স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক
স্বাস্থ্য পরিষেবার খরচ সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশ্য চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের
উদ্দেশ্য - রোগীদের সচেতন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা, বিল সংক্রান্ত বিরোধ এড়ানো এবং স্বাস্থ্য পরিষেবার প্রতি আস্থা বৃদ্ধি
চিকিৎসা ও আয়ুষ ভিসায় ভারতে আসা বিদেশি রোগীদের জন্য প্যাকেজের মূল্যতালিকা স্বচ্ছভাবে প্রদর্শনের উপরেও জোর
পোস্ট করার দিনক্ষণ:
12 OCT 2026 1:05PM by PIB Agartala
নয়াদিল্লি, ১২ অক্টোবর,২০২৬: স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা, জবাবদিহি এবং রোগীকেন্দ্রিক পরিষেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্টে অর্থাৎ যাবতীয় চিকিৎসা প্রতিষ্ঠানে প্রদত্ত পরিষেবা ও সুযোগ-সুবিধার জন্য ধার্য মূল্যতালিকা স্পষ্টভাবে প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব শ্রীমতী পুণ্য সলিলা শ্রীবাস্তব এ বিষয়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি লিখেছেন। চিঠিতে প্রযোজ্য নিয়ন্ত্রক বিধিবিধান মেনে চলার বিষয়টি পর্যালোচনা করার পাশাপাশি রোগী ও তাঁদের পরিজনদের সুবিধার্থে স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন খরচের তথ্য স্পষ্টভাবে দৃশ্যমান এবং সহজলভ্য করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্য পরিষেবার মূল্য নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব উল্লেখ করেছেন, পরিষেবার মূল্যতালিকা স্বচ্ছতার সঙ্গে সহজলভ্যভাবে প্রদর্শন করা হলে রোগী ও তাঁদের পরিবার চিকিৎসার সম্ভাব্য খরচ সম্পর্কে ধারণা পেতে পারবেন। এর ফলে তাঁরা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সচেতন সিদ্ধান্ত নিতে এবং চিকিৎসার ব্যয় পরিকল্পনা করতে সক্ষম হবেন। মূল্যতালিকার ক্ষেত্রে স্বচ্ছতা বৃদ্ধি পেলে অপ্রয়োজনীয় বিভ্রান্তি ও বিল সংক্রান্ত বিরোধ কমবে। পাশাপাশি, স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় হবে।
চিঠিতে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টস (রেজিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন) আইন, ২০১০ এবং ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টস (সেন্ট্রাল গভর্নমেন্ট) বিধি, ২০১২-এর উল্লেখ করা হয়েছে। এই আইন ও বিধির মাধ্যমে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টগুলির জন্য একটি নিয়ন্ত্রক কাঠামো নির্ধারণ করা হয়েছে। যে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই আইন প্রযোজ্য, সেখানে সংশ্লিষ্ট ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টগুলিকে প্রতিটি ধরনের পরিষেবা এবং উপলব্ধ সুযোগ-সুবিধার জন্য ধার্য মূল্যতালিকা এমন একটি সুস্পষ্ট স্থানে প্রদর্শন করতে হয়, যা রোগী ও তাঁদের পরিজনদের সহজেই নজরে আসে। এই মূল্যতালিকা স্থানীয় ভাষার পাশাপাশি ইংরেজিতেও প্রদর্শন করা বাধ্যতামূলক।
অন্যদিকে, যে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই আইন প্রযোজ্য নয়, সেখানে সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব আইন ও বিধিবিধান অনুসারে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টগুলি অর্থাৎ যাবতীয় চিকিৎসা প্রতিষ্ঠানগুলি নিয়ন্ত্রিত হয়। এই ধরনের একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব নিয়ন্ত্রক কাঠামোতেও স্বাস্থ্য পরিষেবা ও সুযোগ-সুবিধার মূল্যতালিকা প্রদর্শনের বিধান রয়েছে।
স্বাস্থ্য একটি রাজ্য-তালিকাভুক্ত বিষয় হওয়ায় প্রযোজ্য নিয়মকানুন কার্যকর করা এবং সেগুলি মেনে চলা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উপরেই ন্যস্ত রয়েছে। এই বিষয়টি উল্লেখ করে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিধিবিধানের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য মুখ্যসচিবদের প্রতি আহ্বান জানিয়েছেন।
চিঠিতে বিদেশি রোগীদের জন্য স্বাস্থ্য পরিষেবার মূল্য নির্ধারণে স্বচ্ছতার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। চিকিৎসা বা আয়ুষ ভিসায় ভারতে আসা বিদেশি রোগীদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে চিকিৎসার বিভিন্ন প্যাকেজের মূল্যতালিকা স্পষ্টভাবে প্রদর্শনের ব্যবস্থা করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে উৎসাহিত করা হয়েছে। এর ফলে বিদেশি রোগীরা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। পাশাপাশি, চিকিৎসার খরচ ও বিল সংক্রান্ত অভিযোগ কমবে এবং চিকিৎসা ও আয়ুষ পরিষেবার ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব এ বিষয়ে মুখ্যসচিবদের আন্তরিকভাবে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এ বিষয়ে যথাযথ তদারকি করার জন্য অনুরোধ জানিয়েছেন । পাশাপাশি, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং যাবতীয় চিকিৎসা প্রতিষ্ঠানগুলিকে যথাযথ পরামর্শ ও নির্দেশ দেওয়ার জন্য মুখ্য সচিবদের অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য সচিব। এর মধ্যে রয়েছে প্রযোজ্য নিয়মকানুন অনুসারে মূল্যতালিকা এমন স্থানে প্রদর্শন নিশ্চিত করা, যা স্পষ্টভাবে দৃশ্যমান এবং রোগী ও তাঁদের পরিজনদের কাছে সহজলভ্য ।
এই উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং রোগীদের প্রয়োজনের প্রতি সংবেদনশীল করে তোলার ক্ষেত্রে ভারত সরকারের অঙ্গীকার আরও জোরদার হয়েছে। রোগীকেন্দ্রিক স্বাস্থ্য পরিষেবার অবিচ্ছেদ্য অংশ হিসেবে চিকিৎসার খরচ সম্পর্কিত স্পষ্ট তথ্য নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
*****
PS/PKS/KMD
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2322278)
ভিজিটরদের কাউন্টার : 9