তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় সংস্কৃতির প্রসার ঘটানোর উদ্দেশ্যে আইসিসিআর এবং দূরদর্শনের মধ্যে সমঝোতা পত্র স্বাক্ষর

প্রকাশিত: 09 APR 2026 6:51PM by PIB Kolkata

নতুনদিল্লি, ৯ এপ্রিল, ২০২৬


নতুনদিল্লির দূরদর্শন ভবনে ৭ই এপ্রিল ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (ICCR) এবং দূরদর্শন (প্রসার ভারতী)-এর মধ্যে একটি সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছে। ভারতের সাংস্কৃতিক কূটনীতি এবং পৃথিবী জুড়ে এই সংস্কৃতিকে প্রসারিত করার লক্ষ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ।   
 
দুই সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দূরদর্শনের মহাপরিচালক শ্রী কে. সতীশ নাম্বুদিরিপাদ এবং আইসিসিআর-এর মহাপরিচালক শ্রীমতি কে. নন্দিনী সিংগলা এই সমঝোতা পত্রে স্বাক্ষর করেন। এর ফলে আইসিসিআরের সাংস্কৃতিক নানা উদ্যোগের প্রসার ঘটাতে দূরদর্শন (প্রসার ভারতী)-র বিশাল পরিকাঠামোকে ব্যবহার করা যাবে। বিভিন্ন দেশের ভারতীয় মিশন এবং ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রগুলি যে সব  সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে সেগুলি ছাড়াও  আইসিসিআরের সদর দপ্তর সহ আঞ্চলিক কার্যালয়গুলি আয়োজিত অনুষ্ঠানের প্রচার বেতার , টেলিভিশন এবং ডিজিট্যাল প্ল্যাটফরম-এর সাহায্যে করা যাবে।  

অর্থাৎ, আইসিসিআর সাংস্কৃতিক বিষয়বস্তু ও পরিবেশনা সরবরাহ করবে, এবং দূরদর্শন (প্রসার ভারতী) ওটিটি প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়াসহ তার বিভিন্ন মাধ্যমের সাহায্যে  সেগুলি সম্প্রচারের দায়িত্ব নেবে। এর ফলে বিভিন্ন দেশে ভারতের সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটবে।    
 
এই চুক্তির একটি প্রধান বৈশিষ্ট্য হলো ডিজিটাল বিষয়বস্তুর ক্ষেত্রে চিরস্থায়ী স্বত্ত্বাধিকার দুটি সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর ফলে  উভয় সংস্থাই দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য বিষয়বস্তু সংরক্ষণ ও প্রচার করতে পারবে। দর্শকদের কাছে আরও বেশি করে পৌঁছানোর জন্য দূরদর্শন (প্রসার ভারতী) সাধ্যমতো অনুষ্ঠানগুলির বিষয়ে  বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার চালাবে।

 

এ ছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির তৈরি বিভিন্ন সাংস্কৃতিক উপাদান থেকে অর্থ উপার্জনের সুযোগ তৈরি করবে এই সমঝোতা। এই চুক্তিটি তিন বছরের জন্য কার্যকর থাকবে।  পারস্পরিক সম্মতির ভিত্তিতে এর মেয়াদ বাড়ানোর সুযোগ অবশ্য থাকবে। এর ফলে ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সংস্কৃতিকে সমসাময়িক গণমাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহার করে নানা দেশের মানুষের কাছে পৌছে দেওয়া যাবে।  

SC/CB


(রিলিজ আইডি: 2250694) ভিজিটরের কাউন্টার : 12