গোয়া, ১৮ নভেম্বর ২০২৬
বিভিন্ন সংস্কৃতি ও বয়সের গণ্ডি পেরিয়ে, সাধারণ রেখাচিত্রকে গভীর আবেগপূর্ণ গল্পে রূপান্তরিত করার এক অনন্য ক্ষমতা রয়েছে অ্যানিমেশনের। চলচ্চিত্র সংক্রান্ত পরিধি আরও বিস্তৃত করে, ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI) ২০২৬-এ যুক্ত করা হয়েছে একটি বিশেষ ‘অ্যানিমেশন’ বিভাগ। অ্যানিমেটেড গল্পের শৈল্পিক উৎকর্ষ ও গভীর আবেগকে উদযাপন করাই এর লক্ষ্য। জাপান, ফ্রান্স, চীন, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্র থেকে বাছাই করা পাঁচটি অসাধারণ আন্তর্জাতিক অ্যানিমেটেড পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র নিয়ে সাজানো এই বিভাগটি এমন সব সিনেমা তুলে ধরবে, যা কেবল চোখকেই মুগ্ধ করে না, বরং হৃদয়কেও গভীরভাবে স্পর্শ করে।
আধুনিক রোমান্স ও সামাজিক উদ্বেগের এক সংবেদনশীল দিক উন্মোচন করেছে জাপানি অ্যানিমেটেড চলচ্চিত্র ‘চেরি অ্যান্ড ভার্জিন’ (Cherry and Virgin), এর পরিচালক মাসানাও কাওয়াজিরি। চলতি বছরের এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে দেখা যায় ৩২ বছর বয়সী এরোটিক মাঙ্গা শিল্পী রিও-কে, যে মেয়েদের সঙ্গে কথা বলতে গিয়ে হিমশিম খায়; অন্যদিকে ২৮ বছর বয়সী অ্যামি-র ক্ষেত্রেও বাস্তব জীবনে পুরুষদের সঙ্গে মেলামেশা করাটা বেশ কঠিন। নিজেদের ভয় এবং রোমান্টিক অভিজ্ঞতার অভাব সত্ত্বেও, তাদের দেখা হয় এবং ধীরে ধীরে তারা একে অপরকে বুঝতে শুরু করে। নিজেদের নিরাপত্তাহীনতাকে জয় করে তারা খুঁজে পায় এক প্রকৃত সম্পর্কের শান্ত বন্ধন।
লাইভ-অ্যাকশন ফুটেজ ও মাঙ্গা অ্যানিমেশনের সংমিশ্রণে তৈরি এই চলচ্চিত্রটি অত্যন্ত আন্তরিকতা ও রসবোধের সঙ্গে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। ওসাকা ইউনিভার্সিটি অফ আর্টস-এর স্নাতক কাওয়াজিরি এর আগে ২০১৮ সালে তাঁর অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘A Japanese Boy Who Draws’-এর জন্য বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ব্যাপক স্বীকৃতি পেয়েছিলেন। তিনি এমন এক মিশ্র নান্দনিক শৈলী গড়ে তুলেছেন, যা জাপানসহ আন্তর্জাতিক অঙ্গনেও ক্রমাগত প্রশংসা অর্জন করে চলেছে।
সমসাময়িক ব্যঙ্গ-বিদ্রূপে তীক্ষ্ণ বুদ্ধি ও আবেগ নিয়ে এসেছে ফরাসি অ্যানিমেটেড চলচ্চিত্র ‘জিম কুইন’, যা যৌথভাবে পরিচালনা করেছেন নিকোলাস আথানে এবং মার্কো নগুয়েন। প্যারিসের পটভূমিতে নির্মিত চলতি বছরের এই অ্যানিমেটেড ফিচারটির কেন্দ্রবিন্দুতে রয়েছে জিম, শহরের সমকামী মহলে প্রশংসিত একজন জনপ্রিয় ফিটনেস ইনফ্লুয়েন্সার। হেটেরোসিস নামের এক রহস্যময় ভাইরাস, সমকামী পুরুষদের বিষমকামীতে পরিণত করতে শুরু করলে তার জগৎ রাতারাতি ভেঙে পড়ে, যার ফলে সে তার অনুসারী, বন্ধু এবং সামাজিক মর্যাদা হারাতে থাকে। কেবল লুসিয়েন নামের এক অনুগত কিন্তু কম জনপ্রিয় যুবক তার পাশে থাকলে, জিম মারাই-এর রাস্তা ধরে এমন একজন ডাক্তারের খোঁজে বেরিয়ে পড়ে, যার কাছে এই রোগের নিরাময় রয়েছে বলে খবর ছড়িয়েছে।
উভয় পরিচালকই বিখ্যাত গোবেলিনস অ্যানিমেশন স্কুলে প্রশিক্ষণ নিয়েছেন। আথানে এর আগে ‘রেম্যান’ গেমস, ‘দ্য র্যা বাই’স ক্যাট’ এবং ‘দ্য রেড টার্টল’-এর পাশাপাশি ‘মিস্টার ফ্ল্যাপ’, ‘স্টার্টআপ হিরোস’ এবং ‘পিপুডো’-র মতো অ্যানিমেটেড সিরিজ সহ-পরিচালনা করেছেন। অন্যদিকে, নগুয়েন ‘দ্য র্যা বাই’স ক্যাট’, ‘আর্নেস্ট অ্যান্ড সেলেস্টাইন’ এবং ‘দ্য সামিট অফ দ্য গডস’-এর মতো ছবিতে তাঁর অবদান রেখেছেন।
দ্রুত পরিবর্তনশীল এক বিশ্বে একাকীত্ব, আকুতি এবং আসক্তির অন্বেষণ নিয়ে নির্মিত হয়েছে চীনা অ্যানিমেটেড চলচ্চিত্র ‘লাইট পিলার’, যা লেখক, পরিচালক এবং প্রোডাকশন ডিজাইনার শু ঝাও-এর চলতি বছরের প্রথম অ্যানিমেটেড ফিচার ফিল্ম। এমন এক ভবিষ্যতে এর প্রেক্ষাপট, যেখানে মহাকাশ ভ্রমণ একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। চলচ্চিত্রটির কাহিনী ঝা নামের একাকী এক পরিচ্ছন্নতাকর্মীকে কেন্দ্র করে, যে একটি দেউলিয়া ফিল্ম স্টুডিওর চত্বরের দেখাশোনা করে এবং ভার্চুয়াল জগতের এক নারীর প্রেমে পড়ে। চাঁদে তার সঙ্গী হওয়ার টিকিটের টাকা জোগাড় করতে অতিরিক্ত সময় কাজ করার পর ঝা আবিষ্কার করে যে তার টিকিটটি অবৈধ। যখন একজন পুরনো স্টুডিওটি ভেঙে ফেলতে আসে, তখন ঝা পেছনে থেকে যাওয়ার এবং তার চেনা একমাত্র জগতের সাথে বিলীন হয়ে যাওয়ার মর্মস্পর্শী সিদ্ধান্ত নেয়। ১৯৯১ সালে চীনের আনশানে জন্মগ্রহণকারী শু ঝাও বেইজিং ফিল্ম একাডেমি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং এর আগে তার অ্যানিমেটেড শর্ট ফিল্ম ‘নো চেঞ্জেস হ্যাভ টেকেন ইন আওয়ার লাইফ’-এর জন্য প্রশংসা লাভ করেন, আইএফএফআর-এ এর প্রিমিয়ার হয়েছিল।
সিঙ্গাপুর থেকে আসছে চীনা ভাষার অ্যানিমেটেড চলচ্চিত্র ‘ম্যাজিক অ্যাটলাস’, যা সান শুনের পরিচালনায় স্মৃতি ও প্রতিরোধের এক মর্মস্পর্শী রূপক। লুওচা নামের কয়লা-সমৃদ্ধ এক বিচ্ছিন্ন রাজ্যে এক রহস্যময় জাদুকরের আগমন ঘটে। তার উপস্থিতি আগে থেকেই উত্তেজনায় পূর্ণ সেই সমাজে ভয় ও অস্থিরতা ছড়িয়ে দেয়। শিয়াও ঝি নামের এক অনাথ বালকের সঙ্গে তাকেও গ্রেপ্তার করে কারাগারে বন্দি করা হয়। ‘মিমেং’ উৎসব— যেখানে নাগরিকদের তাদের অতীত ভুলিয়ে দেওয়া হয়—সেই উৎসবে জাদুকরকে যখন আগুনে পুড়িয়ে মারার প্রস্তুতি চলছে, ঠিক তার আগেই তিনি গোপনে সেই বালকটির হাতে একটি জাদুকরী মানচিত্র তুলে দেন। ১৯৮০ সালে চীনের ফুসিন-এ জন্মগ্রহণকারী সান শুন বেইজিং-ভিত্তিক একজন শিল্পী এবং চায়না একাডেমি অফ ফাইন আর্টস-এর স্নাতক; তিনি ২০০৫ সালে ‘পাই অ্যানিমেশন স্টুডিও’ প্রতিষ্ঠা করেন। ভেনিস ও বার্লিন চলচ্চিত্র উৎসবে তার কাজ প্রদর্শিত হয়েছে। লোকর্নো ও টোকিও চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার পর, তার ‘ম্যাজিক অ্যাটলাস’ এখন IFFI-তে প্রদর্শিত হতে যাচ্ছে।
এই বিভাগের আরেকটি চলচ্চিত্র হলো ইংরেজি ভাষার আমেরিকান অ্যানিমেটেড ছবি ‘Ray Gunn’, যার পরিচালনা করেছেন একাডেমি পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা ব্র্যাড বার্ড। ভবিষ্যতের মহানগর ‘মেট্রোপিয়া’-র প্রেক্ষাপটে নির্মিত এই গল্পে মানুষ ও ভিনগ্রহের প্রাণীরা একসঙ্গে বসবাস করে; সেখানে আকাশ জুড়ে উড়ন্ত গাড়ির ভিড়, আর প্রতিটি জিনিসেরই রয়েছে একটি মূল্য। ঝকঝকে বাহ্যিক রূপের আড়ালে সেখানে লুকিয়ে আছে ব্যাপক দুর্নীতি। এমন এক পরিবেশে ‘রে গান’ নামের এক সেকেলে প্রাইভেট ডিটেকটিভ—যিনি এমন এক পৃথিবীতে নিজের মূল্যবোধ আঁকড়ে ধরে রাখার লড়াই করছেন, তিনি নিজেই জড়িয়ে পড়েন এক জটিল পরিস্থিতির জালে। লেখক, পরিচালক, প্রযোজক এবং কণ্ঠশিল্পী হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত বার্ড আবেগ, হাস্যরস ও অ্যাকশনকে অত্যন্ত নিপুণভাবে এক সুতোয় গাঁথতে পারেন—তিনি ‘দ্য ইনক্রেডিবলস’, ‘রাটাটুই’ এবং ‘মিশন: ইম্পসিবল – ঘোস্ট প্রোটোকল’-এর মতো ধ্রুপদী চলচ্চিত্রে প্রদর্শিত তাঁর অনন্য গল্প বলার দক্ষতাকেই এই ছবিতে উপস্থাপিত করেছেন।
IFFI সম্পর্কে
১৯৫২ সালে প্রতিষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া’ (IFFI) বা ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হলো এশিয়ার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক, গোয়া সরকার এবং ‘এন্টারটেইনমেন্ট সোসাইটি অফ গোয়া’-র যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবটি বিশ্ব চলচ্চিত্রের সেরা নিদর্শনগুলির উপস্থাপনার পাশাপাশি, বিশ্বমঞ্চে ভারতীয় চলচ্চিত্র ও প্রতিভাকে তুলে ধরে। প্রতি বছর গোয়াতে অনুষ্ঠিত এই উৎসবটি সৃজনশীল মতবিনিময়, নতুন প্রতিভার সন্ধান এবং চলচ্চিত্রের মাধ্যমে সাংস্কৃতিক বোঝাপড়া গড়ে তোলার একটি মঞ্চ হিসেবে কাজ করে।