গোয়া, ২১ নভেম্বর, ২০২৬
৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (আইএফএফআই) অংশ হিসেবে আজ পানাজির কলা একাডেমিতে প্রসার ভারতী তাদের প্রথম স্ক্রিপ্ট পিচিং ল্যাব—‘পেজ সে পিচ তক’-এর সূচনা করেছে। প্রসার ভারতীর চেয়ারম্যান পদ্মশ্রী প্রসূন যোশীর পরিকল্পনায় গড়ে ওঠা এই উদ্যোগটি একটি বার্ষিক জাতীয় মঞ্চ হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সারা ভারতের উদীয়মান লেখকরা ফিচার ফিল্ম, তথ্যচিত্র এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য তাঁদের মৌলিক চিত্রনাট্যগুলো (স্ক্রিপ্ট) উপস্থাপন করার সুযোগ পাবেন। এই চিত্রনাট্যগুলো ভারতের দশটি ভিন্ন ভাষায় হতে পারে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রসূন যোশী ব্যক্তিগত অভিজ্ঞতা ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিনির্ভর খাঁটি গল্প বলার ওপর জোর দেন। তিনি বলেন, প্রসার ভারতী স্বতন্ত্র কণ্ঠস্বরগুলোকে লালন করতে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা গল্পগুলোর জন্য একটি মঞ্চ প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন যে, ভারতের প্রতিটি অঞ্চল ও লোকঐতিহ্যের নিজস্ব স্বতন্ত্র আখ্যান রয়েছে, যা কেবল সেখানকার স্থানীয় সংস্কৃতিকে গভীরভাবে অনুধাবনের মাধ্যমেই সঠিকভাবে তুলে ধরা ও বোঝা সম্ভব।
দূরদর্শনের মহাপরিচালক রিনা সোনোয়াল কৌলি স্বাগত বক্তব্য রাখেন এবং ভারতের ভাষাগত ও সৃজনশীল বৈচিত্র্যকে তুলে ধরার ক্ষেত্রে এই উদ্যোগটির ভূমিকার ওপর আলোকপাত করেন।
পিচিং সেশনে দশজন অংশগ্রহণকারী তাঁদের মৌলিক চিত্রনাট্যগুলো একটি বিশিষ্ট বিচারকমণ্ডলীর সামনে উপস্থাপন করেন। এই বিচারকমণ্ডলীর সদস্যরা হলেন - পদ্মশ্রী মনোজ যোশী (অভিনেতা এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী); সন্দীপ বালাকৃষ্ণ (লেখক, সম্পাদক এবং ভারতীয় ইতিহাস, সংস্কৃতি ও সাহিত্যের ওপর স্বতন্ত্র গবেষক); শ্রী নারায়ণ সিং (চলচ্চিত্র নির্মাতা ও সম্পাদক, যিনি ‘টয়লেট: এক প্রেম কথা’ এবং ‘বাট্টি গুল মিটার চালু’র মতো চলচ্চিত্রের জন্য পরিচিত); এবং অনন্ত বিজয় (জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সাংবাদিক, লেখক, চলচ্চিত্র সমালোচক ও পুনের এফটিআইআই-এর গভর্নিং কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান)।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল ধীরেন্দ্র ওঝা; প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল ও ভারতের প্রেস রেজিস্ট্রার জেনারেল (পিআরজিআই) যোগেশ কুমার বাওয়েজা; এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব (সম্প্রচার ও প্রশাসন) পৃথুল কুমার। ‘স্ক্রিপ্ট পিচিং ল্যাব’ ২০২৬ সালের ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই বার্ষিক উদ্যোগটির মাধ্যমে প্রসার ভারতী উদীয়মান লেখকদের শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীদের সাথে সংযুক্ত করতে চায়। এর উদ্দেশ্য হলো, লেখকদের মৌলিক ধারণাগুলোকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মতো বিভিন্ন ধরনের পর্দানির্ভর প্রযোজনায় রূপ দেওয়ার সুযোগ করে দেওয়া।
‘পেজ সে পিচ তক’-এর বিজয়ীদের নাম ২০২৬ সালের ২৪ নভেম্বর ঘোষণা করা হবে।
এই বিষয়ে বিস্তারিত জানতে নিচের লিঙ্কটি দেখুন -
https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1®=48
SC/SB/AS