গোয়া ১৯ নভেম্বর, ২০২৬
সৃজনশীল সিনেমার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বাজারে ভারতীয় ছবির বাণিজ্যিক সম্ভাবনাকে তুলে ধরার লক্ষ্যে ২০০৭-এ ওয়েভস ফিল্ম বাজারের যাত্রা শুরু হয়েছিল। যোগ দিয়েছিলেন ১৮টি দেশের ২০৪ জন প্রতিনিধি। ২০০৫-এ এই ফিল্ম বাজারে যোগ দেন ৪০টির বেশি দেশের ২,৫০০-র বেশি প্রতিনিধি। এই বছর এই বাজারের ২০-তম বর্ষপূর্তি। যৌথ প্রযোজনা, অর্থলগ্নি, বন্টন এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে বিশ্বজুড়ে ভারতীয় ছবির বাজার তৈরি করার লক্ষ্যে ওয়েভস গঠন করা হয়েছিল। এর ভাবনা হল, ‘ভারতে সৃষ্টি, বিশ্বের জন্য সৃষ্টি।’
গোয়ায় ২০ নভেম্বর ২০তম ওয়েভস ফিল্ম বাজারের সূচনা হবে। এর উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী চঞ্চল কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উৎসবের ডিরেক্টর শ্রী আশুতোষ গোয়ারিকর। গত দু'দশক ধরে চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, বিনিয়োগকারী এবং ডিস্ট্রিবিউটরদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় গড়ে তোলার কাজ করে আসছে ফিল্ম বাজার।
গত বছরের ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত গোয়ায় অনুষ্ঠিত ৫৬-তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৩২০ টির বেশি প্রকল্প তুলে ধরা হয় এবং ১২০০টির বেশি ওয়ান- টু-ওয়ান ব্যবসায়িক বৈঠক হয়। প্রায় ১০৫০ কোটি টাকার লগ্নি নিয়ে ব্যবসায়িক আলোচনা হয়।
রিপোর্ট অনুযায়ী, অক্টোবর ২০২৬ পর্যন্ত ওয়েভস বাজারে ১২,৫০০-র বেশি সক্রিয় ব্যবহারকারী ছিলেন, যার মধ্যে ৫০০০-এর বেশি ক্রেতা এবং প্রায় ৬০০০ বিক্রেতা ছিলেন। অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ইতালি, জার্মানি, কানাডা, ফ্রান্স এবং স্পেনের মতো দেশগুলিতে এর আন্তর্জাতিক ব্যাপ্তি ভারতীয় সৃজনশীল উদ্যোগগুলির জন্য সুযোগের ক্ষেত্র আরও প্রসারিত করেছে।
এই উদ্যোগগুলি ভারতীয় সৃজনশীলতাকে ‘কারুশিল্প থেকে বাণিজ্যে’ নিয়ে যাওয়ার এক বৃহত্তর প্রয়াসের প্রতিফলন, যা বিষয়বস্তু নির্মাণ, মেধাস্বত্ব এবং সৃজনশীল শিল্পের জন্য একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে ভারতের অবস্থানকে মজবুত করবে।
SC / MP /AG