স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

রাজস্থানে সীমান্ত অঞ্চলের সুরক্ষা বৃদ্ধি করতে বিকানের-এ এক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ

প্রকাশিত: 27 MAY 2026 2:51PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ মে, ২০২৬ 

 

ভারত-পাকিস্তান সীমান্তবর্তী জেলাগুলির সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের পর্যালোচনা করতে রাজস্থানের বিকানের-এ আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক বসে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ এই বৈঠকে পৌরোহিত্য করেন। বিকানের, জয়সলমীর, বারমেঢ়, শ্রীগঙ্গানগর এবং ফালোদি জেলার জেলাশাসক ও পুলিশ সুপার ছাড়াও ঊর্ধ্বতন সরকারি আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। রাজস্থানের মুখ্যমন্ত্রীও এই বৈঠকে যোগ দেন। আলোচনায় স্থির হয়েছে, সীমান্তবর্তী প্রতিটি জেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এই কাজে স্থানীয় বাসিন্দা, রাজ্য সরকারের ব্যবস্থাপনা এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থাকে একযোগে ব্যবহার করা হবে। শ্রী শাহ সীমান্ত সুরক্ষা বাহিনী, কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এবং রাজ্য সরকারের প্রশাসনিক ব্যবস্থাপনার সমন্বয়ের ওপর গুরুত্ব দেন। তিনি জেলাশাসকদের সংশ্লিষ্ট অঞ্চলের প্রথম সারির বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি সম্পর্কে তথ্য সংগ্রহে নির্দেশ দেন। ঐ প্রতিষ্ঠানগুলির তহবিলের উৎস সম্পর্কে জানতে হবে। সংশ্লিষ্ট অঞ্চলে ভুয়ো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন, ভুয়ো আধার কার্ড চিহ্নিত করা এবং চোরাচালান প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সাইবার অপরাধ সংক্রান্ত বিভিন্ন সমস্যার নিরসনে 1930 নম্বরে ফোন করে যাতে সমস্যার সুরাহা  যায়, তা নিশ্চিত করতে হবে। প্রত্যন্ত অঞ্চলে সুপ্রশাসন নিশ্চিত করা, আর্থিক অপরাধ বন্ধ করা, বিভিন্ন পরিকাঠামোগত সমস্যার সমাধান করতে ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম-২ যাতে সফলভাবে বাস্তবায়িত হয়— এগুলি সব নিশ্চিৎ করতে হবে। সীমান্তবর্তী অঞ্চলগুলির নাগরিকরা যেন প্রতিটি সরকারি প্রকল্পের সুবিধা পান, সেই বিষয়েও নজরদারি চালাতে হবে। সংশ্লিষ্ট অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আরও সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। 


 
SC/CB/DM..


(রিলিজ আইডি: 2265942) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Odia , Tamil , Kannada