57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

জীবনের অর্থ কোথায়? ৫৭তম IFFI-তে কন্নড় তথ্যচিত্রে উত্তরের সন্ধান গভীর অরণ্যে

প্রকাশিত: 26 NOV 2026 3:54PMby PIB Kolkataরিলিজ আইডি: 2342950Views: 11

গোয়া, ২৬ নভেম্বর, ২০২৬

 

কন্নড় চলচ্চিত্র নির্মাতা শ্রী প্রদীপ কুমার শেট্টি , যিনি ড. প্রদীপ কেনচানুরু নামেও পরিচিত, আজ গোয়ায় প্রেস ইনফরমেশন ব্যুরো আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ভারতীয় প্যানোরামার নন-ফিচার ফিল্ম বিভাগে প্রদর্শিত তাঁর তথ্যচিত্র ‘দ্য হাগ অফ এম্পটিনেস’ নিয়ে তিনি আলোচনা করেন। ২০২৫ সালে নির্মিত ২০ মিনিটের এই ছবিতে সুখ, মানবিক মর্যাদা এবং প্রতিকূলতার মধ্যেও ঘুরে দাঁড়ানোর শক্তির সন্ধান মিলেছে এক ব্যক্তির জীবনকাহিনির মধ্য দিয়ে। নিজের সম্পত্তি হারানোর পর তিনি এক নির্জন অরণ্যে বসবাস শুরু করেন।

 

চলতি বছরের গোড়ায় ১৯তম মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (MIFF) ছবিটি FIPRESCI আন্তর্জাতিক সমালোচক পুরস্কার লাভ করে।

 

তথ্যচিত্রের কেন্দ্রীয় চরিত্র চন্দ্রশেখরের সম্পত্তি কর্ণাটকের সুল্লিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কে বন্ধক রাখা ছিল। ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় ২০০৩ সালে ব্যাঙ্ক সেই সম্পত্তির দখল নেয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেন চন্দ্রশেখর। দুই দশকেরও বেশি সময় ধরে সেই মামলা চলছে। এরই মধ্যে অরণ্যের এক নির্জন অংশে নিজের আস্তানা গড়ে তোলেন তিনি। অরণ্য থেকে সংগ্রহ করা লতা দিয়ে ঝুড়ি বুনে বিক্রি করেন। সেই আয়েই চলে তাঁর জীবন। তাঁর কাহিনিতে উঠে এসেছে ন্যায়বিচার, বাস্তুহারা হওয়া, নিঃসঙ্গতা এবং প্রতিকূলতার মুখে মানুষের ঘুরে দাঁড়ানোর শক্তির মতো নানা প্রশ্ন।

 

তথ্যচিত্রটির বিষয়বস্তু বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শ্রী শেট্টি জানান, শুধুমাত্র আইনি লড়াই নয়, চন্দ্রশেখরের জীবনদর্শনই তাঁকে এই ছবি নির্মাণে অনুপ্রাণিত করেছে। ঘন অরণ্য, প্রবল বৃষ্টি এবং বন্যপ্রাণীর মধ্যে বিদ্যুৎ ও রাস্তার মতো ন্যূনতম পরিকাঠামো ছাড়াই বসবাস করেন চন্দ্রশেখর। তবু দৈনন্দিন জীবনের মধ্যেই তিনি খুঁজে পেয়েছেন নিজস্ব ছন্দ ও বেঁচে থাকার উদ্দেশ্য। পরিচালকের মতে, সুখের সংজ্ঞা একরকম নয়। বস্তুগত স্বাচ্ছন্দ্যই সুখের একমাত্র মাপকাঠি হতে পারে না।

 

ছবির নির্মাণশৈলী প্রসঙ্গে শ্রী শেট্টি জানান, আইনি লড়াইকে সাক্ষাৎকারনির্ভর প্রচলিত ধারায় তুলে ধরার পথ তিনি সচেতনভাবেই এড়িয়ে গিয়েছেন। পরিবর্তে, একটি দিনের নানা কাজকর্মের মধ্য দিয়ে চন্দ্রশেখরের জীবনযাত্রা এবং অরণ্যের সঙ্গে তাঁর সম্পর্ককে পর্দায় ফুটিয়ে তুলেছেন।

 

ছবির নামকরণের প্রসঙ্গে শ্রী শেট্টি জানান, গ্রিক চলচ্চিত্র নির্মাতা ইয়র্গোস লানথিমোসের কাজ এবং মানব অস্তিত্ব নিয়ে তাঁর দার্শনিক ভাবনা থেকে তিনি অনুপ্রেরণা পেয়েছেন। পরিচালকের কাছে ছবির নামটি এমন এক জীবনের মধ্যে অর্থ খুঁজে পাওয়ার সম্ভাবনার প্রতিফলন, যে জীবন অন্যের চোখে অর্থহীন বলে মনে হতে পারে।

 

পেশায় শিক্ষক এবং চলচ্চিত্রপ্রেমী শ্রী শেট্টি জানান, ২০০৯ সাল থেকে দর্শক হিসেবে IFFI-র সঙ্গে তাঁর সম্পর্ক। স্বাধীনভাবে চলচ্চিত্র নির্মাণের নানা চ্যালেঞ্জের কথা বলতে গিয়ে তিনি জানান, মাত্র ৪ লক্ষ টাকা বাজেটে তথ্যচিত্রটি নির্মিত হয়েছে। এক ঘনিষ্ঠ বন্ধুর আর্থিক সহায়তায় ছবিটি তৈরি করা সম্ভব হয়। সেই বন্ধু তাঁকে সৃজনশীল স্বাধীনতাও দিয়েছিলেন। তিনি জোর দিয়ে বলেন, যৌথ সৃজনশীল ভাবনার গুরুত্ব অপরিসীম।

 

আলোচনাটি সঞ্চালনা করেন আলিশা মেহরোত্রা।

 

*****

SC/SS


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2342950
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026