প্রধানমন্ত্রীরদপ্তর
চলতি পশ্চিম এশিয়া সংঘর্ষের পরিপ্রেক্ষিতে গৃহীত পদক্ষেপ পর্যালোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে পৌরোহিত্য করেছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
01 APR 2026 10:04PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ এপ্রিল ২০২৬
আজ ৭ লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বিশেষ বৈঠকে চলতি পশ্চিম এশিয়া সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বিভিন্ন মন্ত্রক বা দপ্তর গৃহীত পদক্ষেপের পর্যালোচনা করা হল এবং আরও কিছু উদ্যোগ নিয়ে আলোচনা হল।
ক্যাবিনেট সচিব পেট্রোলিয়াম পণ্য, বিশেষ করে এলএনজি, এলপিজি এবং যথেষ্ট বিদ্যুতের প্রাপ্যতা নিশ্চিত করতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই সম্পর্কে জানান। এলপিজি সংগ্রহ করা হচ্ছে বিভিন্ন দেশ থেকে। একইভাবে এলএনজি-ও আনা হচ্ছে বিভিন্ন দেশ থেকে। তিনি আরও জানান, গৃহস্থের জন্য এলপিজি-র দাম একই রাখা হয়েছে। এলপিজি-র মজুতদারি এবং কালোবাজারি রুখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
পিএনজি সংযোগ বৃদ্ধি করতে উদ্যোগ নেওয়া হয়েছে। ৭-৮ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলিকে ছাড় দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রে পর্যাপ্ত কয়লা জোগাতে রেকের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে যাতে গরমকালে সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকে।
এছাড়া কৃষি, অসামরিক বিমান পরিবহণ, জাহাজ চলাচল এবং লজিস্টিক্সের মতো অন্যান্য ক্ষেত্রে যেসব সমস্যা দেখা দিতে পারে, তার মোকাবিলার বিভিন্ন পন্থা নিয়েও আলোচনা করা হয়।
চাহিদা অনুযায়ী ইউরিয়া উৎপাদন এবং ডিএপি বা এনপিকেএস-এর বিদেশী সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ রাখার মতো বিভিন্ন প্রয়াস নেওয়া হয়েছে সার সরবরাহ নিশ্চিত করতে। রাজ্য সরকারগুলিকে অনুরোধ করা হয়েছে কালোবাজারি এবং মজুতদারি রুখতে এবং সারের ব্যবহার যাতে সঠিক উদ্দেশ্যে হয় সেই সম্পর্কে নিয়মিত নজরদারি এবং অভিযান চালাতে।
গত একমাসে খাদ্য দ্রব্যের খুচরো দর একই আছে। নিয়মিত নজরদারির জন্য এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে দাম ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আইন বলবৎ করা নিয়ে যোগাযোগ রাখতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কৃষিপণ্য, সবজি এবং ফলের দামের ওপর নজর রাখা হচ্ছে।
শক্তি, সার এবং অন্যান্য সরবরাহ শৃঙ্খলের জন্য আমাদের উৎসের বৈচিত্র্যকরণে উদ্যোগ নেওয়া হচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে যাতে নিরাপদে জাহাজ চলাচল করা যায়, তার জন্য আন্তর্জাতিক স্তরে প্রয়াস নেওয়া হচ্ছে।
সঠিক তথ্য সরবরাহ করতে এবং জনসচেতনতা বাড়াতে কেন্দ্রীয়, রাজ্য এবং জেলাস্তরে যাতে ঠিকঠাক সমন্বয় রাখা যায়, সঠিক সময় যোগাযোগ করা যায় এবং তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া যায় তার ব্যবস্থা করা হয়েছে।
সাধারণ মানুষের জরুরি প্রয়োজন মেটানো যাচ্ছে কি না সেই বিষয়টি প্রধানমন্ত্রী খতিয়ে দেখেন। দেশে সারের জোগান এবং খরিফ ও রবি মরশুমে তা সঠিকভাবে সরবরাহ করতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সে নিয়েও আলোচনা করেন তিনি। তিনি বলেন যে, সাধারণ মানুষকে এই যুদ্ধের প্রভাব থেকে সুরক্ষিত রাখতে সব রকম প্রয়াস নিতে হবে। ভুলভাল তথ্য এবং গুজব যাতে না ছড়ায় তার জন্য জনসাধারণকে সঠিক তথ্য জানানোর ওপর প্রধানমন্ত্রী জোর দেন।
প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সকল দপ্তরকে নির্দেশ দেন নাগরিকদের সমস্যা এবং চলতি আন্তর্জাতিক পরিস্থিতির ফলে প্রভাবিত ক্ষেত্রগুলির সমস্যা দুর করতে যথাসম্ভব ব্যবস্থা নেওয়ার জন্য।
SC/AP/NS
(রিলিজ আইডি: 2248218)
ভিজিটরের কাউন্টার : 10