সংস্কৃতিমন্ত্রক
ভোপালে ব্রিকস সংস্কৃতি মন্ত্রীদের বৈঠক সমাপ্ত; ‘ভোপাল ঘোষণা’ গৃহীত
प्रविष्टि तिथि:
08 AUG 2026 1:54PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৮ অগাস্ট ২০২৬
ভারতের সভাপতিত্বে আজ ভোপালে ব্রিকস সংস্কৃতিমন্ত্রীদের একাদশ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকটি ‘ভোপাল ঘোষণা’ গ্রহণের মধ্য দিয়ে সমাপ্ত হয়; এই ঘোষণাপত্রটি ব্রিকস সদস্য রাষ্ট্র ও সহযোগী দেশগুলির মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একটি বাস্তবসম্মত ও দূরদর্শী কাঠামো প্রদান করেছে।
তিনটি ‘সংস্কৃতি বিষয়ক কার্যগোষ্ঠী’র বৈঠকের মাধ্যমে ভারতের সভাপতিত্বে ব্রিকস-এর সাংস্কৃতিক কার্যক্রমের অগ্রগতি ঘটেছে।
প্রথম বৈঠকটি ভার্চুয়ালি ২৯-৩০ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়; এরপর ৪-৫ জুন ২০২৬ তারিখে বারাণসীতে দ্বিতীয় এবং ৫-৬ অগাস্ট ২০২৬ তারিখে ভোপালে তৃতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। আজ অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের এই বৈঠকে ভারত সহ মোট ১৪টি দেশ অংশ নেয়, যার মধ্যে ১০টি ব্রিকস সদস্য রাষ্ট্র এবং ৪টি সহযোগী দেশ। অংশগ্রহণকারী ব্রিকস সদস্য রাষ্ট্রগুলো হল – ব্রাজিল, চিন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরশাহি; এর মধ্যে মিশর অনলাইনে এই মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেয়। সহযোগী দেশগুলির মধ্যে ছিল বেলারুশ, কিউবা, কাজাখস্তান ও থাইল্যান্ড। ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাশাহির সংস্কৃতিমন্ত্রীরাও এই বৈঠকে অংশ নেন। সব মিলিয়ে এই বৈঠকগুলিতে মোট ৫৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
"সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে নির্মাণ" – এই বিষয়ের ওপর ভিত্তি করেই আলোচনা চলে।
এতে পারস্পরিক আলোচনাকে বাস্তব উদ্যোগে রূপান্তর এবং সংস্কৃতির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
আজ গৃহীত 'ভোপাল ঘোষণা' সাংস্কৃতিক ও সৃজনশীল শিল্প এবং সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাবে। এর আওতায় রয়েছে কর্মপদ্ধতি, অভিজ্ঞতা ও সর্বোত্তম অনুশীলনের আদান-প্রদান; সৃজনশীল ব্যক্তিদের সহায়তা; নেটওয়ার্কিং এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বাজারে প্রবেশের সুযোগের সম্প্রসারণ। এছাড়া, এই ঘোষণায় ইউনেস্কোর বহুদেশীয় মনোনয়ন প্রক্রিয়া, শিল্পকর্মের উৎস বা মালিকানার ইতিহাস সংক্রান্ত গবেষণা এবং সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধার ও ফেরত আনার বিষয়ে (যার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত অনুসন্ধান প্রযুক্তির ব্যবহার অন্তর্ভুক্ত) সহযোগিতার কথা বলা হয়েছে। পাশাপাশি, এতে ঐতিহ্যবাহী জ্ঞান ব্যবস্থা ও সাংস্কৃতিক অভিব্যক্তির সুরক্ষা; নথিবদ্ধ ঐতিহ্য, ডিজিটাইজেশন ও সংরক্ষণের ক্ষেত্রে জাদুঘর, গ্রন্থাগার ও সংগ্রহালয়গুলির মধ্যে সহযোগিতা; এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থায় কপিরাইটযুক্ত কাজের ব্যবহারের ক্ষেত্রে সৃজনশীল ব্যক্তিদের অধিকার সুরক্ষা, স্বচ্ছতা ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার বিষয়গুলিও অন্তর্ভুক্ত রয়েছে।
সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেবে একটি সুনির্দিষ্ট পদক্ষেপ হিসেবে ভারত 'স্বেচ্ছাধীন শিল্পী নিবন্ধন' ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে একটি পরীক্ষামূলক উদ্যোগের কথা ঘোষণা করেছে। এই উদ্যোগের লক্ষ্য হল, ব্রিকস ভুক্ত দেশগুলির মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান সহজতর করা, পেশাগত নেটওয়ার্ক শক্তিশালী করা এবং শিল্পী ও সৃজনশীল ক্ষেত্রের কর্মীদের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি করা।
ব্রিকস-এর সভাপতিত্বকালে ভারতের সাংস্কৃতিক কার্যক্রমের অন্যতম প্রধান একটি আয়োজন ছিল ৬-৭ অগাস্ট ২০২৬ তারিখে ভোপালে অনুষ্ঠিত দুই দিনের 'ব্রিকস সংস্কৃতি উৎসব'। এই উৎসবে ব্রিকস-এর সদস্য ও সহযোগী দেশগুলি অংশগ্রহণ করে; বেলারুশ, ব্রাজিল, ইন্দোনেশিয়া, রাশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহি তাদের নিজ নিজ শৈল্পিক ঐতিহ্যের সমৃদ্ধি ও বৈচিত্র্য তুলে ধরে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। ভারতের কালজয়ী আদর্শ "সর্বে ভবন্তু সুখিনঃ" (সবার জন্য সম্প্রীতি ও শান্তি)-কে কেন্দ্র করে আয়োজিত এই উৎসবটি সাংস্কৃতিক বার্তালাপ, শৈল্পিক আদান-প্রদান এবং মানুষের মধ্যে পারস্পরিক সংযোগ স্থাপনের জন্য একটি প্রাণবন্ত মঞ্চ হিসেবে কাজ করেছে।
'কালচার ট্র্যাক'-এর আওতায় দ্বিপাক্ষিক আলোচনারও সুযোগ তৈরি হয়েছিল। অংশগ্রহণকারী দেশগুলির সঙ্গে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী এবং সংস্কৃতি মন্ত্রকের সচিব পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়; এর মাধ্যমে দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে মত বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।
এছাড়া, এই কর্মসূচির মাধ্যমে সফররত প্রতিনিধিদলগুলির জন্য ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ও সভ্যতার ঐতিহ্য প্রত্যক্ষ করার সুযোগ তৈরি হয়। ৫ অগাস্ট প্রতিনিধিদলটি ভোপালের 'ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মানব সংগ্রহালয়' (আইজিআরএমএস) পরিদর্শন করে। মন্ত্রীপর্যায়ের বৈঠকের পর, আজ প্রতিনিধিদলটিকে সাঁচিতে নিয়ে যাওয়া হয় সেখানকার গুরুত্বপূর্ণ বৌদ্ধ ঐতিহ্য প্রত্যক্ষ করার জন্য।
আগামী ৯ অগাস্ট সকালে ভীমবেটকা পরিদর্শনের কর্মসূচি রয়েছে, যার মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিনিধিদল ভারতের প্রাগৈতিহাসিক যুগের পাথরের গুহা-আবাস এবং প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য দেখার সুযোগ পাবে।
ব্রিকস-এর কাঠামোর মধ্যে আরও সংযুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যৎ-উপযোগী সাংস্কৃতিক অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে ভারত তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
SC/MP/AS
(रिलीज़ आईडी: 2296605)
आगंतुक पटल : 6