প্রকাশিত:
12 NOV 2026 8:40PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ নভেম্বর, ২০২৬
যক্ষ্মা নির্মূলের লড়াইয়ে ভারত একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। ২০১৫ সালের তুলনায় ভারতে যক্ষ্মাজনিত মৃত্যুহার ৩৮% হ্রাস পেয়েছে (বিশ্বব্যাপী এই হ্রাসের হার ৩৫%)। পাশাপাশি, সাধারণ যক্ষ্মায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে চিকিৎসায় সাফল্যের হার দাঁড়িয়েছে ৯৪%। ১২ নভেম্বর ২০২৬-এ প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘গ্লোবাল টিউবারকিউলোসিস রিপোর্ট ২০২৬’-এ এই সাফল্যের কথা উল্লেখ করা হয়েছে। এটি প্রমাণ করে যে, দ্রুত রোগ নির্ণয়, সঠিক সময়ে চিকিৎসা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং রোগীদের সামগ্রিক পরিচর্যার মাধ্যমে ভারত যক্ষ্মা নির্মূলের পথে ধারাবাহিক সাফল্য অর্জন করেছে।
‘জাতীয় যক্ষ্মা নির্মূলীকরণ কর্মসূচি’র আওতায় গৃহীত বিভিন্ন জোরালো পদক্ষেপের ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে। এর মধ্যে রয়েছে – সক্রিয়ভাবে রোগী শনাক্তকরণ (যার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত এক্স-রে ব্যবহার অন্তর্ভুক্ত), দ্রুত রোগ নির্ণয়, অবিলম্বে চিকিৎসা শুরু করা, রোগীদের প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন চিকিৎসা পদ্ধতি গ্রহণ এবং ‘নি-ক্ষয় পোষণ যোজনা’ ও ‘নি-ক্ষয় মিত্র’ উদ্যোগের মাধ্যমে পুষ্টি সহায়তা প্রদান।
চিকিৎসায় ৯৪% সাফল্যের হার ভারতের ‘রোগী-কেন্দ্রিক’ দৃষ্টিভঙ্গি, উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান ব্যবস্থা এবং যক্ষ্মায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি নিরবচ্ছিন্ন সহায়তার কার্যকারিতাকেই তুলে ধরছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারতে যক্ষ্মা বিরোধী লড়াই একটি দেশব্যাপী ‘জন আন্দোলনে’ পরিণত হয়েছে। ‘যক্ষ্মামুক্ত ভারত’ গড়ার লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা পেশাজীবী, বিভিন্ন সম্প্রদায় এবং সাধারণ নাগরিকরা আজ ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রীর ‘জন অংশীদারিত্ব’-এর উপর জোর দেওয়ার ফলে ‘যক্ষ্মামুক্ত ভারত অভিযান’ আরও গতি পেয়েছে। এর মাধ্যমে কমিউনিটি-ভিত্তিক স্ক্রিনিং, এআই-চালিত বুকের এক্স-রে, দ্রুত মলিকিউলার ডায়াগনস্টিকস, যক্ষ্মা প্রতিরোধমূলক চিকিৎসা এবং পুষ্টি সহায়তা প্রদানের মতো জরুরি পরিষেবাগুলি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর আরও কাছাকাছি পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
ভারতের এই অঙ্গীকারের আরেকটি বড় প্রমাণ হল, যক্ষ্মা নির্মূল কর্মসূচির জন্য প্রয়োজনীয় তহবিলের ৯৬% এসেছে অভ্যন্তরীণ উৎস থেকে।
‘টিবি মুক্ত ভারত অভিযান’: ২৫ কোটিরও বেশি মানুষকে নিবিড় স্ক্রিনিংয়ের আওতায় আনা হয়েছে
‘টিবি মুক্ত ভারত অভিযান’ ভারতে যক্ষ্মা নির্মূলের প্রয়াসকে ত্বরান্বিত করার ক্ষেত্রে একটি প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে।
২০২৪ সালের ৭ ডিসেম্বর ৩৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩৪৭টি অগ্রাধিকারপ্রাপ্ত জেলায় প্রথম ১০০ দিনের নিবিড় অভিযান শুরু হয়। পরবর্তীকালে বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত জনগোষ্ঠীর মধ্যে রোগটি দ্রুত শনাক্ত করার লক্ষ্যে এই কর্মসূচি সারা দেশে সম্প্রসারিত করা হয়। আগের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে এবং অর্জিত গতি বজায় রেখে ২০২৬ সালের ২৪ মার্চ সরকার আরও একটি ১০০ দিনের নিবিড় অভিযান শুরু করে। এই পর্যায়ে ১.৫৮ লক্ষ ঝুঁকিপূর্ণ গ্রাম ও ওয়ার্ড, জনবহুল স্থান এবং অরক্ষিত জনগোষ্ঠীর ওপর বিশেষ গুরুত্ব দিয়ে যক্ষ্মা স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হয়।
২০২৪ সালের ৭ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৮ নভেম্বর পর্যন্ত এই অভিযানের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি:
২৫ কোটিরও বেশি মানুষকে শনাক্ত করে যক্ষ্মা স্ক্রিনিং কার্যক্রমের আওতায় আনা হয়েছে।
রোগ দ্রুত শনাক্তকরণের সুবিধার্থে ১১ কোটিরও বেশি বুকের এক্স-রে করা হয়েছে।
দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয়ের জন্য ৩ কোটিরও বেশি ‘নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট’ সম্পন্ন হয়েছে।
৪৮.৬৪ লক্ষ নতুন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ১৪.৯৭ লক্ষ রোগী ছিলেন উপসর্গহীন।
প্রায় ১৫ লক্ষ উপসর্গহীন রোগী শনাক্ত হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি প্রমাণ করে যে, সক্রিয় স্ক্রিনিংয়ের মাধ্যমে এমন ব্যক্তিদের খুঁজে বার করা সম্ভব, যাঁরা অন্যথায় রোগ নির্ণয়ের বাইরেই থেকে যেতেন। রোগ দ্রুত শনাক্ত হলে সময়মতো চিকিৎসা শুরু করা যায়, যা যক্ষ্মার সংক্রমণ কমাতে এবং রোগের ভয়াবহতা রোধ করতে সহায়তা করে।
এই অভিযানের আওতায় দ্রুত চিকিৎসা শুরু করা, রোগীদের জন্য বিশেষায়িত সেবা প্রদান, পুষ্টি সহায়তা এবং কমিউনিটি-ভিত্তিক ধারাবাহিক সমর্থন প্রদানের ওপর জোর দেওয়া হয়েছে, যাতে চিকিৎসার ফলাফল আরও ভালো হয়। এইসব উদ্যোগের ফলে ২০২৫ সালে ৬৭,৯৩৩টি পঞ্চায়েতকে 'যক্ষ্মামুক্ত' বলে ঘোষণা করা হয়েছে।
প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে যক্ষ্মা নির্ণয় ও সেবার রূপান্তর
যক্ষ্মা শনাক্তকরণ ও নির্ণয় প্রক্রিয়াকে আরও দ্রুত, নির্ভুল এবং সহজলভ্য করে তোলার লক্ষ্যে উন্নত প্রযুক্তির ব্যবহার ক্রমাগত বাড়িয়ে চলেছে ভারত।
'নি-ক্ষয়' ডিজিটাল প্ল্যাটফর্মটি রোগীদের শনাক্তকরণ, চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ এবং সামগ্রিক কর্মসূচি ব্যবস্থাপনায় সহায়তা করছে, যা চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতে ও সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সাহায্য করে।
পুষ্টি সহায়তা ভারতের যক্ষ্মা মোকাবিলা কার্যক্রমের একটি অন্যতম প্রধান স্তম্ভ। 'নি-ক্ষয় পোষণ যোজনা'-র মাধ্যমে রোগীরা চিকিৎসার সময় পুষ্টির চাহিদা পূরণের জন্য আর্থিক সহায়তা পেয়ে থাকেন। এছাড়া, 'নি-ক্ষয় মিত্র' উদ্যোগের আওতায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে একত্রিত করা হয়েছে, যারা রোগীদের পুষ্টিগত ও মনস্তাত্ত্বিক-সামাজিক সহায়তা প্রদান করে থাকে।
এই উদ্যোগগুলি উন্নত রোগ নির্ণয় ব্যবস্থা এবং রোগীদের নিয়মিত ফলো-আপের সাথে যুক্ত হয়ে, চিকিৎসার ফলাফলকে আরও কার্যকর করে তুলছে এবং যক্ষ্মাজনিত মৃত্যুর হার কমাতে সাহায্য করছে।
সুদৃঢ় বৈজ্ঞানিক নজরদারি ও তথ্য-প্রমাণের ভিত্তিতে ভারতে যক্ষ্মা মোকাবিলায় অগ্রগতি
বিশ্ব স্বাস্থ্য সংস্থার 'গ্লোবাল টিউবারকিউলোসিস রিপোর্ট ২০২৬'-এ যক্ষ্মাজনিত মৃত্যুর হার আরও নির্ভুলভাবে নির্ণয়ের জন্য বিভিন্ন নির্ভরযোগ্য উৎস থেকে প্রাপ্ত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে, ভারতের রেজিস্ট্রার জেনারেলের 'স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম', কমিউনিটি-ভিত্তিক 'ভারবাল অটোপসি' মূল্যায়ন এবং 'নি-ক্ষয়' পোর্টাল থেকে প্রাপ্ত কর্মসূচি সংক্রান্ত তথ্য।
এই মূল্যায়নের ভিত্তিতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ভারতে যক্ষ্মাজনিত মৃত্যুর হার ৩৮% হ্রাস পেয়েছে – ২০১৫ সালে প্রতি লাখে মৃত্যুর হার ছিল ২৮ জন, যা ২০২৫ সালে কমে দাঁড়িয়েছে প্রতি লাখে ১৮ জনে।
জনঅংশীদারিত্ব: যক্ষ্মা নির্মূলকে গণ আন্দোলনে রূপান্তর
ভারতের যক্ষ্মা নির্মূল প্রয়াসের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হ’ল – এই জাতীয় অভিযানে বিভিন্ন সম্প্রদায় ও প্রতিষ্ঠানকে সক্রিয় অংশীদার হিসেবে যুক্ত করা।
পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান, নগর স্থানীয় সংস্থা, নির্বাচিত জনপ্রতিনিধি, সুশীল সমাজের সংগঠন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী, কর্পোরেট অংশীদার এবং স্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ তৃণমূল স্তরে সচেতনতা বৃদ্ধি, রোগ নির্ণয় (স্ক্রিনিং), পুষ্টিগত সহায়তা এবং রোগীদের সহায়তার ক্ষেত্রটিকে আরও শক্তিশালী করেছে।
‘নি-ক্ষয় মিত্র’ উদ্যোগটি সাধারণ নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠানকে যক্ষ্মায় আক্রান্ত ব্যক্তিদের সুস্থ হয়ে ওঠা ও কল্যাণে সরাসরি অবদান রাখতে উৎসাহিত করেছে, যা সম্মিলিত দায়িত্ববোধের চেতনাকে আরও সুদৃঢ় করেছে।
‘যক্ষ্মামুক্ত ভারত অভিযান’-এর আওতায় যক্ষ্মাজনিত মৃত্যুহার ৩৮% হ্রাস পাওয়া, চিকিৎসার সাফল্যের হার ৯৪%-এ পৌঁছনো এবং নজিরবিহীন মাত্রায় রোগ নির্ণয় (স্ক্রিনিং) কর্মসূচি – এসবই ভারতের যক্ষ্মা নির্মূল যাত্রায় গুরুত্বপূর্ণ অগ্রগতি নির্দেশ করছে।
সরকার এই সাফল্যগুলিকে আরও এগিয়ে নিতে বদ্ধপরিকর। এর জন্য জোরদার স্ক্রিনিং, উন্নত রোগ নির্ণয় ব্যবস্থার প্রসার, দ্রুত ও ফলপ্রসূ চিকিৎসা প্রদান, যক্ষ্মা প্রতিরোধমূলক চিকিৎসা, পুষ্টিগত সহায়তা এবং স্থানীয় জনগোষ্ঠীর সাথে আরও গভীর সম্পৃক্ততা বজায় রাখা হবে।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বিশ্বব্যাপী যক্ষ্মা নির্মূলের লক্ষ্য অর্জনে এবং ‘যক্ষ্মামুক্ত ভারত’-এর স্বপ্ন বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। এই লক্ষ্যে ভারত বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ, উন্নয়ন সহযোগী সংস্থা এবং স্থানীয় সম্প্রদায়ের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
যক্ষ্মা হারবে, দেশ জিতবে!
SC/MP/SB