গোয়া, ১৯ নভেম্বর ২০২৬
পর্দায় প্রদর্শিত প্রতিটি চলচ্চিত্রের নেপথ্যে থাকে সৃজনশীল ব্যক্তিদের একটি দল, যাদের অবদান চলচ্চিত্রটির কাহিনি, শব্দ এবং দৃশ্যরূপকে গড়ে তোলে। এই সম্মিলিত প্রতিভার গুরুত্ব অনুধাবন করে, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের একটি উদ্যোগ—'ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমরো'—ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন-এর তত্বাবধানে আবারও ফিরে এসেছে। ৫৭তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, গোয়া-তে আয়োজিত এই উদ্যোগের ষষ্ঠ সংস্করণে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ১০০ জন তরুণ প্রতিভাবান অংশ নিচ্ছেন।
২০২৬ সালের এই দলে চলচ্চিত্র নির্মাণের ১৩টি ভিন্ন ক্ষেত্রের উদীয়মান পেশাদাররা একত্রিত হয়েছেন। এর মধ্যে রয়েছে—পরিচালনা, অভিনয়, চিত্রগ্রহণ, সম্পাদনা ও সাবটাইটেল তৈরি, চিত্রনাট্য লিখন, নেপথ্য কণ্ঠদান, সঙ্গীত রচনা, শব্দ ধারণ, পোশাক পরিকল্পনা, কেশসজ্জা ও রূপসজ্জা, শিল্প নির্দেশনা, অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্টস, অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি, এবং ভয়েস-ওভার ও ডাবিং। বিভিন্ন সৃজনশীল ক্ষেত্রের অংশগ্রহণকারীদের একত্রিত করার মাধ্যমে, এই উদ্যোগটি চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতায় পারস্পরিক সহযোগিতাকে মূল কেন্দ্রবিন্দুতে স্থাপন করে।
নির্বাচন প্রক্রিয়ায় চলচ্চিত্র শিক্ষা এবং শিল্পক্ষেত্রের বাস্তব অনুশীলনের দৃষ্টিভঙ্গির সমন্বয় ঘটানো হয়েছে। 'ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া'-এর অনুষদ সদস্যদের নিয়ে গঠিত ১৩ সদস্যের একটি 'সিলেকশন জুরি' বিভিন্ন ক্ষেত্রের আবেদনগুলো মূল্যায়ন করে। এরপর ১২ সদস্যের একটি 'গ্র্যান্ড জুরি'—যাঁরা চলচ্চিত্র শিল্পের প্রতিষ্ঠিত পেশাদার—তাঁরা চূড়ান্ত অংশগ্রহণকারীদের নির্বাচন করেন। সবশেষে, চলচ্চিত্র নির্মাণ চ্যালেঞ্জ এবং এর পুরস্কার বিজয়ীদের মূল্যায়নের দায়িত্বে থাকেন বিশিষ্ট চলচ্চিত্র পেশাদারদের নিয়ে গঠিত পাঁচ সদস্যের একটি 'গ্রেট গ্র্যান্ড জুরি'।
এই কর্মসূচির একটি অন্যতম প্রধান অংশ, ‘৪৮-ঘণ্টার চলচ্চিত্র নির্মাণ চ্যালেঞ্জ’, যা পুনের এফটিআইআই এবং এনএফডিসি-এর যৌথ উদ্যোগে আয়োজিত হয়। বিভিন্ন ক্ষেত্রের অংশগ্রহণকারীরা একসঙ্গে কাজ করে ৪৮ ঘণ্টার সময়সীমার মধ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা ও তা বাস্তবায়নের সুযোগ পাবেন। বিশেষজ্ঞ পরামর্শদাতা এবং প্রাতিষ্ঠানিক নির্দেশনায় পরিচালিত এই চ্যালেঞ্জটি পেশাদার চলচ্চিত্র নির্মাণের সীমাবদ্ধতার মধ্যে একটি দল হিসেবে কাজ করার নিবিড় ব্যবহারিক অভিজ্ঞতা প্রদান করে। সমাপ্ত চলচ্চিত্রগুলো আইএফএফআই-তে বিশেষভাবে প্রদর্শিত হবে এবং চলচ্চিত্র শিল্পের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত একটি জুরি বোর্ড সেগুলোর মূল্যায়ন করবে। বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কারও প্রদান করা হবে।
‘সিএমওটি ট্যালেন্ট ক্যাম্প’ অংশগ্রহণকারীদের বৃহত্তর গণমাধ্যম ও বিনোদন শিল্পের সঙ্গে যুক্ত করবে। এর মাধ্যমে তারা বিভিন্ন প্রোডাকশন হাউস, স্টুডিও, মিউজিক লেবেল, ওটিটি প্ল্যাটফর্ম, সম্প্রচার সংস্থা এবং শিল্পের অন্যান্য অংশীদারদের সংস্পর্শে আসার সুযোগ পাবেন। এটি তরুণ নির্মাতাদের মৌলিক কাজ তুলে ধরার, শিল্পসংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের এবং পেশাগত সুযোগ অন্বেষণের পথ প্রশস্ত করবে।
২০২১ সালে যাত্রা শুরুর পর থেকে, সিএমওটি এমন একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে যা উদীয়মান সৃজনশীল পেশাদারদের গণমাধ্যম ও বিনোদন শিল্পের সঙ্গে সংযুক্ত করে। এই প্ল্যাটফর্মের প্রাক্তন অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক প্রযোজনায় কাজ করেছেন এবং কান, বার্লিনেল, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস-এর মতো বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চ ও উৎসবে স্বীকৃতি অর্জন করেছেন।
ভারতের সৃজনশীল অর্থনীতি ক্রমাগত বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ও উদ্ভাবনী পেশাদারদের পৃষ্ঠপোষকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শিক্ষা, ব্যবহারিক সহযোগিতা এবং শিল্পক্ষেত্রের সঙ্গে সম্পৃক্ততার সমন্বয়ে, সিএমওটি উদীয়মান প্রতিভাদের জন্য তাদের সৃজনশীল দক্ষতাকে পেশাগত সুযোগে রূপান্তরের পথ তৈরি করতে কাজ করে যাচ্ছে।
গোয়ায় আগত ১০০ জন অংশগ্রহণকারীর জন্য আইএফএফআই কেবল বিশ্ব চলচ্চিত্রের প্রদর্শনীক্ষেত্রই নয়, বরং এটি হবে একে অপরের সঙ্গে কাজ করার, শেখার এবং ভারতীয় চলচ্চিত্রের ভবিষ্যৎ গড়ার পথে প্রথম পদক্ষেপ নেওয়ার একটি অনন্য সুযোগ।