সংস্কৃতিমন্ত্রক
কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত প্রধানমন্ত্রীর স্মারক সামগ্রীর ই-নিলামের অষ্টম সংস্করণের সূচনা করেছেন
প্রকাশিত:
16 SEP 2026 6:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ নতুনদিল্লিতে 'প্রধানমন্ত্রীকে প্রদত্ত স্মারক সামগ্রীর ই-নিলাম'-এর অষ্টম সংস্করণের সূচনা করেছেন। উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রকের সচিব শ্রী বিবেক আগরওয়াল। এই নিলাম সাধারণ নাগরিক, সংগ্রাহক, বিভিন্ন প্রতিষ্ঠান এবং শিল্প ও সংস্কৃতিপ্রেমীদের বিভিন্ন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে প্রদান করা অনন্য স্মারক সামগ্রী সংগ্রহের সুযোগ করে দিচ্ছে। 'প্রধানমন্ত্রীকে প্রদত্ত স্মারক সামগ্রীর ই-নিলাম'-এর এই অষ্টম সংস্করণটি ১৭ই সেপ্টেম্বর ২০২৬ থেকে অফিসিয়াল পোর্টাল www.pmmementos.gov.in-এর মাধ্যমে শুরু হবে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানান যে, এই সংস্করণে মোট ১,৪৯৮টি স্মারক বা উপহার সামগ্রী প্রদর্শিত ও নিলামের জন্য রাখা হয়েছে। তিনি বলেন, এই সংগ্রহটি ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন। এতে দেশের শৈল্পিক ঐতিহ্য, চিরাচরিত কারুশিল্প, সাংস্কৃতিক রীতিনীতি, আধ্যাত্মিক ঐতিহ্য এবং ক্রীড়া ক্ষেত্রে অর্জিত সাফল্যের প্রতীকী নিদর্শনসমূহ অন্তর্ভুক্ত রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই স্মারকগুলো সংগ্রহ করা হয়েছে। এরফলে এই সংগ্রহ এক অনন্য সর্বভারতীয় রুপ লাভ করেছে।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে, এই সংগ্রহে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্ব ভারতের ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তিনি জানান, উল্লেখযোগ্য প্রতিনিধিত্বকারী রাজ্যগুলোর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, আসাম, বিহার ও ওড়িশা। অষ্টম সংস্করণে ৫০টি বিশেষ 'হিরো অবজেক্ট' বা প্রধান আকর্ষণ হিসেবে চিহ্নিত নিদর্শন অন্তর্ভুক্ত করা হয়েছে বলে শ্রী শেখাওয়াত জানান। এর মধ্যে রয়েছে কর্ণাটক থেকে পাওয়া ভগবান রামের একটি রৌপ্য স্মারক (ভিত্তিমূল্য ১৩.৫০ লক্ষ টাকা), কাকতীয় কলা তোরণমের একটি রৌপ্য প্রতিকৃতি (ভিত্তিমূল্য ৯ লক্ষ টাকা), বাঁধাই করা 'ট্রি অফ লাইফ' গন্ড শিল্পকর্ম (ভিত্তিমূল্য ৭.৫০ লক্ষ টাকা), রথে আসীন জগন্নাথ পরিবার (ভিত্তিমূল্য ৬ লক্ষ টাকা), এবং ৯৯.৯৯ বিশুদ্ধ স্বর্ণের প্রলেপযুক্ত বাঁধাই করা রাধা-কৃষ্ণের শিল্পকর্ম (ভিত্তিমূল্য ৫.৪০ লক্ষ টাকা)।
শ্রী শেখাওয়াত বলেন, প্রধানমন্ত্রীর স্মারক সামগ্রীর এই ই-নিলাম পর্যায়ক্রমিক সংস্করণের মাধ্যমে আয়োজিত হয়ে আসছে এবং এতে সাধারণ নাগরিক, সংগ্রাহক ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। তিনি বলেন যে, এই উদ্যোগটি স্মারক সামগ্রীগুলোকে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি ভারতের বৈচিত্র্যময় শৈল্পিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে উপলব্ধি করার সুযোগ সৃষ্টি করে। এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্মারক ই-নিলামের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো—নিলাম থেকে প্রাপ্ত অর্থ 'নমামি গঙ্গে' কর্মসূচিতে হস্তান্তর করা হয়। তিনি বলেন, এর ফলে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য এবং গঙ্গা নদী পুনরুদ্ধার ও সংরক্ষণের জাতীয় অভিযানের মধ্যে একটি অর্থবহ সংযোগ স্থাপিত হয়।
সংস্কৃতি মন্ত্রকের আওতাধীন নতুনদিল্লির 'ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট' (এনজিএমএ) এই উদ্যোগের নথিপত্র প্রস্তুতকরা, প্রদর্শনী আয়োজন এবং পরিচালন সংক্রান্ত বিষয়গুলোর সমন্বয় সাধন করেছে। এই প্রক্রিয়ায় বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয় সাধনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে প্রযুক্তিগত ও পোর্টাল-সংক্রান্ত সহায়তার জন্য এনআইসি, মূল্যায়ন ও মূল্য নির্ধারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পেমেন্ট গেটওয়ে সহায়তার জন্য এসবিআই এবং সফলভাবে ক্রয়কৃত সামগ্রী প্যাকিং ও সরবরাহের জন্য নির্ধারিত 'ফাইন আর্ট হ্যান্ডলিং এজেন্সি'।
এর পাশাপাশি আয়োজিত একটি প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীরা ই-নিলামে অংশগ্রহণের আগেই এই স্মারকগুলো দেখার এবং এগুলোর শৈল্পিক ও সাংস্কৃতিক গুরুত্ব অনুধাবন করার সুযোগ পাবেন। এছাড়া, এই প্রদর্শনীর সংগ্রহে প্রতিফলিত ভারতের ঐতিহ্যবাহী কারুশিল্প, শৈল্পিক চর্চা এবং সাংস্কৃতিক অভিব্যক্তির বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ করে দেবে।
সংস্কৃতি মন্ত্রক ভারতের নাগরিক, সংগ্রাহক, বিভিন্ন প্রতিষ্ঠান, কর্পোরেট সংস্থা, শিল্পানুরাগী এবং সর্বসাধারণকে ‘প্রধানমন্ত্রী-প্রাপ্ত স্মারক সামগ্রীর ই-নিলাম’-এর অষ্টম সংস্করণে অংশ নিতে, প্রদর্শনীটি ঘুরে দেখতে এবং সংরক্ষিত সামগ্রীগুলি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছে।
‘প্রধানমন্ত্রী-প্রাপ্ত স্মারক সামগ্রীর ই-নিলাম’ হলো এমন একটি উদ্যোগ যা ভারতের ঐতিহ্য, শিল্পকলা, কারুশিল্প ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে উদযাপন করে। এর পাশাপাশি এটি ‘নমামি গঙ্গে’ কর্মসূচির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগে অবদান রাখে ও জনগণের অংশগ্রহণকেও নিশ্চিত করে।
SC/PM/SB
(রিলিজ আইডি: 2311311)
ভিজিটরের কাউন্টার : 2