57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

৫৭তম IFFI তুলে ধরেছে উত্তর-পূর্ব ভারতের সিনেমায় সাংস্কৃতিক ঐতিহ্য, পরিচয় ও সামাজিক বাস্তবতার গল্প

প্রকাশিত: 22 NOV 2026 4:26PMby PIB Kolkataরিলিজ আইডি: 2340224Views: 4

গোয়া, ২২ নভেম্বর ২০২৬

 

অসমের একটি ঐতিহ্যবাহী তাঁতশিল্পী সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের সংগ্রাম থেকে শুরু করে অরুণাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে শোকাহত এক পিতার মনস্তাত্ত্বিক যাত্রা—উত্তর-পূর্ব ভারতের দুটি চলচ্চিত্র ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিচয়, প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই এবং মানবিক আবেগের ভিন্ন ভিন্ন কাহিনি তুলে ধরেছে।

অসমীয়া তথ্যচিত্র রেড কার্পেট ভারতীয় প্যানোরামার নন-ফিচার বিভাগে প্রদর্শিত হয়েছে। অন্যদিকে, উড়ুম ভারতীয় প্যানোরামার ফিচার ফিল্ম বিভাগে স্থান পেয়েছে।

রেড কার্পেট ছবিটি পরিচালনা করেছেন আইমি বরুয়া এবং উড়ুম ছবিটির পরিচালক ডুয়ু তাব্যো। আজ গোয়ায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চলচ্চিত্র দুটি তুলে ধরা হয়। সেখানে পরিচালকরা তাঁদের চলচ্চিত্র এবং চলচ্চিত্র নির্মাণের যাত্রা সম্পর্কে অভিজ্ঞতা ও ভাবনা ভাগ করে নেন।

 

রেড কার্পেট ছবিতে অসমের কার্বি আংলং অঞ্চলের কার্বি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের চিত্র তুলে ধরা হয়েছে। শতাব্দীপ্রাচীন এই শিল্প আধুনিকীকরণ এবং জীবনযাত্রার পরিবর্তনে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এই তথ্যচিত্রে ডনকামোকাম গ্রামের এক তাঁতশিল্পীর গ্রাম থেকে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচা পর্যন্ত যাত্রা তুলে ধরা হয়েছে। কীভাবে হাতে তৈরি একটি বস্ত্র সাংস্কৃতিক পরিচয়, গর্ব ও আশার প্রতীক হয়ে উঠেছে, সেই কাহিনিই এই ছবিতে ফুটে উঠেছে।

 

চলচ্চিত্রটি সম্পর্কে নিজের অভিমত তুলে ধরে পুরস্কারপ্রাপ্ত ভারতীয় অভিনেত্রী, প্রযোজক ও চলচ্চিত্র পরিচালক এবং পিএইচডি গবেষণারত আইমি বরুয়া বলেন, অসমের একটি ছোট গ্রাম থেকে ঐতিহ্যবাহী হাতে বোনা বস্ত্রকে কান চলচ্চিত্র উৎসবের মর্যাদাপূর্ণ লাল গালিচায় পৌঁছে দেওয়ার যাত্রাটি তাঁর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি স্থানীয় তাঁতশিল্পীদের দক্ষতা এবং তাঁদের ঐতিহ্যবাহী বস্ত্রের মধ্যে নিহিত সাংস্কৃতিক পরিচয়ের ওপর আলোকপাত করেন। তাঁর মতে, এই পোশাক আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় অঞ্চলের আদিবাসী ঐতিহ্য আরও বেশি পরিচিতি লাভ করেছে।

 

ঐতিহ্যবাহী তাঁতশিল্প সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি তরুণ প্রজন্মকে নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে গর্বিত হতে এবং এই উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

 

দ্বিতীয় চলচ্চিত্র উড়ুম, ডুয়ু তাব্যোর পরিচালনায় নির্মিত। ছবিটিতে অরুণাচল প্রদেশের একটি দুর্গম পাহাড়ি জনপদের এক পিতার গল্প তুলে ধরা হয়েছে, যিনি তাঁর ছোট্ট মেয়ের মর্মান্তিক মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারছেন না। অপরাধবোধ ও ভীতিকর স্মৃতি তাঁকে তাড়িয়ে বেড়ায়। চাপা পড়ে থাকা সত্য, মানসিক আঘাত এবং তাঁর সম্প্রদায়ের জীবনকে প্রভাবিত করে চলা অদৃশ্য শক্তির মধ্যে তিনি মানসিক শান্তি ও শোকের অবসান খুঁজতে থাকেন।

 

অরুণাচল প্রদেশের লেখক স্বাধীন চলচ্চিত্র পরিচালক এবং সাংস্কৃতিক কর্মী ডুয়ু তাব্যো কাজ করেন আদিবাসী পরিচয়, স্মৃতি ও সামাজিক বাস্তবতাকে কেন্দ্র করে। তাঁর শৈশবে অরুণাচল প্রদেশের জিরোতে এক পিতাকে তাঁর কন্যার মৃত্যুশোকে ভেঙে পড়তে দেখার ঘটনার কথা স্মরণ করেন। সেই স্মৃতি বহু বছর ধরে তাঁর মনে রয়ে গিয়েছিল এবং শেষ পর্যন্ত চলচ্চিত্রটির মূল ভিত্তি হয়ে ওঠে।

 

তিনি জানান, এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি কোনও নির্দিষ্ট নৈতিক বার্তা দেওয়ার পরিবর্তে শোকাহত এক পিতার মনস্তাত্ত্বিক ও আবেগগত অবস্থাকে অনুসন্ধান করতে চেয়েছেন। IFFI-র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাব্যো বলেন, এই উৎসবে তাঁর চলচ্চিত্র নির্বাচিত হওয়া অরুণাচল প্রদেশের বিকাশমান চলচ্চিত্র শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। তিনি আশা প্রকাশ করেন, এই স্বীকৃতি রাজ্যের আরও তরুণ চলচ্চিত্র নির্মাতাদের নিজেদের গল্প তুলে ধরতে উৎসাহিত করবে।

ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে তাব্যো বলেন, চলচ্চিত্রটি আদিবাসী নিয়িশি ভাষায় নির্মাণ করা ছিল ভাষাটির স্বকীয়তা বজায় রাখা এবং আরও বেশি পরিচিতি দেওয়ার উদ্দেশ্যে নেওয়া একটি সচেতন সিদ্ধান্ত। তিনি উল্লেখ করেন, তরুণ প্রজন্ম ক্রমশ নিজেদের আদিবাসী ভাষা থেকে দূরে সরে যাচ্ছে। নিশি সম্প্রদায়ের ভাষাগত ঐতিহ্য সংরক্ষণের একটি উদ্যোগ হিসেবেই তিনি এই চলচ্চিত্রকে দেখেন।

 

উত্তর-পূর্ব ভারতের চলচ্চিত্রের ক্রমবর্ধমান সম্ভাবনা সম্পর্কে বলতে গিয়ে তাব্যো বলেন, এই অঞ্চল এখনও চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে অনেকটাই অনাবিষ্কৃত, অথচ বিশ্বের সামনে তুলে ধরার মতো বহু বিষয় এখানে রয়েছে। এই অঞ্চলের প্রতি মূলধারার চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজনা সংস্থাগুলির আগ্রহ ক্রমশ বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর মতে, বিনোদনের পাশাপাশি সামাজিক সচেতনতা ও পরিবর্তন আনার ক্ষেত্রেও সিনেমা একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, আদিবাসী গল্প, ভাষা এবং জীবনযাত্রার ধারাকে নথিবদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে নিজেদের শিকড়ের সঙ্গে পুনরায় সংযুক্ত হতে এবং সাংস্কৃতিক পরিচয়ের সমৃদ্ধি উপলব্ধি করতে সাহায্য করবে।

 

উত্তর-পূর্ব ভারতের এই দুটি চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র মঞ্চে অঞ্চলের ভিন্নধর্মী কাহিনি তুলে ধরেছে। এর মাধ্যমে অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্য, আদিবাসী ঐতিহ্য এবং সমকালীন সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটেছে। ৫৭তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে এই চলচ্চিত্রগুলির অন্তর্ভুক্তি এবারের উৎসবের চলচ্চিত্রগত বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে।

 

IFFILOID পড়ুন এখানে:

https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1&reg=48

 

SC


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2340224
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026