পোস্ট করার দিনক্ষণ:
22 NOV 2026 4:26PM by PIB Agartala
গোয়া, ২২ নভেম্বর ২০২৬, পিআইবি।। আসামের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের সঙ্গে জড়িত একটি সম্প্রদায়, যারা তাদের সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে—আবার অন্যদিকে অরুণাচল প্রদেশের পাহাড়ে এক শোকাতুর পিতার মানসিক যাত্রার গল্প; ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে আসা এই দুটি চলচ্চিত্র পরিচয়, টিকে থাকার লড়াই এবং মানবিক আবেগের ভিন্ন ভিন্ন আখ্যান নিয়ে হাজির হয়েছে ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই)।
‘রেড কার্পেট’ নামের অসমীয়া তথ্যচিত্রটি উৎসবে ‘ইন্ডিয়ান প্যানোরামা নন-ফিচার’ বিভাগে প্রদর্শিত হচ্ছে, আর ‘উরম’ জায়গা করে নিয়েছে ‘ইন্ডিয়ান প্যানোরামা ফিচার ফিল্ম’ বিভাগে।
আইমি বড়ুয়া পরিচালিত ‘রেড কার্পেট’ এবং দুয়ু তাবিয়ো পরিচালিত ‘উরম’—এই দুটি চলচ্চিত্র নিয়ে আজ গোয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত আলোচনা করা হয়। সেখানে দুই পরিচালক তাদের চলচ্চিত্র এবং চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতার নানা দিক তুলে ধরেন।
‘রেড কার্পেট’ তথ্যচিত্রটি আসামের কার্বি আংলং অঞ্চলের কার্বি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে কেন্দ্র করে নির্মিত। শতবর্ষী এই শিল্পটি বর্তমানে আধুনিকায়ন ও জীবনযাত্রার পরিবর্তনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। তথ্যচিত্রটিতে ডনকামোকাম গ্রামের একজন ঐতিহ্যবাহী তাঁতির কান চলচ্চিত্র উৎসবের ‘রেড কার্পেট’ পর্যন্ত পৌঁছানোর যাত্রাকে তুলে ধরা হয়েছে। এতে দেখানো হয়েছে, কীভাবে হাতে বোনা একটি বস্ত্র সাংস্কৃতিক পরিচয়, গর্ব ও আশার প্রতীকে পরিণত হলো।
চলচ্চিত্রটি নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে গিয়ে পরিচালক আইমি বড়ুয়া—যিনি একাধারে একজন পুরস্কারজয়ী ভারতীয় অভিনেত্রী, প্রযোজক, চলচ্চিত্র নির্মাতা এবং বর্তমানে পিএইচডি গবেষণারত শিক্ষার্থী—আসামের একটি ছোট গ্রাম থেকে ঐতিহ্যবাহী হাতে বোনা কাপড়কে কান চলচ্চিত্র উৎসবের মর্যাদাপূর্ণ ‘রেড কার্পেট’ পর্যন্ত নিয়ে যাওয়ার সেই যাত্রার কথা বর্ণনা করেন।
তিনি স্থানীয় তাঁতিদের নিপুণ কারুকার্য এবং তাদের ঐতিহ্যবাহী বস্ত্রের মধ্যে নিহিত সাংস্কৃতিক পরিচয়ের ওপর আলোকপাত করেন। তিনি উল্লেখ করেন যে, এই পোশাকগুলো আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার ফলে ওই অঞ্চলের আদিবাসী ঐতিহ্য আরও বেশি দৃশ্যমান হয়ে উঠেছে।
ঐতিহ্যবাহী বয়নশিল্প সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান, যেন তারা নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য গর্ববোধ করে এবং এই উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যায়।
দ্বিতীয় চলচ্চিত্র ‘উরম’ —যার পরিচালক দুয়ু তাবিয়ো-শোক, স্মৃতি এবং আদিবাসী বিশ্বাসের বিষয়গুলোকে তুলে ধরেছে। অরুণাচল প্রদেশের এক দুর্গম পাহাড়ি জনপদের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রে দেখা যায়, এক বাবা তার ছোট মেয়ের মর্মান্তিক মৃত্যুর শোক কাটিয়ে ওঠার জন্য লড়াই করছেন। অপরাধবোধ ও দুঃস্বপ্নের তাড়নায় জর্জরিত এই ব্যক্তিটি যখন মনের শান্তি বা সান্ত্বনার খোঁজ করেন, তখন চলচ্চিত্রটি তার সেই যাত্রাকে অনুসরণ করে—যেখানে চাপা পড়ে থাকা সত্য, মানসিক আঘাত (ট্রমা) এবং তার জনগোষ্ঠীর জীবনকে প্রভাবিত করা অদৃশ্য শক্তিগুলো একে একে সামনে উঠে আসে।
অরুণাচল প্রদেশের স্বাধীন লেখক-পরিচালক ও সাংস্কৃতিক কর্মী ডুইউ টাবিয়ো-যাঁর কাজে আদিবাসী পরিচিতি, স্মৃতি এবং সামাজিক বাস্তবতার অন্বেষণ ফুটে উঠেছে, তিনি অরুণাচল প্রদেশের জিরোতে তাঁর শৈশবে দেখা একটি ঘটনার কথা স্মরণ করেন। ঘটনাটি ছিল এক বাবার, যিনি তাঁর কন্যাকে হারানোর শোকে বিপর্যস্ত ছিলেন। এই স্মৃতিটি বহু বছর তাঁর মনে গেঁথে ছিল এবং শেষ পর্যন্ত তা-ই এই চলচ্চিত্রটির ভিত্তি হয়ে ওঠে। তিনি জানান, এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি কোনো নির্দিষ্ট নৈতিক বার্তা দেওয়ার চেয়ে বরং শোকাতুর এক বাবার মনস্তাত্ত্বিক ও আবেগীয় অবস্থাকে তুলে ধরতে চেয়েছেন। টাবিয়ো আইএফএফআই -এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আইএফএফআই-তে নিজের চলচ্চিত্রটির নির্বাচিত হওয়াকে অরুণাচল প্রদেশের উদীয়মান চলচ্চিত্র শিল্পের জন্য একটি বড় স্বীকৃতি হিসেবে অভিহিত করেন এবং আশা প্রকাশ করেন যে, এটি রাজ্যের আরও অনেক তরুণ চলচ্চিত্র নির্মাতাকে নিজেদের গল্প তুলে ধরতে উৎসাহিত করবে।
ভাষাগত ও সাংস্কৃতিক সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে টাবিয়ো বলেন, আদিবাসী ‘নিশি’ ভাষায় চলচ্চিত্রটি নির্মাণের সিদ্ধান্তটি ছিল সুচিন্তিত—এর উদ্দেশ্য ছিল ভাষার মৌলিকত্ব বজায় রাখা এবং ভাষাটিকে আরও দৃশ্যমান করে তোলা। তিনি উল্লেখ করেন যে, নতুন প্রজন্মের মানুষ ক্রমশ তাদের আদিবাসী ভাষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তাঁর মতে, এই চলচ্চিত্রটি নিশি সম্প্রদায়ের ভাষাগত ঐতিহ্যকে সংরক্ষণের একটি প্রচেষ্টা।
উত্তর-পূর্ব ভারতের চলচ্চিত্রের ক্রমবর্ধমান সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে ট্যাবিও উল্লেখ করেন যে, এই অঞ্চলটি এখনও এক অনাবিষ্কৃত চলচ্চিত্র-ভূখণ্ড, যার কাছে বিশ্বকে দেওয়ার মতো অনেক কিছু রয়েছে। তিনি মূলধারার চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজনা সংস্থাগুলোর এই অঞ্চলের প্রতি ক্রমবর্ধমান আগ্রহের কথা তুলে ধরেন এবং জোর দিয়ে বলেন যে, বিনোদনের বাইরেও চলচ্চিত্র সামাজিক সচেতনতা ও পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠতে পারে। এছাড়া তিনি আদিবাসী গল্প, ভাষা ও জীবনধারা নথিবদ্ধ করার গুরুত্বের ওপর আলোকপাত করেন। তাঁর মতে, এই ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে তাদের শিকড়ের সঙ্গে পুনরায় সংযুক্ত হতে এবং তাদের সাংস্কৃতিক পরিচয়ের সমৃদ্ধিকে উপলব্ধি করতে সাহায্য করবে।
এই দুটি চলচ্চিত্র উত্তর-পূর্ব ভারত থেকে ভিন্নধর্মী আখ্যান নিয়ে এসেছে জাতীয় চলচ্চিত্র মঞ্চে, যা এই অঞ্চলের বৈচিত্র্যময় সাংস্কৃতিক অভিজ্ঞতা, আদিবাসী ঐতিহ্য এবং সমসাময়িক বাস্তবতাকে প্রতিফলিত করে। ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এদের অন্তর্ভুক্তি এবারের উৎসবের চলচ্চিত্রগত বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে।
***
PS/DM/KMD