তথ্যওসম্প্রচারমন্ত্রক
প্রস্তুতিপর্ব: ২০৩০ সালের মধ্যে আন্তর্জাতিক ‘লাইভ ইভেন্ট’ বা সরাসরি আয়োজিত অনুষ্ঠানের ক্ষেত্রে নেতৃত্বদানের লক্ষ্য ভারতের
প্রকাশিত:
29 JUL 2026 3:16PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ জুলাই, ২০২৬
সরকার 'লাইভ ইভেন্ট' (সরাসরি আয়োজিত অনুষ্ঠান) ক্ষেত্রটিকে অর্থনৈতিক বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, পর্যটন এবং সাংস্কৃতিক প্রসারের এক গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করেছে।
এই খাতের সুস্থিত বিকাশ নিশ্চিত করতে এবং ২০৩০ সালের মধ্যে ভারতকে লাইভ ইভেন্টের একটি বিশ্বজনীন কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে, ২০২৫ সালের জুলাই মাসে 'লাইভ ইভেন্টস ডেভেলপমেন্ট সেল' (LEDC) গঠন করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিবের সভাপতিত্বে গঠিত এই সেলে কেন্দ্র, রাজ্য সরকার, শিল্প সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।
LEDC-র চারটি সভা ২৬.০৮.২০২৫, ১৬.১০.২০২৫, ০৪.০২.২০২৬ এবং ৩০.০৪.২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে। পরিকাঠামো শক্তিশালী করা, নিয়ন্ত্রণমূলক প্রক্রিয়া সহজ করা, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত করা এবং লাইভ ইভেন্ট ক্ষেত্রের জন্য একটি অনুকূল পরিমণ্ডল গড়ে তোলার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর প্রধান ফলাফলগু্লি নিচে দেওয়া হ’ল:
* এই খাতের বিকাশের জন্য একটি সামগ্রিক কৌশল সম্বলিত 'বাস্তবায়ন কাঠামো' প্রস্তুত করা হয়েছে এবং সংশ্লিষ্ট সব পক্ষের কাছে তা পাঠানো হয়েছে।
* লাইভ ইভেন্টের অনুমোদনের জন্য একটি অনলাইন ব্যবস্থা তৈরি করা হয়েছে এবং তা 'ইন্ডিয়া সিনে হাব' (ICH) পোর্টালে চালু করা হয়েছে। এটি আবেদন, সমন্বয়, অনুমোদন, অর্থ প্রদান এবং পরিদর্শন—এই সবকিছুর জন্য একটি একক ডিজিটাল কর্মপ্রবাহ প্রদান করে। এতে সময়সীমা-ভিত্তিক প্রক্রিয়াকরণ, রিয়েল-টাইম ট্র্যাকিং, বিলম্বের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ, সমন্বিত ডিজিটাল পেমেন্ট এবং ডিজিটাল অডিট ট্রেইলের সুবিধা রয়েছে।
* ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ICH পোর্টালে লাইভ ইভেন্ট অনুমোদনের জন্য তাদের নোডাল অফিসার নিযুক্ত করেছে।
* ভারতে লাইভ ইভেন্টের জন্য লাইসেন্সিং ও অনুমোদন প্রক্রিয়া সুবিন্যস্ত করার লক্ষ্যে আদর্শ নির্বাহী আদেশ, ২০২৬ প্রস্তুত করা হয়েছে এবং ১৩.০৩.২০২৬ তারিখে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে তা পাঠানো হয়েছে। বর্তমানে ৩টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল এটি তাদের এলাকায় কার্যকর করেছে।
* ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ- ASI, সংরক্ষিত স্মৃতিস্তম্ভ বা প্রত্নতাত্ত্বিক স্থানে লাইভ ইভেন্ট আয়োজনের জন্য একটি 'স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর' বা আদর্শ কার্যপ্রণালী তৈরি করেছে এবং এই উদ্দেশ্যে ২২৪টি ঐতিহ্যবাহী স্থানের একটি তালিকা প্রকাশ করেছে।
* 'গ্রিনফিল্ড ভেন্যু ডেভেলপমেন্ট পলিসি' বিষয়ক একটি ধারণাপত্র প্রস্তুত করা হয়েছে এবং তা রাজ্য সরকার, ক্রীড়া কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শিল্পমহলের কাছে পাঠানো হয়েছে।
* দক্ষতা উন্নয়ন বিষয়ক একটি কমিটি গঠন করা হয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন, 'মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট স্কিলস কাউন্সিল' এবং 'ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন'-এর সহযোগিতায় 'লাইভ ইভেন্ট' বিষয়ক সার্টিফিকেট ও স্বল্পমেয়াদী কোর্স এবং ঐচ্ছিক মডিউল চালুর লক্ষ্যে প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে।
সফরকারী শিল্পী ও কলাকুশলীদের জন্য ভিসা ও এফআরআরও সংক্রান্ত সহায়তা, ক্রীড়া ও ঐতিহ্যবাহী স্থানগুলির ব্যবহার, সঙ্গীত লাইসেন্সিং প্রক্রিয়ার সরলীকরণ, রাত ১০টার পরেও অনুষ্ঠান আয়োজনের অনুমতি, কর ব্যবস্থা এবং অর্থের যোগানের সুযোগের মতো বেশ কিছু বিষয় এলইডিসি চিহ্নিত করেছে। এই বিষয়গুলি বিবেচনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলির কাছে তুলে ধরা হয়েছে।
এলইডিসি-র সুপারিশক্রমে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১৫ই জানুয়ারি ২০২৬-এ ঘোষিত 'ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট রেগুলেশনস, ২০২৬'-এর আওতায় পরিষেবা আমদানির ক্ষেত্রে ৫,০০,০০০ মার্কিন ডলার বা তার বেশি অগ্রিম অর্থপ্রদানের জন্য 'ব্যাঙ্ক গ্যারান্টি' জমা দেওয়ার আবশ্যিক শর্তটি তুলে নিয়েছে। এই বিধিনিয়ম ১লা অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে।
আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ এল. মুরুগান এই তথ্য জানিয়েছেন।
SC/SD/SB
(রিলিজ আইডি: 2291307)
ভিজিটরের কাউন্টার : 19
এই রিলিজটি পড়তে পারেন:
Tamil
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam