57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

৫৭তম IFFI-তে ‘ইন্ডিয়ান প্যানোরামা ২০২৬’-এর উদ্বোধন করা হলো

প্রকাশিত: 21 NOV 2026 3:31PMby PIB Kolkataরিলিজ আইডি: 2339827Views: 14

২১ নভেম্বর, ২০২৬

 

আজ গোয়ার পানাজিতে ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI)-এ আনুষ্ঠানিকভাবে ‘ইন্ডিয়ান প্যানোরামা ২০২৬’-এর উদ্বোধন করা হয়। এ বছরের চলচ্চিত্র নির্বাচনের ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ফিচার ও নন-ফিচার চলচ্চিত্র বিভাগের বিশিষ্ট জুরি সদস্যদের সম্মানিত করা হয়।

 

জুরি সদস্যদের সম্মানিত করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী চঞ্চল কুমার, ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (NFDC)-এর চেয়ারপার্সন শ্রী জি. কৃষ্ণকুমার এবং উৎসবের পরিচালক শ্রী আশুতোষ গোয়ারিকর।

 

‘ইন্ডিয়ান প্যানোরামা ২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী চঞ্চল কুমার সূচনালগ্ন থেকে ভারতীয় চলচ্চিত্রের অসাধারণ বৈচিত্র্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, চলচ্চিত্রের উদযাপন দেশের প্রতিটি অঞ্চলের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও গল্প কীভাবে ভারতীয় চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে, তা স্বীকৃতি দেওয়ার একটি তাৎপর্যপূর্ণ সুযোগ। জুরি সদস্যদের সুচিন্তিত চলচ্চিত্র নির্বাচনের জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি গোয়া সরকার এবং উৎসবের আয়োজক দলকেও তিনি প্রশংসা করেন। ভারতীয় চলচ্চিত্রের আন্তর্জাতিক স্বীকৃতি আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

 

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে NFDC-র চেয়ারপার্সন শ্রী জি. কৃষ্ণকুমার ১৯৭৮ সালে সূচনার পর থেকে ‘ইন্ডিয়ান প্যানোরামা’-র ঐতিহ্য এবং ভাষা ও অঞ্চলভিত্তিক ভারতের চলচ্চিত্র বৈচিত্র্য উদযাপনে এর ভূমিকার কথা স্মরণ করেন। এবারের IFFI-এর প্রতিপাদ্য ‘Stories Without Borders’ বা ‘সীমানাহীন গল্প’-এর উল্লেখ করে তিনি চলচ্চিত্রের প্রতি মন্ত্রকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং গোয়া সরকার ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উৎসবে অংশগ্রহণকারী চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্রপ্রেমীদেরও তিনি আন্তরিক স্বাগত জানান।

 

স্বাগত ভাষণে উৎসবের পরিচালক শ্রী আশুতোষ গোয়ারিকর IFFI-কে ঘিরে তাঁর শৈশবের স্মৃতিচারণ করেন এবং কয়েক দশক ধরে ‘ইন্ডিয়ান প্যানোরামা’ কীভাবে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ও চলচ্চিত্র বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে, তা তুলে ধরেন। এবারের চলচ্চিত্র নির্বাচনের প্রক্রিয়ায় প্রাপ্ত সাড়া সম্পর্কে তিনি জানান, উৎসবে ৭৬২টি ফিচার চলচ্চিত্র এবং ৩৫৮টি নন-ফিচার চলচ্চিত্রের আবেদন জমা পড়েছে। মোট ১৮টি ভাষায় ১,১২০টি চলচ্চিত্র জমা পড়েছে। চূড়ান্ত নির্বাচিত চলচ্চিত্রগুলি ১৪টি ভাষায় রয়েছে, যার মধ্যে হিন্দি, মারাঠি, কন্নড়, তুলু, লাদাখি, কাশ্মীরি ও ইংরেজি উল্লেখযোগ্য; পাশাপাশি ওয়েব সিরিজও অন্তর্ভুক্ত রয়েছে।

 

৫৭তম সংস্করণের প্রতিপাদ্য ‘Stories Without Borders’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রী গোয়ারিকর চলচ্চিত্র নির্মাতা, প্রযুক্তিবিদ ও নতুন প্রজন্মের গল্পকারদের নিজেদের গল্প বলে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি দর্শকদের আরও বেশি চলচ্চিত্র দেখার এবং বিচক্ষণতার সঙ্গে মূল্যায়ন করার পরামর্শ দেন।

 

‘ইন্ডিয়ান প্যানোরামা ২০২৬’-এর জুরি সদস্যরা

 

নন-ফিচার চলচ্চিত্র জুরি: সাত সদস্যের এই জুরিতে রয়েছেন শ্রী হিমাংশু শেখর খাটুয়া (তথ্যচিত্র নির্মাতা ও নন-ফিচার চলচ্চিত্র জুরির চেয়ারপার্সন), শ্রী শঙ্খজিৎ দে (তথ্যচিত্র নির্মাতা), শ্রীমতী রাগিণী সোনা (চলচ্চিত্র প্রযোজক), শ্রী শিব সানি (চলচ্চিত্র সাংবাদিক), শ্রী ধনেশ যাদব টি. আর. (চলচ্চিত্র সম্পাদক), শ্রী অভিজিৎ দলভি (চলচ্চিত্র নির্মাতা) এবং শ্রীমতী আরতি প্যাটেল (প্রযোজক ও মিডিয়া পেশাদার)।

 

ফিচার চলচ্চিত্র জুরি: ১৩ সদস্যের এই জুরিতে রয়েছেন শ্রী মধুর ভান্ডারকর (ফিচার চলচ্চিত্র জুরির চেয়ারপার্সন), শ্রী ইউ. রবীন্দ্রর (সিনেমাটোগ্রাফার), শ্রী সোহম পি. শাহ (চলচ্চিত্র নির্মাতা), শ্রী রাহুল ভোলে (পরিচালক, চিত্রনাট্যকার ও সম্পাদক), শ্রী ওয়েনাম গৌতম সিং (চলচ্চিত্র নির্মাতা), শ্রী নীলাদ্রি রায় (চলচ্চিত্র সম্পাদক), শ্রী এম. এস. প্রভু (সিনেমাটোগ্রাফার), শ্রী কে. এস. শিবরামন (সিনেমাটোগ্রাফার), শ্রী জয়ন্ত গোস্বামী (পরিচালক), শ্রীমতী বিন্দু চন্দ্রমৌলি (অভিনেত্রী), শ্রীমতী ভারতী প্রধান (চলচ্চিত্র সমালোচক), ড. আয়াশ আরিফ (প্রবীণ অভিনেতা ও লেখক) এবং শ্রী অরুণ গঙ্গাদে (অ্যানিমেটর)।

 

‘ইন্ডিয়ান প্যানোরামা ২০২৬’-এর উদ্বোধনী চলচ্চিত্র

 

সম্মাননা প্রদান অনুষ্ঠানের পর ‘ইন্ডিয়ান প্যানোরামা ২০২৬’-এর উদ্বোধনী চলচ্চিত্রগুলির পরিচয় তুলে ধরা হয় এবং প্রথম প্রদর্শনীর আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানিত করা হয়।

 

নন-ফিচার বিভাগে লাদাখি চলচ্চিত্র Becoming, যার পরিচালক শ্রীমতী লীনা যাদব, শ্রী জি. কৃষ্ণকুমার, শ্রীমতী ডেলিলা লোবো এবং শ্রী আশুতোষ গোয়ারিকরের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন। চলচ্চিত্রটি লাদাখের এক তরুণ ছেলের আধ্যাত্মিক যাত্রাকে তুলে ধরে, যা সময়, স্মৃতি ও একাধিক জীবনকালের সীমা অতিক্রম করে। চলচ্চিত্রটির পরিচালক শ্রীমতী লীনা যাদব ছবিটির পরিচয় তুলে ধরে সীমানার ঊর্ধ্বে জীবনের ধারণা নিয়ে তাঁর বক্তব্য রাখেন।

 

ফিচার বিভাগে পরিচালক শ্রী আদিত্য ধরের চলচ্চিত্র Dhurandhar-এর প্রতিনিধিত্ব করেন প্রবীণ অভিনেতা শ্রী রাকেশ বেদি। তাঁকে শ্রী চঞ্চল কুমার এবং শ্রী আশুতোষ গোয়ারিকর স্মারক প্রদান করে সম্মানিত করেন। শ্রী বেদি পরিচালক আদিত্য ধরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং চলচ্চিত্রে একটি ব্যতিক্রমী গুপ্তচর চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা তুলে ধরেন।

 

উদ্বোধনী চলচ্চিত্র দুটির প্রদর্শনীর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এর সঙ্গে IFFI ২০২৬-এ ‘ইন্ডিয়ান প্যানোরামা’-র চলচ্চিত্র প্রদর্শনীর সূচনা হয়।

 

IFFILOID পড়ুন:https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1&reg=48

 

 

*****************

 

 

SC/PK


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2339827
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026