গোয়া, ২৫ নভেম্বর, ২০২৬
উপকূলীয় মহারাষ্ট্রের পটভূমিতে তৈরি মারাঠি কমেডি-ড্রামা ‘বাপ্যা’ ছবিতে লিঙ্গপরিচয়, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক গ্রহণযোগ্যতার বিষয়গুলি তুলে ধরা হয়েছে। ব্যক্তিগত পছন্দ এবং সমাজের বদলে যাওয়া দৃষ্টিভঙ্গির প্রেক্ষাপটে ছবির গল্প এগিয়েছে। ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ভারতীয় প্যানোরমা বিভাগে মূলধারার চলচ্চিত্র শাখায় ছবিটি প্রদর্শিত হচ্ছে। উৎসবের এক ফাঁকে PIB আয়োজিত সাংবাদিক সম্মেলনে ছবির পরিচালক ও প্রযোজক সমীর তিওয়ারি এবং অভিনেতা গিরিশ কুলকার্নি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
প্রথমেই সমীর টিওয়ারি জানান, সমাজকে কোনও উপদেশ দেওয়া বা শিক্ষা দেওয়া ছবির উদ্দেশ্য নয়। গ্রহণযোগ্যতা, পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্কের একটি সহজ গল্প তুলে ধরাই তাঁদের লক্ষ্য। তাঁর কথায়, “এটি এমন একজন মানুষের গল্প, যিনি নিজের পছন্দমতো মানুষ হয়ে উঠতে চান। তাঁর আশপাশের মানুষও তাঁকে তাঁর মতো করেই গ্রহণ করেন।”
মারাঠি ভাষায় ছবিটি নির্মাণের সিদ্ধান্ত প্রসঙ্গে তিওয়ারি বলেন, কোনও নির্দিষ্ট অভিনেতাকে মাথায় রেখে চিত্রনাট্য তৈরি করতে চাননি তিনি। বরং একটি আন্তরিক ও বাস্তবসম্মত গল্পের ভিত্তিতে ছবি তৈরি করাই ছিল তাঁর লক্ষ্য।
ছবির নির্মাণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, অর্থের সংস্থান করা বেশ কঠিন ছিল। চিত্রনাট্য পছন্দ হলেও বিষয়বস্তুকে ঝুঁকিপূর্ণ মনে করে অনেক সম্ভাব্য বিনিয়োগকারী পিছিয়ে যান। বাপ্যা চরিত্রের জন্য উপযুক্ত অভিনেত্রী খুঁজে পাওয়াও ছিল বড় চ্যালেঞ্জ। নিজের লিঙ্গপরিচয়ের সঙ্গে চরিত্রটির পরিচয়ের পার্থক্য থাকায় বেশ কয়েকজন অভিনেত্রী এই চরিত্রে অভিনয় করতে দ্বিধা বোধ করেন। শেষ পর্যন্ত নির্ভীকভাবে এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডের প্রশংসা করেন তিনি।
লিঙ্গপরিচয় সম্পর্কে সমাজের বদলে যাওয়া দৃষ্টিভঙ্গি নিয়ে তেওয়ারি বলেন, নারী ও পুরুষের মধ্যে প্রচলিত বিভাজন ধীরে ধীরে কমছে। পোশাক, আচরণ কিংবা পরিচয় নিয়ে ব্যক্তিগত পছন্দের কারণে কাউকে বিচার করা বা বৈষম্যের শিকার করা উচিত নয়। তাঁর কথায়, “প্রত্যেক পুরুষের মধ্যেই নারীর সত্তা রয়েছে, আবার প্রত্যেক নারীর মধ্যেও পুরুষের সত্তা রয়েছে। সমাজ যত দ্রুত এগোবে, লিঙ্গের প্রচলিত বিভাজন ততই মুছে যাবে।” কঠোর সামাজিক ধারণা থেকে বেরিয়ে আসার উপরেও তিনি জোর দেন।
অভিনেতা গিরিশ কুলকার্নি প্রত্যেক মানুষের প্রতি মর্যাদা ও পক্ষপাতহীন আচরণের গুরুত্ব তুলে ধরেন। প্রকৃতির উদাহরণ দিয়ে তিনি বলেন, নানা ধরনের গাছপালার বৈচিত্র্যকে মানুষ স্বাভাবিকভাবেই গ্রহণ করে। মানুষের পারস্পরিক সম্পর্কেও একই মনোভাব থাকা উচিত।
সমাজ গঠনে শিল্পের ভূমিকা প্রসঙ্গে কুলকার্নি বলেন, চলচ্চিত্র-সহ বিভিন্ন শিল্পমাধ্যম শুধু সমকালীন সমাজের প্রতিচ্ছবি নয়, সামাজিক অগ্রগতির পথও দেখায়। ‘বাপ্যা’ ছবিতে সময়ের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে ঐতিহ্যকে নতুনভাবে ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে। তবে নিজেদের সাংস্কৃতিক শিকড় থেকে সরে না গিয়েই এই ভাবনা তুলে ধরা হয়েছে। তাঁর কথায়, “আমরা আমাদের ঐতিহ্য ভুলে যাচ্ছি না। নতুনভাবে ব্যাখ্যা করে তাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। নিজেদের শিকড় আরও মজবুত করার পাশাপাশি ভবিষ্যতের কথাও ভাবছি। এই প্রক্রিয়া থেকেই ভালোবাসার এক গভীর অনুভূতি তৈরি হচ্ছে।”
কুলকার্নি আরও বলেন, গ্রহণযোগ্যতা ও ভালোবাসাই ছবির মূল ভাবনা। ভাষা, পোশাক ও পরিচয়ের পার্থক্যকে সম্মান জানানোই ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বিশেষ শক্তি। ভারতের দর্শনচর্চার মধ্যেও গ্রহণযোগ্যতা এবং পক্ষপাতহীনভাবে বর্তমানকে দেখার ভাবনা গভীরভাবে নিহিত রয়েছে। তাঁর কথায়, “আমার মনে হয়, এই যাত্রা আমি ব্যক্তিগতভাবেও নিজের মধ্যে অনুভব করেছি। সেই অভিজ্ঞতাই আমরা পর্দায় তুলে ধরতে পেরেছি।”
সাংস্কৃতিক ও বৌদ্ধিক আদানপ্রদানের মঞ্চ হিসেবে ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বও তুলে ধরেন কুলকার্নি। তিনি বলেন, এই উৎসবে দেশ-বিদেশের চলচ্চিত্র নির্মাতা ও দর্শকরা একত্রিত হন। এর ফলে বিভিন্ন ধরনের চলচ্চিত্রের সঙ্গে পরিচিত হওয়া এবং তা নিয়ে অর্থবহ আলোচনার সুযোগ তৈরি হয়।
সাংবাদিক সম্মেলনটি পরিচালনা করেন সুপ্রিয়া ঘৈতাডক।
IFFILOID পড়ুন :
https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1®=48
SC/AS......