57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

৫৭তম IFFI-তে অংশগ্রহণ করলেন ‘New Home’ ছবির পরিচালক নিকিতা গ্রুশিন

প্রকাশিত: 22 NOV 2026 2:14PMby PIB Kolkataরিলিজ আইডি: 2339982Views: 16

গোয়া, ২২ নভেম্বর ২০২৬

 

দীর্ঘদিন কারাগারে কাটানোর পর সমাজে ফিরে আসা মানুষদের জীবনের পুনর্গঠন এবং অতীতের বোঝা কাটিয়ে ওঠার সংগ্রাম প্রায়শই উপেক্ষিত থেকে যায়। ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারত (IFFI)-এর গোয়ায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রুশ চলচ্চিত্র পরিচালক নিকিতা গ্রুশিন তাঁর পরিচালিত *New Home* চলচ্চিত্র প্রসঙ্গে এই কথা বলেন। ১০১ মিনিটের রুশ ভাষার এই চলচ্চিত্রটি IFFI ২০২৬-এ বিশ্ব প্রিমিয়ার করছে এবং উৎসবে পার্টনার কান্ট্রি হিসেবে রাশিয়াকে কেন্দ্র করে আয়োজিত বিশেষ প্রদর্শনী বিভাগের অন্তর্ভুক্ত।

 

চলচ্চিত্রের অনুপ্রেরণা সম্পর্কে বলতে গিয়ে মি. গ্রুশিন জানান, দীর্ঘদিন কারাবাসের পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া মানুষের সঙ্গে তাঁর কথোপকথন তাঁকে সমাজে পুনরায় অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে তাঁদের নানা সমস্যার বিষয়ে সচেতন করে তোলে। তিনি অনুভব করেন, এই অভিজ্ঞতাগুলি যথেষ্ট গুরুত্ব পায় না। তাই আন্তর্জাতিকভাবে প্রদর্শিত তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে তাঁদের গল্প বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দিতে চেয়েছেন। ছবিটিতে কারাবাসের পর নতুন করে জীবন গড়ে তোলা এবং জীবনের অর্থ খুঁজে পাওয়ার চেষ্টায় থাকা নারী ও পুরুষ উভয়ের সংগ্রাম তুলে ধরা হয়েছে।

 

মি. গ্রুশিনের লেখা ও পরিচালনায় *New Home* (Novyy Dom) চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র আন্না। সাত বছর কারাবাসের পর মুক্তি পেয়ে অর্থ, পরিবার কিংবা জীবনের কোনও সুস্পষ্ট দিশা ছাড়াই সে বাইরে আসে। সামাজিক পরিষেবার সহায়তায় আন্না কাজ, বাসস্থান এবং একটি সহায়ক গোষ্ঠীর সন্ধান পায়, যেখানে তার পরিচয় হয় রোমানের সঙ্গে। রোমানের সহায়তায় ধীরে ধীরে জীবন পুনর্গঠনের চেষ্টা করলেও, ভবিষ্যৎ নির্ধারণকারী এক কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে আন্নাকে তার অতীত এবং অন্তর্দ্বন্দ্বের মুখোমুখি হতে হয়। চলচ্চিত্রটি অপরাধবোধ, ক্ষমা, পুনর্বাসন এবং জীবনে দ্বিতীয় সুযোগ পাওয়ার সম্ভাবনার মতো বিষয় তুলে ধরে।

 

কেন্দ্রীয় চরিত্রটির বিকাশ সম্পর্কে পরিচালক স্পষ্ট করেন যে, আন্নার চরিত্রটি কোনও নির্দিষ্ট ব্যক্তিকে অনুসরণ করে নির্মিত হয়নি। বরং একই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া এবং নতুন করে জীবন গড়ার চেষ্টা করা একাধিক মানুষের সঙ্গে কথোপকথন থেকে তিনি অনুপ্রেরণা পেয়েছেন। বাস্তব জীবনের এই অভিজ্ঞতাগুলিই ছবির কাহিনির ভিত্তি হয়ে ওঠে, যা তিনি নিজের লেখনী ও সৃজনশীল ব্যাখ্যার মাধ্যমে বিকশিত করেছেন।

 

চলচ্চিত্রের মূল বার্তা প্রসঙ্গে পরিচালক বলেন, কারাগার থেকে মুক্তি পাওয়া মানুষের সমস্যাগুলি কোনও একটি দেশ বা সমাজের মধ্যে সীমাবদ্ধ নয়। সাজা সম্পূর্ণ করার পরও অনেকেই গভীর অপরাধবোধ বহন করেন, যা তাঁদের সিদ্ধান্তকে প্রভাবিত করে এবং সামনে এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে। আন্নার যাত্রার মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন, কীভাবে মানুষ এই মানসিক বোঝার মুখোমুখি হয় এবং নতুন করে জীবন শুরু করার সাহস খুঁজে পায়।

 

সাংবাদিক সম্মেলনে পরিচালকের সঙ্গে উপস্থিত চিত্রগ্রাহক একাতেরিনা স্মোলিনা তাঁদের সৃজনশীল অংশীদারিত্বের কথা তুলে ধরেন। চলচ্চিত্র শিক্ষার সময় থেকে তাঁদের পরিচয়ের কথা স্মরণ করে তিনি জানান, এর আগে তাঁরা একসঙ্গে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন। দীর্ঘদিনের বন্ধুত্ব এবং একে অপরের কাজের ধরন সম্পর্কে পরিচিতি শুটিংয়ের সময় স্বাভাবিক বোঝাপড়া তৈরি করতে সাহায্য করেছে, ফলে তাঁদের সৃজনশীল কাজের প্রক্রিয়া ছিল স্বচ্ছন্দ ও আনন্দদায়ক।

 

চিত্রগ্রহণের ক্ষেত্রে নারীদের চ্যালেঞ্জ সম্পর্কে প্রশ্নের উত্তরে মিস স্মোলিনা জানান, শুরুতে তিনিও ভয় ও অনিশ্চয়তার সম্মুখীন হয়েছিলেন। তবে ধীরে ধীরে সেই আশঙ্কা কাটিয়ে উঠেছেন। তিনি আগ্রহী নারী চিত্রগ্রাহকদের আত্মবিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে পেশাটিকে গ্রহণ করার পরামর্শ দেন এবং প্রাথমিক ভয়কে তাঁদের এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে না দেওয়ার আহ্বান জানান।

 

ভারতীয় ও রুশ চলচ্চিত্রের মধ্যে আরও সহযোগিতার সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে মি. গ্রুশিন দুই দেশের দীর্ঘদিনের চলচ্চিত্র সম্পর্কের কথা স্মরণ করেন। তাঁর মতে, সোভিয়েত ইউনিয়নে ভারতীয় চলচ্চিত্র বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল এবং এখনও রুশ দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে রয়েছে।

 

ভারত-রাশিয়া চলচ্চিত্র সহযোগিতার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করে মি. গ্রুশিন বলেন, এই সহযোগিতা কেবল আর্থিক বিনিয়োগ বা প্রযুক্তিগত বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। দুই দেশের মানুষের পারস্পরিক সম্পর্ক ও সংযোগ তুলে ধরা গল্প এবং সাংস্কৃতিক আদান-প্রদান আরও অর্থবহ সৃজনশীল অংশীদারিত্বের ভিত্তি তৈরি করতে পারে।

 

আন্নার যাত্রার মধ্য দিয়ে *New Home* এমন এক মানবিক অভিজ্ঞতাকে তুলে ধরে, যা জাতীয় ও সাংস্কৃতিক সীমানা অতিক্রম করে—মর্যাদা, গ্রহণযোগ্যতা এবং নতুন করে শুরু করার সুযোগের সন্ধান। IFFI ২০২৬-এর *‘Stories Without Borders’* বা ‘সীমানাহীন গল্প’-এর ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে চলচ্চিত্রটি বিভিন্ন বাস্তবতার মধ্যে সেতুবন্ধন তৈরি করা, সহমর্মিতা জাগানো এবং অভিন্ন মানবিক অভিজ্ঞতার মাধ্যমে দর্শকদের সংযুক্ত করার ক্ষেত্রে সিনেমার শক্তিকে তুলে ধরে। উৎসবে রাশিয়ার পার্টনার কান্ট্রি প্রদর্শনীর অংশ হিসেবে ছবিটির উপস্থাপন আন্তর্জাতিক সাংস্কৃতিক বোঝাপড়া বৃদ্ধি এবং ভারত ও বিশ্বের মধ্যে সৃজনশীল আদান-প্রদানকে উৎসাহিত করার ক্ষেত্রে চলচ্চিত্র উৎসবের ভূমিকারও প্রতিফলন।

 

সাংবাদিক সম্মেলনটি পরিচালনা করেন শ্রী কিরণ মুরলি।

 

IFFILOID পড়ুন:

https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1&reg=48

 

*****************

 

 

SC/PK...


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2339982
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026