সংসদ বিষয়ক মন্ত্রক
আজ রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সরকারপক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়েছে
प्रविष्टि तिथि:
19 JUL 2026 4:20PM by PIB Agartala
নতুন দিল্লি, ১৯ জুলাই ২০২৬
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং-এর সভাপতিত্বে আজ (১৯ জুলাই, ২০২৬) নতুন দিল্লির সংসদ ভবন চত্বরে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে ২০২৬ সালের আসন্ন বর্ষাকালীন অধিবেশন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করার জন্য একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী কিরেন রিজিজু এই বৈঠকটি আহ্বান করেছিলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং রাসায়নিক ও সার মন্ত্রী শ্রী জগৎ প্রকাশ নাড্ডা, যিনি রাজ্যসভার সদন নেতাও; আইন ও বিচার প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল এবং সংসদীয় বিষয়ক ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল. মুরুগান। মন্ত্রীসহ মোট ৪০টি রাজনৈতিক দলের ৫৮ জন নেতা এই বৈঠকে অংশ নেন।
শুরুতে, প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং সূচনা বক্তব্য রাখেন এবং সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দকে স্বাগত জানান। এরপর সংসদীয় বিষয়ক মন্ত্রী সভাটি পরিচালনা করেন। তিনি নেতৃবৃন্দকে জানান যে, সংসদের ২০২৬ সালের বর্ষাকালীন অধিবেশন সোমবার, ২০শে জুলাই, ২০২৬ তারিখে শুরু হবে এবং সরকারি কাজের জরুরি প্রয়োজন সাপেক্ষে অধিবেশনটি বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ তারিখে শেষ হতে পারে। এই অধিবেশনে ২৫ দিনব্যাপী মোট ১৯টি বৈঠক অনুষ্ঠিত হবে।
শ্রী রিজিজু আরও জানান যে, আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আইন প্রণয়ন সংক্রান্ত কার্যসূচি সংসদের উভয় সচিবালয় কর্তৃক ১৬ই জুলাই, ২০২৬ তারিখে বুলেটিন পার্ট-২-এ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।
তিনি সংসদের সুষ্ঠু কার্যকারিতার জন্য সকল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন এবং জানান যে, সংসদের উভয় কক্ষের কার্যপ্রণালী বিধি অনুযায়ী অনুমোদিত হলে সরকার উভয় কক্ষে অন্য যেকোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনে তাঁদের দ্বারা উত্থাপিত হতে পারে এমন বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছেন এবং সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সংসদীয় বিষয়ক মন্ত্রী নেতাদের দ্বারা উত্থাপিত সমস্ত বিষয় নোট করেছেন এবং সভায় উপস্থিত হওয়া, তাঁদের মতামত প্রকাশ করা এবং তাঁদের সক্রিয় ও কার্যকর অংশগ্রহণের জন্য সকল নেতাদের ধন্যবাদ জানিয়েছেন।
শেষে, শ্রী রাজনাথ সিং সভায় উপস্থিত হওয়া, তাঁদের মতামত প্রকাশ করা এবং তাঁদের সক্রিয় ও কার্যকর অংশগ্রহণের জন্য সকল নেতাদের ধন্যবাদ জানান।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2286635)
आगंतुक पटल : 5