স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

জিএলওএফ এবং তুষার ধসের জন্য হিমালয় সন্নিহিত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রস্তুতি পর্যালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব

প্রকাশিত: 03 SEP 2026 2:17PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৩ সেপ্টেম্বর, ২০২৬

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব শ্রী গোবিন্দ মোহন আজ নতুন দিল্লিতে একটি বৈঠকে পৌরোহিত্য করলেন এবং গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড (জিএলওএফ) এবং তুষার ধসে ঝুঁকির মোকাবিলায় হিমালয় অঞ্চলের রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রস্তুতি পর্যালোচনা করলেন। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব ও রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রক, জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কেন্দ্রীয় জল কমিশন, ভারত আবহাওয়া দপ্তর এবং ডিফেন্স জিওইনফরমেটিক্স রিসার্চ এসট্যাব্লিশমেন্ট (ডিজিআরই)-র শীর্ষ স্থানীয় আধিকারিকরা। 

হিমালয় অঞ্চলে জিএলওএফ-এর ঝুঁকি যেভাবে বেড়ে যাচ্ছে তার পর্যালোচনা করা হয়। বিশেষ করে জোর দেওয়া হয় আগাম সতর্কতা ব্যবস্থা, হিমবাহ থেকে সৃষ্ট হ্রদ ও যেসব তুষারাচ্ছাদিত এলাকাগুলি সঙ্কটে তার তদারকি, যেসমস্ত জায়গাগুলি বেশি ঝুঁকিপ্রবণ সেগুলির চিহ্নিতকরণ, সময়মতো সতর্কবার্তা প্রদান, উদ্ধার কাজের প্রস্তুতি এবং মোকাবিলা ব্যবস্থাকে শক্তিশালী করার উপর। 

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলি তাদের নিজের নিজের প্রস্তুতি ব্যবস্থা, মোকাবিলার রণকৌশল ইত্যাদি জানায়। বিশেষ বিশেষ রাজ্য ভিত্তিক ঝুঁকি এবং প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা এবং স্থানীয় স্তরে পরিকল্পনাকে সঠিকভাবে রূপায়ণ নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব নিয়মিত তদারকির উপর জোর দেন। হিমবাহ থেকে সৃষ্ট হ্রদ এবং তুষারধস-প্রবণ এলাকাগুলিতে ঝুঁকির মোকাবিলায় রাজ্য সংস্থা, জেলা প্রশাসন এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলির মধ্যে নিবিড় সমন্বয় রাখার পরামর্শ দেওয়া হয়, যাতে সতর্কবার্তা পাওয়া মাত্র কার্যকরী ব্যবস্থা নেওয়া যায়। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব বলেন, জিএলওএফ এবং তুষার ধসের জন্য প্রস্তুত থাকার চেয়েও বড় কথা, কীভাবে মোকাবিলা করা হবে, সতর্কবার্তার পর কীভাবে পরিকল্পনা করা হবে, প্রতিরোধমূলক কী কী ব্যবস্থা নেওয়া যায় এবং স্থানীয় মানুষকেও কীভাবে প্রস্তুত রাখতে হবে সেই নিয়ে ভাবতে হবে। রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে নিয়মিত প্রস্তুতি পরিকল্পনা পর্যালোচনা করতে, আগাম সতর্কতা এবং উদ্ধার কর্ম ব্যবস্থার মধ্যে ফাঁক চিহ্নিত করতে এবং অনেক আগেই প্রয়োজনীয় সংশোধন করতে। তিনি জিএলওএফ মোকাবিলায় অনুমোদিত প্রকল্পগুলি দ্রুত সম্পন্ন করতে বলেন রাজ্যগুলিকে। 

আন্তঃসংস্থা সমন্বয়, নিয়মিত ঝুঁকি সংক্রান্ত তথ্য বিনিময় এবং আগাম সতর্কতা ব্যবস্থা ও মোকাবিলা ব্যবস্থাকে জোরদার করার নির্দেশ দেওয়া হয়, যাতে ঝুঁকিপ্রবণ হিমালয় অঞ্চলে জীবন এবং সম্পত্তিহানি কম ঘটে। 

 

 

SC/AP/SKD


(রিলিজ আইডি: 2306365) ভিজিটরের কাউন্টার : 7