প্রকাশিত:
23 NOV 2026 1:00PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ নভেম্বর, ২০২৬
যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক, ‘মেরা যুব ভারত’-এর মাধ্যমে, সংবিধান দিবস উপলক্ষে ২০২৬ সালের ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ৩০টিরও বেশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৬০০টিরও বেশি জেলায়, ৫০০টিরও বেশি কলেজে ‘বিকশিত ভারত যুব সংবাদ’-এর আয়োজন করবে। দেশব্যাপী এই উদ্যোগের লক্ষ্য হল, ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ-তরুণীদের ভারতের উন্নয়ন যাত্রা, সাফল্য এবং ভবিষ্যতের আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত করা। একই সঙ্গে, ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার প্রক্রিয়ায় তাঁদের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে গড়ে তোলার জন্য অনুপ্রাণিত করা।
সংবিধান দিবসের মূল ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করবেন। এর মাধ্যমে তাঁরা সাংবিধানিক মূল্যবোধ এবং সংবিধানে নিহিত আদর্শগুলির প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন। এই কর্মসূচিটি তরুণদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা ও সচেতনতামূলক অধিবেশনের মাধ্যমে তাঁদের যুক্ত করার একটি জাতীয় মঞ্চ হিসেবে কাজ করবে। এটি তাঁদের ভারতের অগ্রগতি, নতুন নতুন সুযোগ এবং দেশের ভবিষ্যৎ গঠনে তাঁদের নিজেদের ভূমিকা নিয়ে চিন্তাভাবনা করতে উৎসাহিত করবে।
তৃণমূল পর্যায়ে এই লক্ষ্যকে অর্থবহ অংশগ্রহণে রূপান্তর করতে, বিশিষ্ট ‘ইয়ুথ আইকন’রা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে আয়োজিত অধিবেশনগুলি পরিচালনা করবেন। এই কার্যক্রমের একটি প্রধান অংশ হিসেবে, প্রত্যেক ‘ইয়ুথ আইকন’ ‘বিকশিত ভারত@2047’ বিষয়ের ওপর একটি বিশেষ উপস্থাপনা তুলে ধরবেন। এতে ভারতের উন্নয়ন যাত্রা, সাম্প্রতিক বছরগুলির সাফল্য এবং ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার আকাঙ্ক্ষা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হবে। এই উপস্থাপনায় দারিদ্র্য দূরীকরণ ও আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে ভারতের অগ্রগতির ওপর আলোকপাত করা হবে; যার মধ্যে থাকবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রার মান ও জীবিকার সুযোগ উন্নত করার প্রচেষ্টা। এছাড়া, নকশালবাদ মোকাবিলা, শান্তি পুনরুদ্ধার এবং আগে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে উন্নয়নের জন্য অনুকূল পরিবেশ তৈরির ক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতির বিষয়টিও এতে তুলে ধরা হবে। পাশাপাশি, একটি সুস্থ, ক্ষমতায়িত ও নেশামুক্ত সমাজ গড়ার গুরুত্বের ওপর জোর দেওয়া হবে। কীভাবে মাদকাসক্তি একজন ব্যক্তির সম্ভাবনা, পারিবারিক কল্যাণ, সামাজিক অগ্রগতি এবং জাতীয় উৎপাদনশীলতাকে ক্ষতিগ্রস্ত করে, এতে তা তুলে ধরা হবে। এই উপস্থাপনায় জোর দেওয়া হবে যে, ‘বিকশিত ভারত @2047’ - এর লক্ষ্য অর্জনের জন্য ‘নেশা মুক্ত ভারত’ গড়ে তোলা অপরিহার্য। এই রূপান্তরের প্রক্রিয়ায় যুবশক্তি এক নির্ণায়ক ভূমিকা পালন করবে।
এই মতবিনিময় পর্বটিকে আরও অর্থবহ করে তুলতে পদ্ম পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিরা শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন। তাঁরা তাঁদের জীবনের যাত্রাপথ, ব্যক্তিগত অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টি তুলে ধরবেন; আলোচনা করবেন কীভাবে তাঁরা বিভিন্ন প্রতিকূলতা জয় করেছেন, কী কী মাইলফলক অর্জন করেছেন এবং কোন মূল্যবোধগুলি তাঁদের পথচলায় দিকনির্দেশ দিয়েছে। এই আলাপচারিতা তরুণ অংশগ্রহণকারীদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে। এর মাধ্যমে তাঁরা বুঝতে পারবেন যে, দেশ গঠনে নিষ্ঠা, অধ্যবসায় ও অঙ্গীকারের গুরুত্ব কতটা।
এই উদ্যোগটি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সেই দূরদর্শী চিন্তার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা তিনি ২০২৩ সালের ১৫ আগস্ট লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে ভাষণে ব্যক্ত করেছিলেন। সেখানে তিনি ‘যুবশক্তি’কে ‘বিকশিত ভারত @ ২০৪৭’-এর লক্ষ্য পূরণে অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ‘অমৃত প্রজন্ম’কে দেশ গড়ার মূল চালিকাশক্তি হিসেবে স্বীকৃতি দিয়ে, এই কর্মসূচি যুবশক্তির উদ্যম ও নেতৃত্বকে জাতীয় লক্ষ্য অর্জনের পথে পরিচালিত করতে চায়।
‘বিকশিত ভারত @2047 - এর স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে ‘মাই ভারত’ পোর্টালটি (mybharat.gov.in) একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে নিবন্ধন ও কর্মসূচি-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে, যা আরও বেশি সংখ্যক তরুণ-তরুণীকে ‘মাই ভারত’ পরিমণ্ডলের সঙ্গে যুক্ত হতে সহায়তা করবে। প্রাতিষ্ঠানিক যোগাযোগ এবং ডিজিটাল সম্পৃক্ততার সমন্বয়ে এই উদ্যোগটি সারা দেশের তরুণদের অংশগ্রহণের সুযোগ প্রসারিত করবে এবং তাঁদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হতে উৎসাহিত করবে।
এই কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারী কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে একটি দীর্ঘস্থায়ী প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলা হবে। পরবর্তীতে এসব শিক্ষা প্রতিষ্ঠানে ‘মাই ভারত চ্যাপ্টার’ গঠন করা যেতে পারে, যা তরুণদের নিরন্তর সম্পৃক্ততা বজায় রাখতে, স্বেচ্ছাসেবামূলক মানসিকতাকে উৎসাহিত করতে এবং ভবিষ্যতের ‘মাই ভারত’ কর্মসূচিগুলি বাস্তবায়নে সহায়তা করবে। এটি সামাজিকভাবে দায়িত্বশীল ও অনুপ্রাণিত তরুণ নাগরিকের এমন এক নেটওয়ার্ক গড়ে তুলতে সাহায্য করবে, যাঁরা এই কর্মসূচির গণ্ডি পেরিয়েও অংশগ্রহণ, নেতৃত্ব ও সেবার চেতনাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
‘বিকশিত ভারত যুব সংবাদ’-এর মাধ্যমে, ‘মাই ভারত’ অমৃত প্রজন্মের শক্তি, ভাবনা ও সম্ভাবনাকে ‘বিকশিত ভারত @2047’ - এর জাতীয় লক্ষ্যের দিকে পরিচালিত করতে চায়। একটি উন্নত দেশে পরিণত হওয়ার ভারতের যাত্রাপথটি অন্তর্ভুক্তিমূলক অগ্রগতি, সামাজিক রূপান্তর, শান্তি ও নিরাপত্তা এবং নাগরিকদের ক্ষমতায়নের ওপর প্রতিষ্ঠিত। মাদকমুক্ত ভারত কেবল একটি সামাজিক আকাঙ্ক্ষাই নয়, বরং এটি একটি জাতীয় আবশ্যিকতা, যার জন্য প্রতিটি তরুণ নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। ‘বিকশিত ভারতের জন্য মাদকমুক্ত যুবসমাজ’ এই বার্তার মাধ্যমে এই কর্মসূচির লক্ষ্য হল, সচেতনতাকে কাজে রূপান্তর করা, আলোচনাকে দৃঢ় সংকল্পে পরিণত করা এবং যুব অংশগ্রহণকে পরিবর্তনের লক্ষ্যে একটি দেশব্যাপী আন্দোলনের রূপ দেওয়া।
এই সংবিধান দিবসে, ‘মাই ভারত’ ভারতের তরুণদের আহ্বান জানাচ্ছে, তাঁরা যেন একত্রিত হয়ে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন, সংবিধানে নিহিত আদর্শগুলির প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং একটি স্বাস্থ্যকর, শক্তিশালী ও মাদকমুক্ত ভারতের পক্ষে কণ্ঠস্বর জোরালো করেন। ‘বিকশিত ভারত @2047’-এর দিকে যাত্রাপথটি কেবল আমাদের তরুণদের আকাঙ্ক্ষার মাধ্যমেই নয়, বরং আজ তাঁরা যে সিদ্ধান্ত গ্রহণ করছেন এবং যে পদক্ষেপ নিচ্ছেন, তার মাধ্যমেই গড়ে উঠবে।
নিবন্ধন করতে, কর্মসূচির সর্বশেষ আপডেট পেতে এবং ‘মাই ভারত’-এর বিভিন্ন উদ্যোগে যুক্ত হওয়ার সুযোগ সম্পর্কে জানতে নীচের লিঙ্কটি দেখুন:
http:// www.mybharat.gov.in
SC/MP/SB