বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক
আধার অ্যাপের ডাউনলোড সংখ্যা ৫ কোটি ছাড়াল; সুবিধাজনক ও নাগরিক-কেন্দ্রিক ডিজিটাল পরিচয় পরিষেবা আরও শক্তিশালী হলো
আধার অ্যাপ ব্যবহার করে ৬০ লক্ষেরও বেশি মানুষ মোবাইল নম্বর এবং ১৫ লক্ষেরও বেশি মানুষ ঠিকানা আপডেট করেছেন
পোস্ট করার দিনক্ষণ:
20 AUG 2026 1:45PM by PIB Agartala
নয়াদিল্লি, ২০ আগষ্ট ২০২৬: দেশে আধার অ্যাপ ডাউনলোডের সংখ্যা ছাড়ালো ৫ কোটি (৫০ মিলিয়ন)। বলাবাহুল্য যে, এই অ্যাপ ডাউনলোডের সংখ্যাটি একটি উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছে। দেশবাসীদের মধ্যে সুবিধাজনক ও ডিজিটাল-কেন্দ্রিক আধার পরিষেবার ক্রমবর্ধমান ব্যবহারের প্রতিফলন হিসেবে একে মনে করা হচ্ছে।
এই মাইলফলকটি বাসিন্দা এবং ইউআইডিএআই -এর মধ্যে ডিজিটাল সংযোগকারী মাধ্যম হিসেবে আধার অ্যাপের ভূমিকার উল্লেখযোগ্য সম্প্রসারণকে চিহ্নিত করছে। এর মাধ্যমে আধার নম্বরধারীরা স্মার্টফোনের সাহায্যেই বিভিন্ন পরিষেবা- যেমন মোবাইল নম্বর, ঠিকানা ও ইমেল আপডেট করা, বায়োমেট্রিক লক/আনলক এবং ই-আধার ডাউনলোড সহজেই করতে পারছেন।
চালু হওয়ার পর থেকেই অ্যাপটি ব্যাপক ও ধারাবাহিক ব্যবহারের সাক্ষী হয়েছে। আধার অ্যাপ ব্যবহার করে ৬০ লক্ষেরও বেশি মানুষ তাদের মোবাইল নম্বর আপডেট করেছেন। সেই সাথে ১৫ লক্ষেরও বেশি ঠিকানা এবং ২৩ লক্ষেরও বেশি ইমেল আপডেট করার কাজ সম্পন্ন করা হয়েছে।
এই পরিষেবাগুলোর ক্রমবর্ধমান ব্যবহার থেকে প্রমাণ হয় যে, দেশবাসীরা এখন আধার কেন্দ্রে না গিয়ে ডিজিটাল পদ্ধতিতে আধার-সংক্রান্ত পরিষেবা গ্রহণ করাকেই বেশি পছন্দ করছেন।
আধার অ্যাপটি "প্রদর্শন, শেয়ার এবং যাচাইকরণ" -এর নীতির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি আধার নম্বরধারীদের তাদের আধার-সংক্রান্ত তথ্যের ব্যবহারের ওপর অধিক নিয়ন্ত্রণ প্রদানের পাশাপাশি পরিচয় যাচাইকরণ প্রক্রিয়াকে সহজ ও সুবিধাজনক করে তুলেছে।
আধার অ্যাপের প্রসারের পাশাপাশি, ইউআইডিএআই নিরাপদ ও সুবিধাজনক অফলাইন যাচাইকরণ ব্যবস্থার পরিধিও ক্রমাগত বৃদ্ধি করে চলেছে। গত জানুয়ারি মাসে এই ব্যবস্থা চালু হওয়ার পর থেকে ইউআইডিএআই ২০০-এরও বেশি সংস্থাকে 'অফলাইন ভেরিফিকেশন সিকিং এনটিটি' বা ওভিএসই হিসেবে অন্তর্ভুক্ত করেছে।
এই মাইলফলকটি আধার অফলাইন পদ্ধতির মাধ্যমে নিরাপদ, সম্মতি-ভিত্তিক এবং কাগজবিহীন যাচাইকরণ ব্যবস্থা চালুর ক্ষেত্রে একটি বড় অগ্রগতি- যা পরিষেবা প্রদানকারী এবং সাধারণ মানুষ- উভয়কেই ক্ষমতায়িত করেছে।
এই ওভিএসই অংশীদারদের অন্তর্ভুক্তির বিষয়টি আধার-ভিত্তিক ও গোপনীয়তাকে অগ্রাধিকার দেওয়া ডিজিটাল যাচাইকরণ কাঠামোর প্রতি ক্রমবর্ধমান আস্থারই প্রতিফলন। এই কাঠামোটি সহজে ব্যবহারের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি ব্যবহারকারীর নিয়ন্ত্রণকেও প্রাধান্য দিয়ে থাকে।
কিউআর কোড-ভিত্তিক যাচাইকরণ এবং সুরক্ষিত ডিজিটাল স্বাক্ষরযুক্ত নথিপত্রের মতো আধার অফলাইন যাচাইকরণ পদ্ধতিগুলো কাজে লাগিয়ে, সংশ্লিষ্ট সংস্থাগুলো এখন ইউআইডিএআই -এর কেন্দ্রীয় ডেটাবেসের সাথে রিয়েল-টাইম সংযোগ ছাড়াই পরিচয় সংক্রান্ত তথ্য যাচাই করতে পারবে।
এই পদ্ধতিটি বাসিন্দাদের সুবিধাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং এটা নিশ্চিত করছে যে, আধার নম্বরধারীরা কেবল প্রয়োজনীয় ন্যূনতম তথ্যই শেয়ার করতে পারেন। ফলে তাঁদের গোপনীয়তা আরও সুরক্ষিত হচ্ছে। স্বচ্ছ ও সম্মতি-ভিত্তিক মিথস্ক্রিয়ার মাধ্যমে যাচাইকরণের এই সহজ প্রক্রিয়াটি পারস্পরিক আস্থা গড়ে তুলছে।
এই উদ্যোগগুলো সরকারের ‘ডিজিটাল ইন্ডিয়া’ ভিশন এবং নিরাপদ, সহজলভ্য ও প্রযুক্তি-নির্ভর জনসেবার মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান সহজতর করার বৃহত্তর লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছে।
*****
PS/DM/KMD
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2301935)
ভিজিটরদের কাউন্টার : 11
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে:
Telugu
,
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Malayalam