প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

নতুন দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বে পশ্চিম এশিয়া বিষয়ক আন্তঃমন্ত্রক গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক

প্রকাশিত: 02 APR 2026 9:32PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০২ এপ্রিল, ২০২৬

 

নতুন দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং-এর নেতৃত্বে পশ্চিম এশিয়া বিষয়ক আন্তঃমন্ত্রক গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে পশ্চিম এশিয়ার পরিবর্তনশীল পরিস্থিতি এবং এর জেরে ভারতের ওপর পড়া বিরূপ প্রভাব প্রশমিত করতে সরকার কী কী ব্যবস্থা নিয়েছে তা নিয়ে আলোচনা হয়। 

 

‘অনিশ্চিত পরিস্থিতি’র প্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রী ২৪ ঘণ্টার নজরদারি এবং যেকোনো জরুরি পরিস্থিতির মোকাবিলায় সুসমন্বিত পদক্ষেপ গ্রহণের উপর জোর দেন। দেশের মানুষকে যতে এই পরিস্থিতির জন্য দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য সর্বতো প্রয়াস চালানোর উপর জোর দেন তিনি। 

 

বৈঠকে সচিবদের নিয়ে তৈরি সাতটি ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠী পরিস্থিতি মোকাবিলায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আন্তঃমন্ত্রক গোষ্ঠীকে অবহিত করে। বিশ্বজুড়ে বাণিজ্যে ব্যাঘাতের মোকাবিলায় অর্থমন্ত্রক কী কী পদক্ষেপ নিয়েছে এবং শিল্পকে, বিশেষত উৎপাদন ক্ষেত্রকে চাঙ্গা করতে ও বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে, তা বিস্তারিতভাবে জানানো হয়। এর মধ্যে রয়েছে - 

 

• ১ এপ্রিল, ২০২৬ তারিখে জারি করা বিজ্ঞপ্তিতে, ৪০টি গুরুত্বপূর্ণ পেট্রোরাসায়নিক পণ্যের উপর সীমাশুল্ক ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সম্পূর্ণ মকুব করার কথা বলা হয়েছে। 

• বিশেষ অর্থনৈতিক অঞ্চলসমূহে (SEZ) অবস্থিত যোগ্য শিল্প-ইউনিটগুলোর জন্য একটি বিশেষ ও এককালীন ত্রাণ ব্যবস্থার ঘোষণা; এর আওতায় এই ইউনিটগুলি তাদের উৎপাদিত পণ্য 'অভ্যন্তরীণ শুল্ক এলাকায়' কমশুল্ক হারে বিক্রি করতে পারবে। এই ব্যবস্থাটি ১ এপ্রিল, ২০২৬ থেকে ৩১ মার্চ, ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

• ৩১ মার্চ, ২০২৬ তারিখে 'রাজস্ব বিভাগ' একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ এপ্রিল, ২০১৭-এর আগের বিনিয়োগের ক্ষেত্রে 'GAAR'-এর বিধানসমূহ প্রয়োগ করা হবে না। 

 

এইসব পদক্ষেপ বস্ত্র, প্যাকেজিং এবং ঔষধশিল্পসহ বিভিন্ন 'ডাউনস্ট্রিম' বা পরবর্তী পর্যায়ের শিল্পক্ষেত্রগুলির ব্যয় কমাবে, দেশে পণ্যের সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়তা করবে এবং ভারতের সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় স্বচ্ছতা ও স্পষ্টতা নিশ্চিত করবে।

 

অভ্যন্তরীণ বিমান চলাচলের জন্য ব্যবহৃত 'এভিয়েশন টারবাইন ফুয়েল'-এর মাসিক মূল্যবৃদ্ধির ওপর ২৫ শতাংশ সর্বোচ্চসীমা আরোপের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, শ্রী রাজনাথ সিং তার প্রশংসা করে বলেন, এর ফলে মানুষজন আকস্মিক বিমান ভাড়া বৃদ্ধি থেকে রেহাই পারবেন। 

 

সরকার অভ্যন্তরীণ এলপিজি সরবরাহের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এবং শোধনাগারগুলোতে উৎপাদন বৃদ্ধি করা হয়েছে। এলপিজি বিতরণ কেন্দ্রগুলিতে সিলিন্ডার ফুরিয়ে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি এবং স্বাভাবিক সময়সূচি অনুযায়ী রান্নার গ্যাস সরবরাহ করা হচ্ছে। 

 

মন্ত্রিগোষ্ঠীকে জানানো হয়েছে যে, এলপিজি-র মজুতদারি ও কালোবাজারি রোধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এ লক্ষ্যে একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অভিযান চালানো হচ্ছে। যেসব এলপিজি ডিস্ট্রিবিউটর অনৈতিক বা বেআইনি কার্যকলাপে লিপ্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

পরিযায়ী শ্রমিক এবং স্বল্প আয়ের পরিবারগুলোকে সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার ৫ কেজি ওজনের 'ফ্রি ট্রেড এলপিজি' সিলিন্ডারের পর্যাপ্ত যোগান নিশ্চিত করছে, গত ২৩ মার্চ, ২০২৬ থেকে এ পর্যন্ত ৪.৩ লক্ষেরও বেশি এমন সিলিন্ডার বিক্রি হয়েছে। যেসব রাজ্যে এলপিজি-র চাহিদা তুলনামূলকভাবে বেশি, সেগুলোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে।

 

আন্তঃ-মন্ত্রিগোষ্ঠী-কে অবহিত করা হয়েছে যে, বাণিজ্যিক এলপিজি-র ওপর নির্ভরশীল শিল্পক্ষেত্রগুলির চাহিদা মেটানো হচ্ছে এবং শিল্প-কারখানার কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সংকট পূর্ববর্তী সময়ের সরবরাহের ৮০ শতাংশেরও বেশি পরিমাণ সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। বিভিন্ন শিল্পক্ষেত্রের চাহিদা বুঝতে ও প্রয়োজন মেটানোর লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রক ও শিল্পমহলের মধ্যে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি দেশজুড়ে 'অটো এলপিজি'-র নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করছে। তবে, বেসরকারি অপারেটররা তাদের সংগ্রহের ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হওয়ায় সরবরাহে কিছুটা সীমাবদ্ধতা দেখা দিচ্ছে, আর ঠিক এই কারণেই রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর অটো এলপিজি পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি লক্ষ করা যাচ্ছে। 

 

মন্ত্রীদের জানানো হয়েছে যে, আতঙ্কিত হয়ে কেনাকাটার ফলে এলপিজি-র চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায়, দৈনিক সরবরাহের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে—যাতে গ্রাহকদের এলপিজি সংকটের সম্মুখীন হতে না হয়। শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য একটি নির্ভরযোগ্য বিকল্প হিসেবে 'পাইপড ন্যাচারাল গ্যাস' (PNG)-এর ব্যবহারকে—যেখানে যেখানে সম্ভব—সক্রিয়ভাবে উৎসাহ দেওয়া এবং প্রচার করা হচ্ছে। মন্ত্রিগোষ্ঠীকে জানানো হয়েছে যে কিছু দুষ্কৃতী সোশ্যাল মিডিয়ায় ফটোশপ করা ও বিকৃত ছবি এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ইচ্ছাকৃতভাবে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এই ধরনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখা হচ্ছে। নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে যেন তাঁরা যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার না করেন এবং সঠিক তথ্যের জন্য কেবল সরকারি সূত্রগুলোর ওপরই নির্ভর করেন।

 

অন্তঃমন্ত্রক গোষ্ঠীর প্রথম বৈঠক ২০২৬ সালের ২৮ মার্চ অনুষ্ঠিত হয়েছিল। 

 

 

SC/SD/SKD


(রিলিজ আইডি: 2248776) ভিজিটরের কাউন্টার : 9
এই রিলিজটি পড়তে পারেন: Khasi , English , हिन्दी , Marathi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam