পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক
ফ্লেক্স-ফুয়েল গাড়ির যুগে ভারত, কৃষকদের অতিরিক্ত ১২,৪০৩ কোটি টাকা আয় বৃদ্ধির সম্ভাবনা
দেশের প্রথম ফ্লেক্স-ফুয়েল যাত্রীবাহী গাড়ির উদ্বোধন, জ্বালানি স্বনির্ভরতার পথে বড় পদক্ষেপ
ইথানলভিত্তিক পরিবহনে জোর, ফ্লেক্স-ফুয়েল গাড়ি উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী
प्रविष्टि तिथि:
04 JUN 2026 4:02PM by PIB Agartala
নয়াদিল্লি, ৪ জুন: দেশের জ্বালানি নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে ভারতের প্রথম ফ্লেক্স-ফুয়েল যাত্রীবাহী গাড়ির উদ্বোধন করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। আজ নয়াদিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করিও উপস্থিত ছিলেন।
ফ্লেক্স-ফুয়েল যানবাহন ই-২০ থেকে ই -১০০ পর্যন্ত বিভিন্ন মাত্রার ইথানল-পেট্রোল মিশ্রিত জ্বালানিতে চলতে সক্ষম। অনুষ্ঠানে হরদীপ সিং পুরী বলেন, এটি শুধু একটি নতুন গাড়ির উদ্বোধন নয়, বরং ভারতের জ্বালানি রূপান্তরের নতুন অধ্যায়ের সূচনা। তিনি জানান, দেশে বর্তমানে প্রায় ৩৭ লক্ষ যাত্রীবাহী গাড়ি রয়েছে এবং এই ক্ষেত্রে ফ্লেক্স-ফুয়েল প্রযুক্তির ব্যাপক ব্যবহার ইথানলভিত্তিক পরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
মন্ত্রী বলেন, ২০১৩-১৪ সালে দেশে ইথানল মিশ্রণের হার ছিল ১.৫ শতাংশেরও কম, যা ২০২৫-২৬ সালে ২০ শতাংশে পৌঁছেছে। নির্ধারিত সময়ের পাঁচ বছর আগেই এই লক্ষ্য অর্জিত হয়েছে। একইসঙ্গে ইথানল উৎপাদন ক্ষমতা ৪২১ কোটি লিটার থেকে বেড়ে প্রায় ২,০০০ কোটি লিটারে উন্নীত হয়েছে।
তিনি দাবি করেন, যদি দেশে বিক্রি হওয়া নতুন দুই-চাকা ও চার-চাকার যানবাহনের ৫০ শতাংশ ফ্লেক্স-ফুয়েল প্রযুক্তি গ্রহণ করে, তাহলে অতিরিক্ত ৩১১.৮ কোটি লিটার ইথানলের চাহিদা তৈরি হবে এবং কৃষকদের আয় বছরে প্রায় ১২,৪০৩ কোটি টাকা বাড়তে পারে। পাশাপাশি ৬৬.৪ লক্ষ মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানো সম্ভব হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে দিল্লি-এনসিআর ও মুম্বই-পুনে-নাগপুর করিডরে শতাধিক ই - ৮৫ জ্বালানি কেন্দ্র চালু করা হবে। ২০২৭ সালের শেষ নাগাদ দেশের প্রধান শহরগুলিতে প্রায় ৫,০০০টি ই - ৮৫ জ্বালানি কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
হরদীপ সিং পুরী বলেন, ভারতের জ্বালানি রূপান্তর ভারতীয় উদ্ভাবন, কৃষক ও ভোক্তাদের শক্তির ওপর ভিত্তি করেই এগিয়ে যাবে।
*****
PS/PKS/KMD
(रिलीज़ आईडी: 2268954)
आगंतुक पटल : 9