57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

শেষ দৃশ্যের পরেও: IFFI-র সন্ধ্যার মায়াবী আবেশ

প্রকাশিত: 25 NOV 2026 6:47PMby PIB Kolkataরিলিজ আইডি: 2341759Views: 6

গোয়া, ২৫ নভেম্বর ২০২৬

 

 

মাণ্ডবী নদীর বুকে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে এবং পানাজির রাস্তাগুলি আলোকোজ্জ্বল হয়ে ওঠার সময় ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব IFFI এক নতুন ছন্দে প্রাণবন্ত হয়ে ওঠে। দিনের বেলায় যেখানে চলচ্চিত্র প্রদর্শন, মাস্টারক্লাস, রেড কার্পেটে তারকাদের উপস্থিতি এবং চলচ্চিত্র নিয়ে নানা আলোচনা উৎসবের মূল আকর্ষণ, সেখানে সন্ধ্যা নিয়ে আসে এক স্বতন্ত্র মাধুর্য। IFFI-তে সূর্যাস্ত উৎসবের দিনের সমাপ্তি ঘোষণা করে না; বরং সূচনা করে আরও এক উদ্‌যাপনের।

 

প্রচলিত সিনেমা হলের গণ্ডি পেরিয়ে IFFI ২০২৬ মুক্তাঙ্গনে চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দিচ্ছে চলচ্চিত্রের অভিজ্ঞতা। মিরামার সমুদ্রসৈকত, মারগাঁওয়ের রবীন্দ্র ভবন এবং ভাগাতোর সমুদ্রসৈকতের হেলিপ্যাড এলাকায় এই চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্ধারিত এই প্রদর্শনীতে বাছাই করা চলচ্চিত্র দেখানো হচ্ছে। গোয়ার খোলা আকাশের নীচে স্থানীয় বাসিন্দা, পর্যটক এবং চলচ্চিত্রপ্রেমীরা একত্রিত হয়ে চলচ্চিত্র উপভোগ করার সুযোগ পাচ্ছেন। এর মধ্য দিয়ে চলচ্চিত্রকে আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করে তোলার উৎসবের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।

 

মাণ্ডবী নদীর তীরবর্তী প্রমেনাড এলাকাতেও উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে। সেখানে ‘রোমতামেল’-এর সাংস্কৃতিক পরিবেশনা গোয়ার সমৃদ্ধ শিল্প-ঐতিহ্যকে বিশেষভাবে তুলে ধরছে। ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চারটি সন্ধ্যায় সাতটি সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনা এই আন্তর্জাতিক সমাবেশে স্থানীয় সংস্কৃতির স্বতন্ত্র মাত্রা যোগ করছে। দেশীয় সাংস্কৃতিক অভিব্যক্তি এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র ঐতিহ্যের এই মেলবন্ধন IFFI-তে গোয়ার নিজস্ব পরিচয়কে আরও উজ্জ্বল করে তুলেছে।

উৎসবের আনন্দকে আরও বর্ণময় করে তুলেছে ২৫ নভেম্বর আয়োজিত IFFI প্যারেড। ‘চলচ্চিত্রের আনন্দ উদ্‌যাপন’ শীর্ষক ভাবনাকে কেন্দ্র করে এই শোভাযাত্রা এন্টারটেনমেন্ট সোসাইটি অফ গোয়ার প্রাঙ্গণ থেকে পানাজির কলা অ্যাকাডেমি পর্যন্ত এগিয়ে চলে। বর্ণাঢ্য ট্যাবলো, সাংস্কৃতিক পরিবেশনা এবং স্থানীয় মানুষের অংশগ্রহণে এই শোভাযাত্রা উৎসবের নির্ধারিত স্থানগুলির গণ্ডি ছাড়িয়ে চলচ্চিত্র উদ্‌যাপনে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদেরও সামিল হওয়ার সুযোগ করে দিয়েছে।

 

তবে চলচ্চিত্র নির্মাতা, প্রতিনিধি এবং উদীয়মান শিল্পীদের কাছে উৎসবের সন্ধ্যা শুধুমাত্র বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়। নির্ধারিত চলচ্চিত্র প্রদর্শনী ও আনুষ্ঠানিক আলাপচারিতার বাইরেও এই সময় তাঁদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা, সৃজনশীল ভাবনার আদান-প্রদান এবং অর্থবহ যোগাযোগ গড়ে তোলার সুযোগ সৃষ্টি করে। কোনও চলচ্চিত্র নিয়ে আলোচনা থেকে বিভিন্ন সংস্কৃতির দৃষ্টিভঙ্গির বিনিময় ঘটতে পারে, আবার চলচ্চিত্র নির্মাতাদের আকস্মিক পরিচয় ভবিষ্যতের কোনও যৌথ কাজের ভিত্তি তৈরি করতে পারে। উৎসবের আলোকোজ্জ্বল প্রাঙ্গণের নেপথ্যে স্বেচ্ছাসেবক, কারিগরি কর্মী, সংবাদমাধ্যমের পেশাদার কর্মী এবং আয়োজকদের নিরলস প্রচেষ্টাও রয়েছে।

 

 চলচ্চিত্র প্রদর্শনের সময়সীমা পেরিয়েও তাঁরা উৎসবের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে কাজ করে চলেন। তাঁদের অবদান IFFI-র অভিজ্ঞতার এক অবিচ্ছেদ্য অথচ অনেকাংশে অদৃশ্য অংশ।

সূর্যাস্তের পর পানাজি শহরের রূপান্তরও এক অপূর্ব দৃশ্যের অবতারণা করে। গাছের সারি দিয়ে সাজানো শহরের রাজপথগুলি সোনালি আলোকমালায় সজ্জিত হয়ে ওঠে। আলোকোজ্জ্বল ভবন, বর্ণময় শিল্পস্থাপনা এবং IFFI-র সুপরিচিত ময়ূরের প্রতীক শহরের রাস্তাগুলিতে উৎসবের আবহ তৈরি করে। শহরের স্থাপত্য ও জনপরিসরও যেন উৎসবেরই সম্প্রসারিত অংশ হয়ে ওঠে। এর মধ্য দিয়ে প্রতিফলিত হয়, IFFI-র সঙ্গে গোয়ার সম্পর্ক কীভাবে এক স্বতন্ত্র উদ্‌যাপনে পরিণত হয়েছে, যেখানে আয়োজক রাজ্যের নিজস্ব বৈশিষ্ট্য চলচ্চিত্রের সর্বজনীন আকর্ষণের সঙ্গে মিশে গিয়েছে।

IFFI ২০২৬-এর ‘সীমানাহীন কাহিনি’ ভাবনার সঙ্গে সুসমঞ্জস উৎসবের রাতগুলি প্রমাণ করে যে চলচ্চিত্র শুধু ভৌগোলিক ও ভাষাগত সীমান্তই অতিক্রম করতে পারে না, অতিক্রম করতে পারে প্রেক্ষাগৃহের ভৌত সীমারেখাও। দর্শকদের মনে করিয়ে দেয়, চলচ্চিত্র উৎসবের জাদু শুধু পর্দায় ফুটে ওঠা কাহিনির মধ্যেই সীমাবদ্ধ নয়; সেই কাহিনি যে আলোচনা ও ভাবনার জন্ম দেয় এবং যে নতুন সম্পর্কের সেতুবন্ধন গড়ে তোলে, তার মধ্যেও নিহিত রয়েছে উৎসবের প্রকৃত আনন্দ।

 

 IFFI-তে চলচ্চিত্রের শেষ ক্রেডিট ভেসে উঠতে পারে, পর্দা নামতে পারে, প্রেক্ষাগৃহের আলোও নিভে যেতে পারে; কিন্তু চলচ্চিত্রের উদ্‌যাপন থেমে থাকে না। গোয়ায় উৎসবের ঘড়ির কাঁটা যেন থামতেই চায় না।

 

SC....


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2341759
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026