স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব হিমালয়-সংলগ্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির GLOF ও তুষারধস মোকাবিলায় প্রস্তুতি পর্যালোচনা করলেন

পোস্ট করার দিনক্ষণ: 03 SEP 2026 2:17PM by PIB Agartala

নয়াদিল্লী, ৩ সেপ্টেম্বর ২০২৬: কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব শ্রী গোবিন্দ মোহনের সভাপতিত্বে আজ নয়াদিল্লিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হিমালয়-সংলগ্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে হিমবাহ হ্রদ বিস্ফোরণজনিত বন্যা (GLOF) এবং তুষারধসের ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি পর্যালোচনা করা হয়। বৈঠকে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ ও জম্মু ও কাশ্মীরের মুখ্যসচিব এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ, কেন্দ্রীয় জল কমিশন, ভারতীয় আবহাওয়া দপ্তর এবং ডিফেন্স জিওইনফরমেটিক্স রিসার্চ এস্টাব্লিশমেন্ট-এর পদস্থ আধিকারিকরা বৈঠকে অংশ নেন।

বৈঠকে হিমালয় অঞ্চলে GLOF-এর ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় আগাম সতর্কতা ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদ ও তুষারাবৃত এলাকার নিয়মিত নজরদারি, উচ্চঝুঁকিপূর্ণ স্থান ও সম্ভাব্য জলপ্রবাহের পথ চিহ্নিতকরণ, সময়মতো সতর্কবার্তা পৌঁছে দেওয়া, জরুরি সরিয়ে নেওয়ার প্রস্তুতি এবং বিপর্যয় মোকাবিলার ব্যবস্থা আরও শক্তিশালী করার উপর।

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার প্রস্তুতি ও বিপর্যয় মোকাবিলার কৌশল তুলে ধরা হয়। এর মধ্যে ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদগুলির নজরদারি, আগাম সতর্কতা ব্যবস্থা শক্তিশালী করা, সতর্কবার্তা দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা উন্নত করা, সম্ভাব্য জলপ্রবাহের পথের পরিকল্পনা, স্থানীয় সম্প্রদায়কে প্রস্তুত করা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি মোকাবিলা সংক্রান্ত সম্পদ মোতায়েনের মতো পদক্ষেপগুলি অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নির্দিষ্ট ঝুঁকি এবং প্রস্তুতিমূলক ব্যবস্থাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা ও স্থানীয় স্তরে বিপর্যয় মোকাবিলার পদক্ষেপগুলি যাতে বাস্তব ও কার্যকর উদ্যোগে পরিণত হয়, তার উপর বিশেষ জোর দেওয়া হয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদ এবং তুষারধসপ্রবণ এলাকায় ধারাবাহিক ও আগাম সতর্কতামূলক নজরদারির প্রয়োজনীয়তার উপর জোর দেন, বিশেষ করে যখন বিপদের মাত্রা বেড়ে যায়। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে রাজ্যস্তরের বিভিন্ন সংস্থা, জেলা প্রশাসন এবং বৈজ্ঞানিক ও কারিগরি প্রতিষ্ঠানগুলির মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার পরামর্শ দেওয়া হয়, যাতে কোনও সতর্কবার্তা জারি হলে তা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জোর দিয়ে বলেন, GLOF ও তুষারধস মোকাবিলায় প্রস্তুতি শুধুমাত্র বিপর্যয় পরবর্তী প্রতিক্রিয়ামূলক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না রেখে ঝুঁকি-ভিত্তিক পরিকল্পনা, প্রতিরোধমূলক পদক্ষেপ এবং স্থানীয় স্তরে জনসাধারণের প্রস্তুতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নিয়মিতভাবে তাদের প্রস্তুতি পরিকল্পনা পর্যালোচনা, আগাম সতর্কতা ও মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থায় থাকা ঘাটতিগুলি চিহ্নিত এবং চরম বিপর্যয় ঘটার আগেই প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

তিনি আরও বলেন, ২০২৪ সালে কেন্দ্রীয় সরকারের অনুমোদিত রাজ্যগুলির GLOF মোকাবিলার প্রকল্পগুলির বাস্তবায়নে অগ্রগতি আরও ত্বরান্বিত করতে হবে। জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে বিভিন্ন সংস্থার মধ্যে ধারাবাহিক সমন্বয়, ঝুঁকি সংক্রান্ত তথ্য নিয়মিত আদান-প্রদান এবং আগাম সতর্কতা ও বিপর্যয় মোকাবিলা ব্যবস্থা আরও শক্তিশালী করার নির্দেশ দিয়ে বৈঠক শেষ হয়।

*****

PS/SG


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2306311) ভিজিটরদের কাউন্টার : 5
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , Nepali , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Kannada