বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক
বিশেষ অভিযানে দুই কোটিরও বেশি স্কুল পড়ুয়াদের আধারে বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট সম্পন্ন
प्रविष्टि तिथि:
18 AUG 2026 2:36PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৮ আগস্ট,২০২৬: দেশজুড়ে বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট বা ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট (এম.বি.ইউ) সম্পন্ন করার লক্ষ্যে চলা বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)। দেশজুড়ে স্কুল পড়ুয়াদের আধারে ২ কোটিরও বেশি বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট সম্পন্ন হয়েছে।
এই উদ্যোগকে কার্যকর করতে ইউআইডিএআই-এর প্রযুক্তিগত সংযুক্তিকরণ করা হয়েছে ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস (ইউডিআইএসই+)-এর সঙ্গে। এর ফলে বিভিন্ন স্কুলে পড়ুয়াদের এমবিইউ সম্পন্ন করার বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য পাওয়া সম্ভব হচ্ছে।
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে শুরু হওয়া এই বিশেষ অভিযান ইতিমধ্যেই দেশের ১ লক্ষ ৫৬ হাজারেরও বেশি স্কুলকে আওতায় এনেছে। ইউআইডিএআই এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষা দফতরের সমন্বয়ে স্কুলগুলিতে বিশেষ শিবির আয়োজন এবং সমন্বিত প্রচারের মাধ্যমে পড়ুয়াদের আধারের বায়োমেট্রিক আপডেট সম্পন্ন করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এর ফলে কোটি কোটি পড়ুয়ার কাছে তাদের নিজস্ব স্কুলেই এমবিইউ পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে এবং প্রক্রিয়াটি আরও সহজ ও সুবিধাজনক হয়েছে।
পাঁচ বছরের কম বয়সি শিশুদের আধার নথিভুক্তির সময় তাদের তথ্য এবং ছবি নেওয়া হয়। তবে ওই বয়সে শিশুদের আঙুলের ছাপ এবং চোখের মণির বায়োমেট্রিক তথ্য নেওয়া হয় না, কারণ সেই সময় পর্যন্ত এই বায়োমেট্রিক বৈশিষ্ট্যগুলি পুরোপুরি বিকশিত হয় না। তাই শিশুর আধারে পরবর্তীকালে বায়োমেট্রিক তথ্য সংযুক্ত করা নিশ্চিত করতে এমবিইউ গুরুত্বপূর্ণ।
একটি শিশুর ৫ বছর বয়সে এবং পুনরায় ১৫ বছর বয়সে বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট করা প্রয়োজন। নির্ধারিত সময়ে এই আপডেট সম্পন্ন করলে স্কুলজীবন থেকে উচ্চশিক্ষার পর্যায় পর্যন্ত আধার-ভিত্তিক পরিচয় যাচাই বা অথেন্টিকেশন-এর ক্ষেত্রে প্রক্রিয়াটি আরও সহজ হয়। একইসঙ্গে, আধার-ভিত্তিক অথেন্টিকেশন প্রয়োজন হয় এধরনের বিভিন্ন সরকারি পরিষেবা ও সুবিধা গ্রহণের ক্ষেত্রেও এটি সহায়ক হয়।
সময়মতো এমবিইউ সম্পন্ন করতে উৎসাহিত করা এবং পরিষেবাটিকে আরও সহজলভ্য করে তুলতে ইউআইডিএআই ৭ থেকে ১৫ বছর বয়সি শিশুদের এমবিইউ-এর জন্য ধার্য ফি ১ অক্টোবর ২০২৫ থেকে এক বছরের জন্য মকুব করেছে। পাশাপাশি, ৫ থেকে ৭ বছর এবং ১৫ থেকে ১৭ বছর বয়সি শিশুদের এমবিইউ পরিষেবাও বিনামূল্যে রয়েছে। ফলে কার্যত ৫ থেকে ১৭ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এমবিইউ সম্পূর্ণ বিনামূল্যে।
আধারে সময়মতো এমবিইউ সম্পন্ন না করা হলে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য প্রয়োজনীয় অথেন্টিকেশনের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এছাড়া নিট (NEET), জেইই (JEE), সিইউইটি (CUET)-এর মতো প্রতিযোগিতামূলক ও বিশ্ববিদ্যালয়স্তরের পরীক্ষায় নাম নথিভুক্তির ক্ষেত্রেও অসুবিধা হতে পারে।এই কারণে ইউআইডিএআই অভিভাবকদের আধারে তাঁদের সন্তানদের বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট বা এমবিইউ সময়মতো সম্পন্ন করার জন্য আবেদন জানিয়েছে।
*****
PS/PKS/KMD
(रिलीज़ आईडी: 2300900)
आगंतुक पटल : 5