তথ্যওসম্প্রচারমন্ত্রক
কমলা অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারের উদ্যোগ
প্রকাশিত:
02 APR 2026 2:13PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২ এপ্রিল ২০২৬
সরকার অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং এবং কমিক্স সহ মাধ্যম জগৎ ও বিনোদন জগতের প্রসার ঘটাতে উদ্যোগী হয়েছে। অরেঞ্জ ইকোনমি বা কমলা অর্থনীতিকে আরও শক্তিশালী করে আন্তর্জাতিক ক্ষেত্রে বিষয়বস্তু রচনা বা কন্টেন্ট ক্রিয়েশনের কেন্দ্র হিসেবে ভারতকে পরিচিতি দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং এবং কমিক্স বা এভিজিসি ক্ষেত্রের জন্য কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরির পরিকল্পনার কথা জানানো হয়েছে। দেশের ১৫ হাজার মাধ্যমিক স্কুল এবং ৫০০টি কলেজে এই ধরনের ল্যাব তৈরি করা হবে। এই উদ্যোগে ২৫০ কোটি টাকা ব্যয় করা হবে বলে সরকার জানিয়েছে।
ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজিস (আইআইসিটি)-কে জাতীয় স্তরে উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের মুম্বাইয়ের দপ্তরে এই প্রতিষ্ঠানের কাজ শুরু হয়েছে। বর্তমানে সেখানে ১৩৬ জন ছাত্র-ছাত্রী ১৮টি পাঠ্যক্রমে যুক্ত রয়েছে। আইআইসিটি বিষয়বস্তু রচয়িতাদের জন্য পরীক্ষাগারের নোডাল এজেন্সি হিসেবে কাজ করছে। সরকার ২০২২ সালের এপ্রিল মাসে এভিজিসি প্রমোশন টাস্ক ফোর্স গঠন করেছে। সংশ্লিষ্ট ক্ষেত্রের উন্নয়নের জন্য বেশকিছু কৌশল গ্রহণ করা হয়েছে। এর ফলে, বিপুল কর্মসংস্থানের সৃষ্টি হবে। ২০৩০ সালের মধ্যে ২০ লক্ষ দক্ষ পেশাদার ব্যক্তিত্ব তৈরি করাও এর উদ্দেশ্য।
সরকার মুম্বাইতে ২০২৫ সালে ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট বা ওয়েভস-এর আয়োজন করে। ভারতকে কন্টেন্ট ক্রিয়েশনের আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত করাই এর উদ্দেশ্য। এই উদ্যোগের আওতায় ওয়েভ এক্স স্টার্টআপ অ্যাএক্সেলেরেটর কর্মসূচির সূচনা করা হয়েছে। সংশ্লিষ্ট শিল্পের বিশেষজ্ঞদের সঙ্গে বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য। জাতীয় স্তরে ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ কর্মসূচির সূচনা করা হয়েছে। এই কর্মসূচির প্রথম পর্বে ৩৩ রকমের চ্যালেঞ্জের মোকাবিলা করা হয়েছে। ওয়েভস-এর দ্বিতীয় এবং তৃতীয় স্তরের শহরগুলি থেকে ১ লক্ষের বেশি সৃজনশীল ব্যক্তিত্ব অংশ নিয়েছেন।
লোকসভায় শ্রীমতী কৃতি দেবী দেববর্মন এবং শ্রী এতালা রাজেন্দ্ররের প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগন।
SC/CB/AS
(রিলিজ আইডি: 2248394)
ভিজিটরের কাউন্টার : 9
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam