প্রকাশিত:
02 JUN 2024 2:34PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২ জুন, ২০২৪
প্রধানমন্ত্রী আজ নয়া দিল্লির ৭, লোককল্যাণ মার্গে তাঁর সরকারি বাসভবনে ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর প্রভাব পর্যালোচনা করেন।
সভায় প্রধানমন্ত্রীকে ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়। মিজোরাম, অসম, মণিপুর, মেঘালয় ও ত্রিপুরায় ভূমিধস ও বন্যার ফলে মানবজীবনের ক্ষয়ক্ষতি এবং গৃহ ও সম্পত্তির ক্ষতির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
এনডিআরএফ দলগুলিকে প্রয়োজন অনুযায়ী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। এই দলগুলি উদ্ধারের কাজ, এয়ারলিফটিং এবং সড়ক পরিষ্কার করার মতো জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। সভায় উল্লেখ করা হয় যে, স্বরাষ্ট্র মন্ত্রক ক্ষতিগ্রস্ত রাজ্যের প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
প্রধানমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে ভারত সরকার পূর্ণ সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দেন যাতে মন্ত্রক পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখে এবং পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় সবরকম সহায়তা নিশ্চিত করে।
এই বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদের সচিব, স্বরাষ্ট্র সচিব, বিজ্ঞান ও পৃথিবী বিজ্ঞান মন্ত্রকের সচিব, এনডিআরএফ-এর মহানির্দেশক, এনডিএমএ-র সদস্য সচিবসহ প্রধানমন্ত্রীর দপ্তরের এবং সংশ্লিষ্ট মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
SSS/TM