57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

সৃজনশীল ধারণা থেকে বৈশ্বিক সুযোগ: গোয়াতে শুরু হলো ‘ওয়েভস ফিল্ম বাজার ২০২৬’

পোস্ট করার দিনক্ষণ: 20 NOV 2026 2:03PMby PIB Agartalaপ্রেস বিজ্ঞপ্তির আইডি: 2339035Views: 6

গোয়া, ২০ নভেম্বর, ২০২৬: গোয়ার ‘তাজ সিদাদে দে গোয়া হরাইজন’-এ আজ থেকে ‘ওয়েভস ফিল্ম বাজার’-এর ২০তম সংস্করণের সূচনা হয়েছে। ভারতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্পের মধ্যে সংযোগ স্থাপন করার দুই দশক পূর্তি হলো এই আয়োজনের মাধ্যমে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন ‘ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন’ (এনএফডিসি) আয়োজিত পাঁচ দিনব্যাপী এই বাজারে চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, লেখক, বিনিয়োগকারী, পরিবেশক এবং শিল্পের অন্যান্য পেশাজীবীরা একত্রিত হন। এখানে তাঁরা পারস্পরিক সহযোগিতার পথ খুঁজে বের করেন এবং সৃজনশীল প্রকল্পগুলোকে বিশ্ববাজারের উপযোগী করে তোলার সুযোগ পান।

উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী চঞ্চল কুমার ‘ফিল্ম বাজার’-এর অভাবনীয় অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি জানান, ২০০৭ সালে ১৮টি দেশের ২০৪ জন প্রতিনিধি নিয়ে যাত্রা শুরু করা এই আয়োজন বর্তমানে আড়াই হাজারেরও বেশি প্রতিনিধির অংশগ্রহণে এক বিশাল মঞ্চে পরিণত হয়েছে। তিনি ‘ওয়েভস ফিল্ম বাজার’-কে এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে বর্ণনা করেন, যা সৃজনশীল ধারণাকে বাণিজ্যিক সুযোগে রূপান্তরিত করে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘ওয়েভস ২০২৫’-এ যে ‘ক্রিয়েট ইন ইন্ডিয়া, ক্রিয়েট ফর দ্য ওয়ার্ল্ড’ (ভারতে সৃষ্টি করুন, বিশ্বের জন্য সৃষ্টি করুন)-এর রূপকল্প তুলে ধরেছিলেন, তার প্রসঙ্গ টেনে শ্রী চঞ্চল কুমার ভারতীয় সৃজনশীল প্রতিভাদের জন্য আন্তর্জাতিক বাজার ও সুযোগের পথ আরও প্রশস্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি ‘ফিল্ম বাজার’-কে সহযোগিতা ও নতুন কিছু আবিষ্কারের একটি মঞ্চ হিসেবে অভিহিত করেন। বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র নির্মাতাদের এই বাজারের পূর্ণ সদ্ব্যবহার করার আহ্বান জানান তিনি-যেখানে গল্পগুলো অংশীদারিত্বের রূপ নিতে পারে এবং সৃজনশীলতা দীর্ঘস্থায়ী অর্থনৈতিক ও সাংস্কৃতিক মূল্য তৈরি করতে পারে।

অনুষ্ঠানে ‘গেস্ট অফ অনার’ বা সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে উৎসব পরিচালক শ্রী আশুতোষ গোয়ারিকর ভারতীয় চলচ্চিত্র নির্মাতা এবং আন্তর্জাতিক শিল্প বিশেষজ্ঞদের এক জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে ‘ফিল্ম বাজার’-এর অনন্য ভূমিকার ওপর আলোকপাত করেন।

তিনি জোর দিয়ে বলেন যে, এই মঞ্চটি চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীল যাত্রার প্রতিটি পর্যায়ে তাঁদের পাশে থাকে। ‘ওয়েভস ফিল্ম বাজার’ কোনো চলচ্চিত্র সম্পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করে না, বরং নির্মাতারা যে পর্যায়েই থাকুন না কেন, তাঁদের সঙ্গে যুক্ত হয়। কোনো নির্মাতার হাতে অসম্পূর্ণ চিত্রনাট্য থাকুক কিংবা দর্শকদের কাছে পৌঁছানোর অপেক্ষায় থাকা কোনো পূর্ণাঙ্গ চলচ্চিত্র-এই বাজার এমন সব মানুষকে একত্রিত করে, যাঁরা প্রকল্পটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারেন। তিনি বর্ণনা করেন, কীভাবে একটি সাধারণ কথোপকথন-যা হয়তো কফি খাওয়ার আমন্ত্রণের মাধ্যমে শুরু হতে পারে-তা অর্থপূর্ণ সহযোগিতার নতুন পথ খুলে দিতে পারে।

উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে এনএফডিসি এর ব্যবস্থাপনা অধিকর্তা শ্রী ধীরাজ সিং ‘ফিল্ম বাজার’-কে ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া’ (আইএফএফআই)-এর একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেন। তিনি উল্লেখ করেন যে, গত দুই দশক ধরে এই প্ল্যাটফর্মটি উৎসবটির সঙ্গে যুক্ত রয়েছে। তিনি আরও বলেন, ‘ফিল্ম বাজার’ সময়ের সঙ্গে সঙ্গে অনেক বড় ও বিস্তৃত একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা চলচ্চিত্র শিল্পের জন্য নতুন সুযোগ ও পরিধি প্রসারিত করেছে।

চলচ্চিত্রের রূপান্তরমূলক শক্তির ওপর আলোকপাত করে তিনি বলেন, মানুষকে কোনো বিষয়কে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ করে দেওয়াটা একটি বড় উপহার। তিনি প্রতিনিধিদের পরামর্শ দেন যেন তারা এই চার দিনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগান; নতুন মানুষের সঙ্গে পরিচিত হন, নিজেদের ধারণা-বিশেষ করে অসমাপ্ত প্রকল্পগুলো-অন্যদের সঙ্গে ভাগ করে নেন এবং নতুন সুযোগ সন্ধানে সচেষ্ট থাকেন, এই প্রত্যাশা নিয়ে যে হয়তো কোনো এক জায়গা থেকে একটি ইতিবাচক সাড়া (‘হ্যাঁ’) পাওয়া যাবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অতিরিক্ত সচিব শ্রী প্রভাত অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এনএফডিসি -এর চেয়ারম্যান জি কৃষ্ণকুমারও উপস্থিত ছিলেন।

‘ওয়েভস ফিল্ম বাজার’ এ নিয়ে দুই দশক পূর্তি উদযাপন করছে। চলচ্চিত্র শিল্পকে একত্রিত করার পাশাপাশি, বিভিন্ন গল্পকে আরও দূর পর্যন্ত পৌঁছে দেওয়ার সুযোগ সৃষ্টিতেও এর ভূমিকা রয়েছে। বিশ্বজুড়ে চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে প্রযোজক, লেখক, বিনিয়োগকারী ও পরিবেশকদের সংযোগ স্থাপনের মাধ্যমে এই প্ল্যাটফর্মটি নিশ্চিত করতে চায় যে, সম্ভাবনাময় ধারণাগুলো যেন সঠিক সহযোগীদের খুঁজে পায় এবং ভারতের বৈচিত্র্যময় গল্পগুলো আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছানোর সুযোগ পায়। এখানে এমন একটি পরিবেশ তৈরির ওপর জোর দেওয়া হয়, যেখানে আলোচনার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা গড়ে ওঠে এবং সৃজনশীল সম্ভাবনাগুলো পর্দায় রূপ পাওয়ার পথ খুঁজে পায়।

*****

PS/DM/KMD


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2339035
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026