প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

উজবেকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রীর বিবৃতির বঙ্গানুবাদ

প্রকাশিত: 30 AUG 2026 4:41PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ অগাস্ট, ২০২৬ 

 

মান্যবর, বন্ধুবর রাষ্ট্রপতি,

উভয় দেশের প্রতিনিধিগণ,

গণমাধ্যমের বন্ধুগণ,

নমস্কার!

 

তাসখন্দে আমাকে এবং আমার প্রতিনিধিদলকে ঊষ্ণ ও আন্তরিক শুভেচ্ছা জানানোয় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই।

উজবেকিস্তানে এটি আমার চতুর্থ সরকারি সফর। আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক, ঘনিষ্ঠ সমন্বয় এবং গভীর বন্ধুত্বের এ' এক প্রতিফলন। 

প্রায় এক দশক ধরে রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার আমার সৌভগ্য হয়েছে। এই সময়কালে দশ বারেরও বেশি তাঁর সঙ্গে আমার সাক্ষাতের সুযোগ হয়েছে। 

তাঁর সদর্থক, দূরদৃষ্টিমূলক ভূমিকা এবং ক্রম জ্ঞানস্পৃহা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমাদের উভয় সম্পর্কে তাঁর অবিচল দায়বদ্ধতা এবং ভারতের প্রতি গভীর বন্ধুত্ব সুলভ মানসিকতার জন্য আমি তাঁর প্রশংসা করছি। 

 

বন্ধুগণ,

উজবেকিস্তানের অবস্থান মধ্য এশিয়ার কেন্দ্রস্থলে এবং এই এলাকার সঙ্গে ভারতের সম্পর্কেও তা কেন্দ্রীয় জায়গা নিয়ে রয়েছে। দৃষ্টিভঙ্গী ও অনুপ্রেরণাগত ক্ষেত্রে ভারত ও উজবেকিস্তানের মধ্যে গভীর ঐক্যের সম্পর্ক রয়েছে। ‘ইয়াংগি উজবেকিস্তান’ এবং ‘বিকশিত ভারত ২০৪৭’ আমাদের দুই দেশের যুব শক্তি, উদ্ভাবন, অন্তর্ভুক্তিমূলক বিকাশ এবং আধুনিক প্রযুক্তি কেন্দ্রস্থান দখল করে রয়েছে। এই অভিন্ন দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমরা উভয় দেশের জনসাধারণের সমৃদ্ধি ও কল্যাণের লক্ষ্যে কাজ করছি। 

এই বছর কৌশলগত সম্পর্কের ১৫তম বার্ষিকী। এই উপলক্ষ্যে আমরা আমাদের সম্পর্ককে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি। 

এই নব পরিকাঠামোতে আমাদের অংশীদারিত্বে আরও গতিসঞ্চার এবং সদর্থক ফলাফলের লক্ষ্যে আমরা আজ এক উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা তৈরি করেছি। 

আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। ২০৩০ সালের মধ্যে আমরা এই লক্ষ্যকে ৫ বিলিয়ন ডলারে নিয়ে যেতে চাই। এই লক্ষ্য অর্জনে বাজারের সুযোগ, সংযোগ, ব্যাঙ্কিং এবং পেমেন্ট ব্যবস্থা সংক্রান্ত বিষয়গুলিতে আমরা ধারাবাহিকভাবে আলোকপাত করব। 

পরিকাঠামোগত উন্নয়নে লাভদায়ক সহযোগিতার লক্ষ্যে আমরা কাজ করব। ডিজিটাল জনপরিকাঠামো, কৃত্রিম মেধা, গুরুত্বপূর্ণ ধাতব, পরিবেশ-বান্ধব জ্বালানী, মহাকাশ, পরমাণু শক্তির ক্ষেত্রে সহযোগিতা আমাদের ভবিষ্যৎ-বান্ধব সম্পর্ক গড়ে দেবে। 

 

বন্ধুগণ,

আমাদের পরস্পর পরিপূরক শক্তি আমাদের কৃষি ও স্বাস্থ্য ক্ষেত্রে সঞ্চারিত। বাগিচা ক্ষেত্রে উজবেকিস্তানের দক্ষতার সঙ্গে ভারতের আধুনিক কৃষি ব্যবস্থাপনার সম্মিলনে আমরা উভয় দেশের খাদ্য সুরক্ষায় অবদান গড়ে তুলব। 

উজবেকিস্তানের ভেষজ উদ্ভিদ ও ভারতের আয়ুর্বেদ ক্ষেত্রে দক্ষতাও এক সহজাত সংমিশ্রণ। প্রথাগত ওষুধ নিয়ে আজ আমরা যে চুক্তিতে পৌঁছেছি, তা এক্ষেত্রে যৌথ প্রয়াসকে আরও শক্তি যোগাবে। 

আমাদের প্রয়াস হ’ল – দ্বিপাক্ষিক অংশীদারিত্ব কেবল দুই রাজধানীর মধ্যে যাতে আটকে না পড়ে, তা নিশ্চিত করা। ফলে, আমরা আমাদের শহর ও রাজ্যগুলির মধ্যে এই অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। এই অংশীদারিত্ব শহর ব্যবস্থাপনা, শিল্প, শিক্ষা, পর্যটন এবং সংস্কৃতি ক্ষেত্রে সুস্থায়ী প্রত্যক্ষ সম্পর্কের প্রসার ঘটাবে। 

দু’দেশের মধ্যে প্রতিরক্ষা ও সুরক্ষা ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা আমাদের সম্পর্কের পারস্পরিক গভীর বিশ্বের প্রতিফলন। এই লক্ষ্যে প্রসারিত হয়ে আমরা প্রত্যক্ষ সংযোগ, যৌথ উৎপাদন এবং দু’দেশের প্রতিরক্ষা শিল্প ক্ষেত্রে যৌথ উন্নয়নের পথকে প্রসারিত করব।

আমাদের বিশ্বাস, সন্ত্রাসবাদ, উগ্রপন্থা ও বিচ্ছিন্নতাবাদ সমগ্র অঞ্চলে এক গভীর চ্যালেঞ্জ তৈরি করেছে। 

আমাদের যৌথ সংকল্প হ’ল – এক্ষেত্রে শূন্য সহিষ্ণুতার অভিন্ন সংকল্পে অবিচল থাকা।

 

বন্ধুগণ,

আমাদের অভিন্ন ঐতিহ্যের গভীরে প্রোথিত রয়েছে আমাদের সম্পর্কের নিগূঢ় বন্ধন। এই বন্ধনকে আরও শক্তিশালী করতে আজ আমরা বিশেষ গুরুত্ব আরোপ করেছি। 

আমরা উজবেকিস্তানের বৌদ্ধ ঐতিহ্য স্থলগুলির সংরক্ষণে একযোগে কাজ করব। দু’দেশের যুবসম্প্রদায়, বিশেষত ছাত্র ও পেশাদারদের মধ্যে সম্পর্ক বিনিময় আমাদের কাছে অগ্রাধিকার। আমরা দু’দেশের পর্যটন প্রসারে সহযোগিতামূলক কর্মসূচিতে আজ একমত হয়েছি। আমি আজ এই ঘোষণা করতে পেরে খুশি যে, উজবেকিস্তানে হিন্দি ভাষার প্রসারে আমরা বৃত্তি প্রদান করতে চলেছি। 

দ্বিপাক্ষিক সহযোগিতার আরও এক উদ্ভূত গুরুত্বপূর্ণ দিক হয়ে দেখা দিচ্ছে ক্রীড়া। গত বছর ২০ বছর বয়সী উজবেক গ্র্যান্ড মাস্টার সিন্দারভ গোয়ায় ফিড বিশ্বকাপ জিতেছিলেন। তিনি এবার এই নভেম্বরে ২০ বছর বয়সী ভারতীয় দাবারু গুকেশের মুখোমুখি হবেন। এই দুই তরুণ নক্ষত্র যখন দাবার বোর্ডে মুখোমুখী হবেন, সমগ্র বিশ্ব কৌতূহলভরে তাঁদের প্রতিযোগিতাকে প্রত্যক্ষ করবে। আগামী মাসে সমরখন্দে দাবা অলিম্পিয়াডের জন্য আমি আমার আন্তরিক শুভেচ্ছা ব্যক্ত করছি। আগামী দিনে প্রথাগত ক্রীড়া, যেমন – কুরাশ এবং কাবাডি আমাদের ক্রীড়া সহযোগিতায় নবশক্তি প্রাপ্ত হবে। 

আজকের আলোচনা আমাদের ভবিষ্যৎ সম্পর্কের এক স্পষ্ট বিন্যাস গড়ে দিয়েছে। আরও বলিষ্ঠ ভারত – উজবেকিস্তান অংশীদারিত্ব শান্তি, অগ্রগতি এবং মধ্য এশিয়ার সমৃদ্ধিতে এক প্রবল শক্তি হয়ে দেখা দেবে।

মান্যবর, 

আরও একবার আপনার বন্ধুভাবাপন্ন মানসিকতা এবং আজকের সদর্থক আলোচনার জন্য ধন্যবাদ জানাই। 

দু’দিনের মধ্যে উজবেকিস্তান তাদের স্বাধীনতার ৩৫ বছর উদযাপন করবে। ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে এই উপলক্ষ্যে আমি আপনাকে ঊষ্ণতম অভিনন্দন এবং উজবেকিস্তানের নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। 

আপনাদের অনেক অনেক ধন্যবাদ।

 

SC/AB/SB…


(রিলিজ আইডি: 2304916) ভিজিটরের কাউন্টার : 5