প্রকাশিত:
11 NOV 2026 8:52PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ নভেম্বর, ২০২৬
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ (১১ নভেম্বর, ২০২৬) নতুন দিল্লিতে স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার ২০২৫-২৬ প্রদান করলেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, শুধুমাত্র একটি সংস্থা পরিচ্ছন্নতার লক্ষ্য অর্জন করতে পারে না। এর জন্য প্রয়োজন প্রত্যেক নাগরিক, প্রত্যেক পরিবার, প্রত্যেক গোষ্ঠী এবং প্রত্যেক শহরের অংশগ্রহণ জরুরি। তিনি জোর দিয়ে বলেন, পরিচ্ছন্নতা শুধুমাত্র জনপরিসরের নান্দনিক সৌন্দর্য বজায় রাখার বিষয় নয়। এটি আমাদের স্বাস্থ্য, সামাজিক সচেতনতা এবং প্রশাসনিক দায়বদ্ধতারও একটি সূচক। এটি আমাদের বাড়ির অভ্যাসেরও প্রতিফলন।
রাষ্ট্রপতি বলেন, প্রত্যেক নাগরিক, বিশেষ করে যুবক, মহিলা, আবাসিক কল্যাণ সমিতি এবং সামাজিক সংগঠনগুলির পরিচ্ছন্নতার বিভিন্ন দিকের সঙ্গে যুক্ত হওয়া উচিত। তাদের নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া উচিত এবং যেকোনো ঘাটতির কথা জানানো উচিত, যার সমাধান আমাদের শহরগুলিকে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর করে তুলতে সাহায্য করতে পারে। এর মাধ্যমে পৌর প্রশাসন এবং নাগরিকদের মধ্যে একটি চলমান সংলাপ গড়ে উঠবে, যা আস্থা, স্বচ্ছতা এবং দায়বদ্ধতাকে আরও জোরালো করবে।
রাষ্ট্রপতি বলেছেন, নিজেদের চারপাশের পরিচ্ছন্নতা মূল্যায়নের ক্ষেত্রে নাগরিকরাই সর্বোত্তম নির্ণায়ক। সুতরাং, নাগরিক মতামতের ব্যবহার শুধুমাত্র জরিপ বা র্যাঙ্কিংয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। বরং, এই মতামত পৌর পরিষেবার উন্নতি এবং স্থানীয় সমস্যা মোকাবিলার জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করা উচিত।
রাষ্ট্রপতি বলেছেন, স্যানিটেশন ক্ষেত্রে কার্যকর, সাশ্রয়ী এবং নিরাপদ প্রযুক্তি বিকাশের প্রয়োজন রয়েছে। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, বেশ কয়েকটি আইআইটি এবং অন্যান্য বৈজ্ঞানিক গবেষণা সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠান এই দিকে সক্রিয়ভাবে কাজ করছে।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, স্যানিটেশনের ক্ষেত্রে বেশ কয়েকটি স্টার্টআপের আবির্ভাব ঘটেছে। তিনি বলেন,, এই ধরনের উদ্যোগগুলি বাস্তব স্যানিটেশন সংক্রান্ত সমস্যা সমাধানে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে এবং একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগও তৈরি করতে পারে।
রাষ্ট্রপতি বলেন, টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরগুলির সক্ষমতা বৃদ্ধির উপর বিশেষ জোর দেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ এগুলি দ্রুততম ক্রমবর্ধমান নগর কেন্দ্র। তাদের স্বতন্ত্র চাহিদা এবং প্রতিবন্ধকতা রয়েছে। তাদের নির্দিষ্ট সমস্যা ও প্রতিবন্ধকতা অপসারণের জন্য তৈরি একটি জাতীয় কাঠামোর মধ্যে তাদের উন্নয়ন হওয়া উচিত। তিনি বলেন, টিয়ার-২ শহরগুলির পরিকল্পনাবিদরা টিয়ার-১ শহরগুলির সমস্যা থেকে শিখতে পারেন এবং তা করার জন্য তাদের টিয়ার-১ শহরগুলির পরিকল্পনা যারা করেছেন তাঁদের অভিজ্ঞতা থেকে শেখা উচিত।
কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক আয়োজিত স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার, ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরগুলিকে সম্মানিত করে এবং স্বচ্ছ ভারত মিশন-আরবান-এ তাদের অসামান্য অবদানের স্বীকৃতি দেয়।
SC/AP/SKD/