57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

কথা যখন থেমে যায়, সুর তখন কথা বলে : ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে ও এস. জানকির স্মৃতিচারণা গায়িকা কে. এস. চিত্রার

কিংবদন্তি শিল্পীদের গান ও কণ্ঠস্বরের স্মৃতিচারণায় নিজের সংগীতজীবনের নানা অধ্যায় তুলে ধরলেন বিশিষ্ট গায়িকা

প্রকাশিত: 25 NOV 2026 6:22PMby PIB Kolkataরিলিজ আইডি: 2341966Views: 5

গোয়া, ২৫ নভেম্বর, ২০২৬

 

কিছু কণ্ঠস্বর শুধু ঘর ভরিয়ে গান শোনায় না। শৈশবের স্মৃতির সঙ্গে জড়িয়ে যায়, জীবনের নানা গুরুত্বপূর্ণ মুহূর্তের সঙ্গী হয়। গান শেষ হয়ে যাওয়ার পরেও সেই কণ্ঠস্বর মনের মধ্যে থেকে যায়। বিশিষ্ট গায়িকা কে. এস. চিত্রার কাছে আশা ভোঁসলে, এস. জানকি ও লতা মঙ্গেশকরের কণ্ঠস্বর ঠিক তেমনই। ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘লতা মঙ্গেশকর টক : দ্য ভয়েস দ্যাট ইকোজ ফরএভার ইন দ্য মেমোরি অফ আশা ভোঁসলে অ্যান্ড এস. জানকি’ শীর্ষক মাস্টারক্লাসে তিনি এই তিন কিংবদন্তি গায়িকার গান ও স্মৃতির নানা অধ্যায় তুলে ধরেন। অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা সুহাসিনী মণিরত্নম এই আলোচনা পরিচালনা করেন।

আলোচনার শুরুতেই চিত্রা জানান, তিনি কিছুটা উদ্বিগ্ন ছিলেন। তবে সুহাসিনী তাঁকে স্বচ্ছন্দ করে তুলবেন, সেই বিশ্বাসও ছিল। দু’জনের দীর্ঘদিনের পরিচয় ও অভিজ্ঞতার কথাও উঠে আসে আলোচনায়। সুহাসিনী জানান, চিত্রার কণ্ঠে গাওয়া ছবির গান তাঁর নিজের জীবনযাত্রারও অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এরপর আনুষ্ঠানিক আলোচনার বদলে স্মৃতিচারণা ও গানের এক আন্তরিক আসর জমে ওঠে।

নিজের সংগীতজীবনের শুরুর দিনগুলির কথা বলতে গিয়ে চিত্রা জানান, ছোট থেকেই তাঁর পরিবারে সংগীতচর্চার পরিবেশ ছিল। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি তিনি শাস্ত্রীয় সংগীত শিখেছেন। গান গাওয়াই তাঁর একমাত্র দক্ষতার জায়গা বলে মনে হতো। তবে এই গানই তাঁকে এত দূর নিয়ে যাবে, তা কখনও ভাবেননি। চলচ্চিত্রের গানের জগতে তাঁর প্রবেশও অনেকটা আকস্মিক। বিভিন্ন বিনোদনমূলক ক্লাবে তিনি চলচ্চিত্রের গান গাইতেন। শুরুতে পি. সুশীলার জনপ্রিয় গানই বেশি গাইতেন।

কোন শিল্পীদের কণ্ঠস্বর তাঁকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে, এই প্রশ্নের উত্তরে চিত্রা পি. সুশীলা, এস. জানকি ও লতা মঙ্গেশকরের নাম উল্লেখ করেন। ছোটবেলায় তিনি জানকির গায়নশৈলী অনুকরণ করারও চেষ্টা করতেন। তবে হাসতে হাসতে স্বীকার করেন, জানকির স্বতন্ত্র গায়নশৈলী অনুকরণ করা কার্যত অসম্ভব। লতা মঙ্গেশকরের গান প্রসঙ্গে চিত্রা তাঁর কণ্ঠের আবেগ ও গভীরতার কথা বলেন। বিশেষ করে ভক্তিমূলক গানগুলির কথা উল্লেখ করে দর্শকদের সঙ্গে লতা মঙ্গেশকরের তাঁর পছন্দের একটি গানও ভাগ করে নেন।

অনুষ্ঠানে সংগীত নিয়ে একটি মজার কুইজও ছিল। আবহসংগীত ছাড়া কয়েকটি ছবির দৃশ্য দেখানো হলে চিত্রা পাঁচটি দৃশ্যেরই গান শনাক্ত করেন এবং গেয়ে শোনান। এর মধ্যে সুহাসিনীর ছবির গানও ছিল। গান রেকর্ড করার সময়ের নানা চ্যালেঞ্জ, কঠিন গান এবং বয়স বাড়ার সঙ্গে নিজের কণ্ঠের সীমাবদ্ধতা বুঝে নেওয়ার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

আলোচনার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত তৈরি হয় যখন চিত্রা ‘সিন্ধু ভৈরবী’ ছবির ‘পাড়ারিয়েন’ গানটি গাইতে শুরু করেন। সুহাসিনীও তাঁর সঙ্গে যোগ দেন এবং গানের সঙ্গে ঠোঁট মেলান। সংগীত ও স্মৃতির এই মুহূর্তে দু’জনের কথোপকথন যেন এক পূর্ণতা পায়। গান যে শুধু সুরের সমষ্টি নয়, বরং জীবনের নানা অভিজ্ঞতা, বন্ধুত্ব ও যাত্রার স্মৃতি বহন করে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনে অনুরণিত হয়, এই পরিবেশনা সেই কথাই মনে করিয়ে দেয়।

IFFILOID পড়ুন : https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1&reg=48

 

 

SC/AS.....


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2341966
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026