রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

পানীয় জলের ট্যাঙ্ক এবং ফিল্টার পরিষ্কার ও জীবাণুমুক্ত করার জন্য ভারতীয় রেলে বিশেষ উদ্যোগ

प्रविष्टि तिथि: 24 AUG 2026 11:37AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪  অগাস্ট  ২০২৬

 

রেলস্টেশনে যাত্রীদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে, ভারতীয় রেল সমগ্র রেল নেটওয়ার্ক জুড়ে পানীয় জলের ট্যাঙ্ক ও ফিল্টার করার ব্যবস্থা পরিষ্কার ও জীবাণুমুক্ত করার জন্য  পরিচ্ছন্নতার বিশেষ একটি অভিযান শুরু করেছে।   

ভারতীয় রেলের পানীয় জলের গুণমান ব্যবস্থাপনাকে শক্তিশালী করে তোলার বৃহৎ এক কর্মপরিকল্পনার আওতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে । এর মাধ্যমে  ব্যবহারের ঠিক আগের পর্যায়ে জল পরীক্ষার ওপর নির্ভর না করে, পানীয় জল ব্যবস্থার নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে।  পাশাপাশি জলের উৎস এবং ব্যবহারের স্থান — উভয় জায়গাতেই জলের গুণমান পরীক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। 

এই অভিযানের সময় জোনাল রেলওয়ে কর্তৃপক্ষ জলের উৎস, শোধন ও ফিল্টার করার প্ল্যান্ট, ভূগর্ভস্থ ও ওভারহেড ট্যাঙ্ক, পিভিসি ট্যাঙ্ক, ওয়াটার বুথ, কল এবং জল সরবরাহের স্থানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করবে। সমস্ত পানীয় জলের ট্যাঙ্ক খালি করে ট্যাঙ্কের মেঝে  ঘষে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করা হবে। এছাড়া, ট্যাঙ্কের ঢাকনা যাতে শক্তভাবে আটকানো থাকে এবং  বায়ু চলাচলের পথ  ভেন্ট ও ওভারফ্লো পয়েন্টগুলো যাতে পাখি, প্রাণী ও শ্যাওলার থেকে সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করার ব্যবস্থাও নেওয়া হবে। 

এই অভিযানের সময় যেখানে জল দূষিত হবার সম্ভাবনা আছে বলে মনে হবে, সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে। ক্ষতিগ্রস্ত ট্যাঙ্ক, পাইপলাইন এবং ফিল্টারগুলো প্রয়োজনে মেরামত বা বদল করা হবে।   পানীয় জল ও পানের অযোগ্য জলের ব্যবস্থার মধ্যে যাতে কোনো 'ক্রস কানেকশন’ না হয় সেটি নিশ্চিত করা হবে। পানীয় জল সরবরাহ ব্যবস্থার অন্তর্ভুক্ত সমস্ত পাইপলাইনে কোনো ছিদ্র আছে কি না তাও পরীক্ষা করা হবে এবং জলের অপচয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যেসব জায়গায় পানীয় জল সংগ্রহের জন্য হ্যান্ড পাম্প এবং বোরওয়েল ব্যবহার করা হচ্ছে, সেখানে বিশেষ নজর দেওয়া হবে। এই ধরনের ব্যবস্থা থেকে প্রাপ্ত জল যেন দূষণমুক্ত এবং পানের জন্য নিরাপদ থাকে, জোনাল রেলওয়ে কর্তৃপক্ষ সেটি নিশ্চিত করবে । 
রেল বোর্ড  আঞ্চলিক কেন্দ্রগুলিকে ওয়াটার কুলার এবং জল ফিল্টার করার ব্যবস্থার পুঙ্খানুপুঙ্খ পরিদর্শনের নির্দেশ দিয়েছে। কুলারের জলের ট্যাঙ্কগুলো ভালোভাবে পরিষ্কার করা হবে।  কুলার, পাইপলাইন ও কলের কোথাও  লিকেজ থাকলে তা দ্রুত মেরামত করা হবে এবং কুলার থেকে জল সংগ্রহের জায়গাগুলির আশপাশে সম্পূর্ণ পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে।  

ওয়াটার কুলারের জন্য ব্যবহৃত ইউভি বা আরও বিশুদ্ধকরণ ব্যবস্থাগুলি ঠিকমতো কাজ করছে কি না তা পরীক্ষা করা হবে এবং যেখানে প্রয়োজন সেখানে নতুন ব্যবস্থা স্থাপন করা হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী  রক্ষণাবেক্ষণ, সার্ভিসিং, ওভারহোলিং এবং ফিল্টার ক্যান্ডেল ও অন্যান্য যন্ত্রাংশ সময়মতো পরিবর্তন করা হবে। যন্ত্রাংশের অবস্থা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে নতুন ইউভি/আরও সিস্টেম বসানো বা পুরনো সিস্টেম পরিবর্তনের কাজকে  অগ্রাধিকারের ভিত্তিতে  সম্পন্ন করা হবে।  

পরিচ্ছন্নতা, বিশুদ্ধকরণ এবং গুণমান পর্যবেক্ষণের জন্য নির্ধারিত এই পদক্ষেপগুলি 'ওয়াটার ভেন্ডিং মেশিন'-এর ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যাতে এই মেশিনগুলো থেকে সরবরাহ করা পানীয় জল বিশুদ্ধ থাকে। 

জলের উৎস, শোধন-পরবর্তী নির্গমন পথ বা আউটলেট, ট্যাঙ্ক, কুলার, ভেন্ডিং মেশিন এবং নমুনা হিসেবে নির্বাচিত কল বা বুথ—থেকে জলের নমুনা সংগ্রহ করে ভৌত, রাসায়নিক ও ব্যাকটেরিয়াজনিত পরীক্ষা করা হবে। এছাড়া প্রতিদিন অবশিষ্ট ক্লোরিনের মাত্রা পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনে আবারও  ক্লোরিনেশন বা অন্য কোনো সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।   

রেল বোর্ড আঞ্চলিক কেন্দ্রগুলিকে নির্দেশ দিয়েছে ওভারহেড ও ভূগর্ভস্থ জলের ট্যাঙ্ক পাল্টানো এবং নতুন ট্যাঙ্ক তৈরির জন্য  অনুমোদিত প্রকল্পগুলির কাজ কতটা এগোল সেই বিষয়ে প্রয়োজনীয় নজর রাখতে হবে। এ ক্ষেত্রে কাজ যাতে তাড়াতাড়ি শেষ হয়, সে বিষয়টি নিশ্চিত করতে 

পানীয় জল সরবরাহের বিভিন্ন পর্যায়ে দূষণের কারণ শনাক্ত ও তা প্রতিরোধের জন্য উৎসস্থল এবং কল বা ট্যাপের মুখে  প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।  

আঞ্চলিক কেন্দ্রগুলি ত্রুটি-বিচ্যুতি  চিহ্নিত করবে এবং গৃহীত সংশোধনমূলক পদক্ষেপের বিস্তারিত তথ্য জমা দেবে।  বিশেষ অভিযানের সময় চিহ্নিত সমস্যাগুলো যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করা হয়, তা নিশ্চিত করবে। 

এই কর্মপরিকল্পনায় রেল কলোনি ও কাজের জায়গার পানীয় জল পরিকাঠামোর জন্যও একই ধরণের পদক্ষেপের কথা ভাবা হয়েছে। এর ফলে যাত্রীদের ব্যবহারের এলাকার বাইরেও নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পানীয় জল সরবরাহ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে। 
 
এই সমন্বিত পদক্ষেপগুলোর মাধ্যমে ভারতীয় রেল পানীয় জল সরবরাহর  প্রতিটি স্তরে  পরিদর্শন, পরিকাঠামো রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণ, জলের গুণমান পরীক্ষা এবং সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়াকে আরও জোরদার করছে। যাত্রী এবং রেল কর্মী—উভয়ের জন্যই নিরাপদ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পানীয় জলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য ।

 


SC/CB/NS…


(रिलीज़ आईडी: 2302651) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali-TR , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada