স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলিকে বিভিন্ন পরিষেবার জন্য ধার্য করা অর্থের পরিমাণ যথাযথভাবে জনসমক্ষে প্রকাশ করা নিশ্চিত করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কেন্দ্রের পরামর্শ

প্রকাশিত: 12 OCT 2026 1:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ অক্টোবর, ২০২৬

 

রোগীদের সুবিধার্থে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বজায় রেখে যথাযথ পরিষেবা প্রদান নিশ্চিত করতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছে। এর লক্ষ্য, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলিকে বিভিন্ন পরিষেবার জন্য ধার্য করা অর্থের পরিমাণ যথাযথভাবে জনসমক্ষে প্রকাশ করা। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব শ্রীমতী পূণ্য সলিলা শ্রীবাস্তব প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের এই মর্মে যে চিঠি পাঠিয়েছেন তাতে বলা হয়েছে, রোগী এবং তাঁদের পরিজনের কাছে কোন কোন পরিষেবা বাবদ কত অর্থ দিতে হবে সেই বিষয়টি স্পষ্টভাবে জানানো প্রয়োজন। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব এই ধরনের পরিষেবার জন্য মূল্য নির্ধারণের বিষয়টি যাতে স্বচ্ছভাবে হয়, সেটি নিশ্চিত করার ওপর বাড়তি গুরুত্ব আরোপ করেছেন।

এ সংক্রান্ত চিঠিতে ২০১০ সালের স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের নিবন্ধন ও পরিচালন সংক্রান্ত আইন ও ঐ প্রতিষ্ঠানগুলির জন্য ২০১২ সালের একটি কেন্দ্রীয় সরকারি আইনের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। এই আইনে বলা আছে, রোগীকে যে পরিষেবা দেওয়া হবে তার বর্ণনা সম্বলিত হোর্ডিং স্থানীয় ভাষায় এবং ইংরেজিতে এমন একটি জায়গায় রাখতে হবে যা সকলের দৃষ্টিগোচর হবে। যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই আইনটি কার্যকর নয়, সেখানে এ ধরনের প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ প্রয়োজনীয় আইন অনুযায়ী হবে।

যদিও স্বাস্থ্য রাজ্যের আওতাধীন এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নিয়ম সংশ্লিষ্ট রাজ্যগুলির আইন অনুসারে কার্যকর করতে হয়, তা সত্ত্বেও কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজ্যগুলির মুখ্য সচিবকে বিষয়টি যথাযথভাবে কার্যকর করার আহ্বান জানিয়েছেন। এক্ষেত্রে মুখ্য সচিবদের ব্যক্তিগতভাবে উদ্যোগী হওয়ারও পরামর্শ দেওয়া হয়। ঐ চিঠিতে বিদেশ থেকে চিকিৎসা করতে আসা রোগীদের বিষয়টিকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। মেডিকেল বা আয়ুষ ভিসা নিয়ে যাঁরা এ দেশে চিকিৎসা করাতে আসবেন, তাঁদের আগে থেকেই বিভিন্ন পরিষেবা বাবদ কত অর্থ ব্যয় হবে, সেই বিষয়টি জানাতে হবে। এর ফলে, ভারত চিকিৎসা এবং আয়ুষ ক্ষেত্রে সারা পৃথিবীর কাছে এক আস্থাভাজন গন্তব্য হয়ে উঠবে। 

 

 

SC/CB/DM.


(রিলিজ আইডি: 2322269) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Gujarati , Tamil , Kannada , Malayalam