উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

উপরাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণণ থিরুভারুর-এ তামিলনাড়ু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তনে যোগ দিলেন

प्रविष्टि तिथि: 17 AUG 2026 1:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ আগস্ট, ২০২৬


উপরাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণণ থিরুভারুর-এ তামিলনাড়ু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তনে যোগ দিলেন এবং স্নাতকদের অভিনন্দন জানালেন তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছনোর জন্য।

স্নাতকদের উদ্দেশে ভাষণে শ্রী সি পি রাধাকৃষ্ণণ বলেন, সমাবর্তন শুধু ডিগ্রি পুরস্কার প্রদানের উৎসব নয়, এটি শিক্ষার রূপান্তরকারী শক্তি, জ্ঞান এবং নিষ্ঠার প্রয়াস, ধৈর্য এবং সহনশীলতা যা ছাত্রছাত্রীদের পৌঁছে দিয়েছে এই উল্লেখযোগ্য মুহূর্তে।

তিনি স্নাতকদের অভিভাবক এবং শিক্ষকদেরও অভিনন্দন জানান। তাঁদের আত্মত্যাগের উল্লেখ করে বলেন, তাঁরা তাঁদের সন্তান এবং ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে তাঁদের বর্তমান জীবনের অনেক সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন।

থিরুভারুরের গুরুত্বকে তুলে ধরে শ্রী সি পি রাধাকৃষ্ণণ বলেন, এই পবিত্র শহরে অবস্থিত মহান ত্যাগরাজ মন্দির শতাব্দীর পর শতাব্দী ধরে আধ্যাত্মিকতা, শিক্ষা এবং কলা উৎকর্ষের কেন্দ্র। 

তিনি বলেন, এই পবিত্র স্থান অনেক সন্ন্যাসী, বিদ্বান এবং কিংবদন্তি কর্ণাটকী সঙ্গীতের ত্রিমূর্তির ধাত্রীভূমি। প্রকৃত মাহাত্ম্য তখনই উঠে আসে যখন সংস্কৃতি, শিক্ষা এবং মূল্যবোধ একসঙ্গে বিকশিত হয় বলে তিনি জানান।

উপরাষ্ট্রপতি গত ১২ বছরে উচ্চ শিক্ষার দুর্দান্ত প্রসারের কথা উল্লেখ করেন। তিনি বলেন, দেশ জুড়ে সমাবর্তন অনুষ্ঠানগুলিতে তিনি প্রায়ই দেখেন মেয়েরা ছেলেদের তুলনায় বেশি ডিগ্রি এবং পদক পাচ্ছেন। তিনি উন্নয়নের এই ধারাকে স্বাগত জানান।

উপরাষ্ট্রপতি বলেন, বর্তমান সময়ে শিক্ষাকে শুধুমাত্র পরীক্ষা ও নম্বর দিয়ে মাপা যায় না। একে মাপতে হবে ছাত্রছাত্রী স্বাধীন চিন্তা করতে পারছে কিনা, সঠিকভাবে নিজেকে উপস্থাপন করতে পারছে কিনা, সকলের সঙ্গে মিলে কাজ করতে পারছে কিনা এবং সারা জীবন ধরে শিক্ষা গ্রহণের ক্ষমতা অর্জন করতে পারছে কিনা তার মাধ্যমে। 

তিনি তামিলনাড়ুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করেন। তাদের ওই ভাবনাকে আপন করে নিয়ে বহুমুখী শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং মূল্যবোধভিত্তিক শিক্ষায় জোর দেওয়ার জন্য।

সংসদে সম্প্রতি পাশ হওয়া পরীক্ষা দুর্নীতি প্রতিরোধী বিলের উল্লেখ করে উপরাষ্ট্রপতি বলেন, পরীক্ষায় অসৎ উপায় প্রতিরোধ এবং ছাত্রদের স্বার্থরক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে তার আমলের উল্লেখ করে শ্রী সি পি রাধাকৃষ্ণণ বললেন, ওই সময়ে একই ধরনের বিল পাশ করেছিল ঝাড়খণ্ড সরকার। তিনি তৎক্ষণাৎ তা সই করে আইনে পরিণত করার সুযোগ করে দেন। 

তিনি বলেন, “সমাজে ভালো লোকদের স্বার্থরক্ষা করতে খারাপ লোকদের শাস্তি দিতেই হবে।” জনপরীক্ষার স্বচ্ছতা এবং পবিত্রতা রক্ষা করতে কঠোর পদক্ষেপের ওপর জোর দেন তিনি। 

উপরাষ্ট্রপতি স্নাতকদের জ্ঞানের উপভোক্তা হওয়ার তুলনায় নির্মাতা হতে, নকলনবীশ হওয়ার তুলনায় উদ্ভাবক হতে, অনুসরণকারী হওয়ার তুলনায় নেতা হওয়ার জন্য পরামর্শ দেন। 

শ্রী সি পি রাধাকৃষ্ণণ বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত ২০৪৭ এর মধ্যে বিকশিত ভারত হওয়ার লক্ষ্যে কাজ করছে। তিনি তরুণ সমাজকে তাদের সকল কাজের কেন্দ্রে দেশ প্রথম, এই কথাটি রাখার এবং দেশের উন্নয়নে তাদের জ্ঞান, দক্ষতা এবং নেতৃত্বকে কাজে লাগানোর আবেদন জানান।  

উপরাষ্ট্রপতি মাদক কারবারীদের বিরুদ্ধে এবং যারা মাদকের প্রসারে জড়িত তাদের বিরুদ্ধে পুলিশকে কড়া অবস্থান নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, মাদক শুধুমাত্র একজনের জীবন নষ্ট করেই তা নয়, পরিবার এবং সমাজের ওপরেও কু প্রভাব ফেলে এবং এই ক্ষতিকর বিষয় থেকে তরুণ সমাজকে রক্ষা করা সকলের দায়িত্ব। তিনি ছাত্রদের উদ্দেশে “সে নো টু ড্রাগস” বলার আবেদন রাখেন এবং বন্ধু বান্ধবদের মাদক ব্যবহার থেকে বিরত থাকার আবেদন জানানোর জন্য উৎসাহিত করেন। 

সবশেষে উপরাষ্ট্রপতি প্রত্যেক স্নাতককে সাফল্য, সুস্বাস্থ্য এবং সমাজে একটি অর্থবহ পার্থক্য গড়ে তোলার সন্তুষ্টি লাভের জন্য শুভেচ্ছা জানান।

৫০ জন স্বর্ণ পদক প্রাপক সহ ১১০৩ জন এদিন স্নাতক ডিগ্রি লাভ করেন। তাদের মধ্যে ৬১৬ জন ছাত্রী। ৫০ টি স্বর্ণ পদকের মধ্যে ৩৭ টির প্রাপক ছাত্রীরা।

 

 

SC/AP/SG


(रिलीज़ आईडी: 2300440) आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Telugu , Kannada , Malayalam