তথ্যওসম্প্রচারমন্ত্রক
সারা বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের জন্য ঋত্বিক ঘটকের ৮টি প্রবাদপ্রতিম চলচ্চিত্র 4K রেজোলিউশনে সংরক্ষণ করল এনএফডিসি-এনএফএআই
प्रविष्टि तिथि:
03 JUN 2026 12:52PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৩ জুন, ২০২৬
ভারতের সমৃদ্ধ চলচ্চিত্র ঐতিহ্যের সংরক্ষণ ও বিশ্বব্যাপী প্রচারের লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন ও ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া (এনএফডিসি-এনএফএআই) কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের সিনেমাগুলি 4K রেজোলিউশনে পুনরুদ্ধার করেছে। এই দূরদর্শী পরিচালকের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে, এনএফডিসি-এনএফএআই, ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে চলতি বছরের জুন মাস থেকে লন্ডনের বিএফআই সাউথব্যাঙ্কে একটি ঐতিহাসিক রেট্রোস্পেকটিভ উপস্থাপন করছে। এই প্রদর্শনীটি ঋত্বিক ঘটকের গল্প বলার অনন্য ধরণ এবং গভীর নান্দনিক দৃষ্টিভঙ্গির সঙ্গে আন্তর্জাতিক দর্শকদের পরিচয় করিয়ে দেবে।
ঋত্বিক ঘটকের চলচ্চিত্রগুলির এই পুনরুদ্ধার প্রকল্পটি জাতীয় চলচ্চিত্র ঐতিহ্যের অন্যতম প্রশংসনীয় কাজ। এই আন্তর্জাতিক সহযোগিতার প্রাতিষ্ঠানিক তাৎপর্য সম্পর্কে বলতে গিয়ে এনএফডিসি-র ব্যবস্থাপনা পরিচালক শ্রী প্রকাশ মাগদুম বলেন, শ্রী ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী উপলক্ষে লন্ডনে এই রেট্রোস্পেকটিভের জন্য বিএফআই-এর সঙ্গে সহযোগিতা করতে পেরে তাঁরা আনন্দিত। শ্রী ঘটকের প্রতিভা অনুভব করার এবং ভারতের আর্কাইভাল সাফল্যের মান বিশ্ব চলচ্চিত্র মহলের সামনে তুলে ধরার এ এক চমৎকার মঞ্চ।"
ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশন (এনএফএইচএম)-এর আওতায় এই বিশাল আর্কাইভাল সাফল্য এসেছে। এনএফডিসি-এনএফএআই কয়েক দশক ধরে যত্ন সহকারে বিভিন্ন মূল ফিল্ম উপাদান সংরক্ষণ করে রেখেছিল। সেইসঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য ফিল্ম আর্কাইভের অমূল্য সম্পদ ব্যবহার করে এই সূক্ষ্ম 4K পুনরুদ্ধারগুলি সম্পন্ন করা হয়েছে। কালার গ্রেডিং প্রক্রিয়াটি সরাসরি তত্ত্বাবধান করেছেন জাতীয় পুরস্কার বিজয়ী ভারতীয় চিত্রগ্রাহক শ্রী অভীক মুখোপাধ্যায়। তিনি বলেছেন, “আমি ঋত্বিক ঘটকের সিনেমাগুলির পুনরুদ্ধারের অংশ হতে পেরে সত্যিই গর্বিত এবং মুগ্ধ। ঋত্বিক ছিলেন জাতীয় ও আন্তর্জাতিক স্তরের এক মৌলিক চলচ্চিত্র নির্মাতা। একজন চিত্রগ্রাহক হিসাবে, এটি আমাকে তাঁর সুন্দর শিল্পকর্ম কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছে। এমন একটি শ্রমসাধ্য কিন্তু চমৎকার প্রচেষ্টার জন্য আমি পুরো দলকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
লন্ডনের এই রেট্রোস্পেকটিভটি ঋত্বিক ঘটকের ‘নাগরিক’, ‘অযান্ত্রিক’, ‘বাড়ি থেকে পালিয়ে’, ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’, ‘সুবর্ণরেখা’, ‘তিতাস একটি নদীর নাম’ এবং ‘যুক্তি তক্কো আর গপ্পো’-র মতো মাস্টারপিসগুলি 4K রেজোলিউশনে দেখার সুযোগ করে দেবে। । এছাড়া সেখানে ঋত্বিক ঘটকের বেশ কিছু তথ্যচিত্র ও অসম্পূর্ণ কাজও দেখানো হবে, যার মধ্যে রয়েছে ‘বিহার কে দর্শনীয় স্থান’, ‘মুসাফির’, ‘ভয়’, ‘মিলন’, ‘নাগরিক সংরক্ষণ’, ‘কালের বিজ্ঞানী’, ‘ইয়ে কিউ’, ‘মাই লেনিন’, ‘পুরুলিয়ার ছৌ’, ‘দুর্বার গতি পদ্মা’, ‘হীরের প্রজাপতি’, ‘ছিন্নমূল’, ‘রামকিঙ্কর বেইজ’, ‘রঙের গোলাম’, ‘বগলার বঙ্গ দর্শন’ প্রভৃতি।
এনএফডিসি-এনএফএআই এবং বিএফআই-এর মধ্যকার এই অংশীদারিত্ব ভারতের চলচ্চিত্র সম্পদকে বিশ্বমানে পুনরুদ্ধার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই শ্রেষ্ঠ শিল্পকর্মগুলি যাতে ভৌগোলিক সীমানা অতিক্রম করে বিশ্বজুড়ে দর্শকদের কাছে পৌঁছতে পারে, সেজন্য ভারত সরকার, জাতীয় চলচ্চিত্র ঐতিহ্য মিশনের অধীনে এই ধরনের ব্যাপক পুনরুদ্ধারমূলক ও প্রচারমূলক উদ্যোগকে যথাযথ সহায়তা করছে।
(এনএফডিসি–এনএফএআই) সম্পর্কে
ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন–ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া (এনএফডিসি–এনএফএআই)দেশের চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণ, নথিভুক্তিকরণ এবং প্রচারের জন্য নিবেদিত। এর লক্ষ্য হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং শৈল্পিক তাৎপর্যপূর্ণ চলচ্চিত্রগুলি খুঁজে বের করা, সংগ্রহ করা, সংরক্ষণ করা এবং পুনরুদ্ধার করা এবং এর পাশাপাশি বিশ্ব চলচ্চিত্রের একটি প্রতিনিধিত্বমূলক সংগ্রহ বজায় রাখা।
১৯৬৯ সাল থেকে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভস (এফআইএএফ)-এর সদস্য হিসেবে, এনএফডিসি–এনএফএআই ভারতের চলচ্চিত্র ইতিহাসের একটি প্রধান ভান্ডার হিসেবে কাজ করে। এর গবেষণা ও নথিভুক্তিকরণ বিভাগে চলচ্চিত্র-সম্পর্কিত উপকরণের এক বিশাল সংগ্রহ রয়েছে, যার মধ্যে ২ লক্ষেরও বেশি ছবি, ৪০,০০০ সিনেমার পোস্টার, ২৪,০০০ গানের পুস্তিকা এবং ২.২৮ লক্ষ সংবাদপত্রের কাটিং অন্তর্ভুক্ত। এগুলোর বেশিরভাগই সংরক্ষণ ও গবেষণার উদ্দেশ্যে ডিজিটাইজ করা হয়েছে।
জাতীয় চলচ্চিত্র ঐতিহ্য মিশন (NFHM) সম্পর্কে
চলচ্চিত্র সংরক্ষণের প্রচেষ্টায় গতির সঞ্চার করতে ভারত সরকার ২০১৫ সালে জাতীয় চলচ্চিত্র ঐতিহ্য মিশন (NFHM) চালু করে। এই মিশনের অধীনে, NFDC–NFAI ভারতের যুগান্তকারী চলচ্চিত্রগুলির 2K এবং 4K ডিজিটাইজেশন ও পুনরুদ্ধারের কাজ হাতে নেয়, ফিল্ম রিলের অবস্থা মূল্যায়ন করে, আর্কাইভাল ভল্ট তৈরি করে এবং প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করে।
এই উদ্যোগগুলির মাধ্যমে, NFDC–NFAI ভারতের সমৃদ্ধ চলচ্চিত্র ঐতিহ্যকে রক্ষা করতে এবং ধ্রুপদী চলচ্চিত্রগুলিকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
SC/SD/SKD
(रिलीज़ आईडी: 2268382)
आगंतुक पटल : 8