজনশীল ভাবনা থেকে আন্তর্জাতিক সম্ভাবনা: গোয়ায় শুরু ওয়েভস ফিল্ম বাজার ২০২৬

প্রকাশিত: 20 NOV 2026 2:03PMby PIB Kolkataরিলিজ আইডি: 2339444Views: 7

গোয়া, ২০ নভেম্বর ২০২৬

 

ওয়েভস ফিল্ম বাজার-এর ২০তম সংস্করণের আনুষ্ঠানিক উদ্বোধন হল আজ গোয়ার Taj Cidade de Goa Horizon-এ। ভারতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্পের মধ্যে সংযোগ স্থাপনের দুই দশক পূর্ণ করল এই উদ্যোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আয়োজিত পাঁচ দিনের এই চলচ্চিত্র বাজারে অংশ নিচ্ছেন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, চিত্রনাট্যকার, বিনিয়োগকারী, পরিবেশক-সহ চলচ্চিত্র শিল্পের বিশিষ্ট ব্যক্তিরা। সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে নেওয়া এবং সৃজনশীল প্রকল্পগুলিকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য পেশ করতে গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী চঞ্চল কুমার ফিল্ম বাজার-এর উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন। ২০০৭ সালে ১৮টি দেশের ২০৪ জন প্রতিনিধি নিয়ে শুরু হয়েছিল এই উদ্যোগ। সাম্প্রতিক সংস্করণগুলিতে প্রতিনিধির সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে। তাঁর কথায়, ওয়েভস ফিল্ম বাজার এমন একটি মঞ্চ, যেখানে সৃজনশীল ভাবনা বাণিজ্যিক সম্ভাবনায় রূপান্তরিত হয়।

ওয়েভস ২০২৫-এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর তুলে ধরা ‘ভারতে সৃষ্টি করুন, বিশ্বের জন্য সৃষ্টি করুন’ ভাবনার উল্লেখ করে তিনি বলেন, ভারতীয় সৃজনশীল প্রতিভার সামনে আন্তর্জাতিক বাজার ও সুযোগের পরিসর আরও প্রসারিত করা জরুরি। ফিল্ম বাজার-কে সহযোগিতা ও নতুন সম্ভাবনা খুঁজে নেওয়ার মঞ্চ হিসেবে বর্ণনা করে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র নির্মাতাদের এই বাজারের সুযোগ সম্পূর্ণভাবে কাজে লাগানোর আহ্বান জানান। তাঁর মতে, এখানে গল্প থেকে গড়ে উঠতে পারে অংশীদারিত্ব এবং সৃজনশীলতা দীর্ঘস্থায়ী অর্থনৈতিক ও সাংস্কৃতিক মূল্য তৈরি করতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে পরিচালক শ্রী আশুতোষ গোয়ারিকর ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্পের পেশাদারদের একত্রিত করার ক্ষেত্রে ফিল্ম বাজার-এর বিশেষ ভূমিকার কথা তুলে ধরেন।

 

তিনি বলেন, সৃজনশীল যাত্রার প্রতিটি পর্যায়ে চলচ্চিত্র নির্মাতাদের পাশে থাকে এই মঞ্চ। ছবি সম্পূর্ণ হওয়ার অপেক্ষায় থাকে না ওয়েভস ফিল্ম বাজার। বরং নির্মাণের যে পর্যায়েই থাকুন না কেন, চলচ্চিত্র নির্মাতারা এখানে সহযোগিতার সুযোগ পান। কোনও নির্মাতার চিত্রনাট্য অসম্পূর্ণ থাকতে পারে, আবার কারও তৈরি ছবি দর্শকের কাছে পৌঁছনোর অপেক্ষায় থাকতে পারে। প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে পারেন এমন ব্যক্তিদের একত্রিত করে এই চলচ্চিত্র বাজার। তাঁর কথায়, অনেক সময় এক কাপ কফির আমন্ত্রণ দিয়ে শুরু হওয়া সামান্য কথোপকথনও অর্থবহ সহযোগিতার দরজা খুলে দিতে পারে।

 

সিনেমার পরিবর্তন আনার ক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষকে নতুন দৃষ্টিতে কোনও বিষয় দেখতে শেখানো এক বিশেষ উপহার। প্রতিনিধিদের চার দিনের প্রতিটি মুহূর্ত কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

 

 অপরিচিত মানুষের সঙ্গে পরিচিত হওয়া, নিজেদের ভাবনা ভাগ করে নেওয়া এবং বিশেষত অসম্পূর্ণ প্রকল্পগুলি নিয়ে আলোচনা করার পরামর্শ দেন। পাশাপাশি, ইতিবাচক সাড়া পাওয়ার আশায় নতুন সুযোগের সন্ধান চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।

 

উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে NFDC-র ম্যানেজিং ডিরেক্টর শ্রী ধীরজ সিং ফিল্ম বাজার-কে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI)-এর অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেন। গত দুই দশক ধরে এই সম্পর্ক বজায় রয়েছে বলে তিনি জানান। তাঁর মতে, ফিল্ম বাজার ক্রমশ আরও বড় ও বিস্তৃত মঞ্চে পরিণত হয়েছে। চলচ্চিত্র শিল্পের জন্য এর পরিসর ও সুযোগ, দুই-ই বেড়েছে।

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অতিরিক্ত সচিব শ্রী প্রভাত ধন্যবাদ জ্ঞাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে NFDC-র চেয়ারম্যান জি কৃষ্ণকুমারও উপস্থিত ছিলেন।

 

ওয়েভস ফিল্ম বাজার-এর দুই দশক পূর্তিতে চলচ্চিত্র শিল্পের বিভিন্ন ক্ষেত্রের মানুষকে একত্রিত করার পাশাপাশি গল্পকে আরও দূর পর্যন্ত পৌঁছে দেওয়ার নতুন সম্ভাবনা তৈরির ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রযোজক, চিত্রনাট্যকার, বিনিয়োগকারী ও পরিবেশকদের সঙ্গে চলচ্চিত্র নির্মাতাদের সংযোগ স্থাপনের মাধ্যমে এই বাজারের লক্ষ্য, সম্ভাবনাময় ভাবনাগুলির জন্য উপযুক্ত সহযোগী খুঁজে দেওয়া এবং ভারতের বৈচিত্র্যময় গল্পগুলিকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করা। এমন একটি পরিসর গড়ে তোলাই এর মূল লক্ষ্য, যেখানে কথোপকথন থেকে সহযোগিতার পথ তৈরি হবে এবং সৃজনশীল ভাবনা রূপ পাবে পর্দায়।

 

****

SM/SS


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2339444
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026