প্রকাশিত:
26 OCT 2026 1:37PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৬ অক্টোবর, ২০২৬
আকাশবাণী ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী, জাতীয় ঐক্যের স্থপতি যাঁকে ভারতের লৌহমানব বলে উল্লেখ করা হয় তাঁর স্মরণে ১৯৫৫ থেকে বার্ষিক সর্দার বল্লভভাই প্যাটেল বক্তৃতামালার আয়োজন করে আসছে। এই বক্তৃতামালা তাঁর সুদূর প্রভাবী উত্তরাধিকারকে স্মরণ করতেই আয়োজন করা হয়।
এই সম্মানজনক বক্তৃতামালার ৬৭তম সংস্করণ আয়োজিত হচ্ছে ২৭ অক্টোবর, ২০২৬-এ দুপুর ৩টেয় নতুন দিল্লির সংসদ মার্গে আকাশবাণীর রং ভবন প্রেক্ষাগৃহে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান এই বক্তৃতা প্রদান করবেন। বক্তৃতার রেকর্ডিং সম্প্রচার করা হবে সর্দার প্যাটেলের জয়ন্তী ৩১ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিটে আকাশবাণীর সবকটি নেটওয়ার্কে।
এই বক্তৃতামালার উদ্বোধনী ভাষণটি দিয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, ভারতরত্ন শ্রী সি. রাজাগোপালাচারী। সেই থেকে বিশিষ্ট নেতা, বিজ্ঞানী ও ঐতিহাসিকদের মতো নক্ষত্র এই মঞ্চকে আলোকিত করেছেন। এঁদের মধ্যে কয়েকজন বিখ্যাত ব্যক্তি হলেন— ড. জাকির হোসেন, ড. এ.পি.জে. আব্দুল কালাম, শ্রী মোরারজি দেশাই, ড. করণ সিং, ড. এম.এস. স্বামীনাথন, বিচারপতি শ্রীমতী লীলা শেঠ, শ্রী রামনাথ কোবিন্দ, শ্রী অরুণ জেটলি, শ্রী অজিত ডোভাল, ড. এস. জয়শঙ্কর, জেনারেল বিপিন রাওয়াত এবং ড. এস. সোমনাথ। গত বছর ৬৬তম বক্তৃতাটি প্রদান করেছিলেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ড. মনসুখ মান্ডভিয়া।
এই বার্ষিক অনুষ্ঠান নানা ভাবনা চিন্তা এবং বিভিন্ন বিষয়ে দৃষ্টিভঙ্গির ভাণ্ডার হিসেবে কাজ করে এবং আমাদের বৈচিত্র্যময় সংস্কৃতি ও উন্নয়নের বিষয়গুলিকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে। গত কয়েক বছরে এই বক্তৃতাগুলি তাদের জন্য মূল্যবান জ্ঞানের ভাণ্ডার হয়ে উঠেছে, যাঁরা ভারতকে বুঝতে চান। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা তাঁদের বৌদ্ধিক অবদান নিয়ে এই বক্তৃতামালাকে একটি অনুপম ঐতিহ্য করে তুলতে সাহায্য করেছেন।
এই অনুষ্ঠানে সকলেই প্রবেশ করতে পারবে আগে আসার ভিত্তিতে প্রেক্ষাগৃহে আসনের প্রাপ্যতা অনুসারে।
বক্তৃতামালার পুরনো সংস্করণগুলি দেখতে প্রসারভারতীর সরকারি ইউটিউব আরকাইভ দেখুন -
http:// https://youtube.com/playlist?list=PLqtVCj5iilH4WmBlnHhj3XiR_v0E7elJh&si=TxICk_ChZVu5V5Rj
SC/AP/SKD