তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

এনএফডিসি এবং এনএফএআই-এর সংরক্ষণ উদ্যোগের ফলে 4K ফর্ম্যাটে বড় পর্দায় ফিরছে মালয়ালম ক্লাসিক ‘কিরিডম’

प्रविष्टि तिथि: 09 JUL 2026 12:41PM by PIB Kolkata

মুম্বই/পুণে, ০৯ জুলাই, ২০২৬ 

 

মালয়ালম চলচ্চিত্রের ধ্রুপদী ছবি ‘কিরিডম’ আগামী ১০ জুলাই, ২০২৬-এ ‘ডলবি অ্যাটমস’ সাউন্ড ও উন্নতমানের 4K সংস্করণে ভারত ও বিদেশের প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পেতে চলেছে। ‘ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন-ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া’ (এনএফডিসি - এনএফএআই) যৌথভাবে এই চলচ্চিত্রটি পুনরুদ্ধারের কাজটি সম্পন্ন করেছে। ‘সেভেন আর্টস ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর সহযোগিতায় এনএফডিসি এই পুনরুদ্ধারকৃত ছবিটি নতুন করে উপস্থাপন করছে।

 

 

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটির মূল ক্যামেরা নেগেটিভটি নষ্ট হয়ে যাওয়ায় তা আর ব্যবহারের উপযোগী ছিল না। তবে, ‘ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া’ দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে ছবিটির ৩৫-মিলিমিটারের একটি ‘রিলিজ প্রিন্ট’ (মুক্তিপ্রাপ্ত সংস্করণের কপি) সংরক্ষণ করে রেখেছিল। আর্কাইভের সেই প্রিন্টটিই 4K সংস্করণে পুনরুদ্ধারের মূল ভিত্তি হিসেবে কাজ করেছে।

সিবি মালয়িল পরিচালিত এবং এ. কে. লোহিতাডাস রচিত 'কিরিডাম' চলচ্চিত্রে সেথুমাধবনের ভূমিকায় অভিনয় করেছেন মোহনলাল এবং হেড কনস্টেবল অচ্যুতন নায়ারের চরিত্রে দেখা গেছে থিলাকানকে। চলচ্চিত্রটিকে মালয়ালম সিনেমার অন্যতম সেরা কাজ হিসেবে গণ্য করা হয়।

 

চলচ্চিত্রটির পুনরুদ্ধার প্রক্রিয়ায় সিনেমাটোগ্রাফার এস. কুমার এবং পরিচালক সিবি মালয়িলের তত্ত্বাবধানে হাই-রেজোলিউশন স্ক্যানিং, ডিজিটাল ইমেজ পুনরুদ্ধার এবং কালার গ্রেডিংয়ের কাজ করা হয়েছে। এছাড়া ডলবি অ্যাটমস সাউন্ড প্রযুক্তির মাধ্যমে চলচ্চিত্রটির অডিও নতুন করে বিন্যস্ত করা হয়েছে। 

 

 

এনএফডিসি-র ব্যবস্থাপনা সংক্রান্ত পরিচালক প্রকাশ মাগদুম জানান, দশকের পর দশক ধরে একটি রিলিজ প্রিন্ট সংরক্ষিত থাকার ফলেই চলচ্চিত্রটি দর্শকদের কাছে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তিনি বলেন যে, এই পুনরুদ্ধার প্রক্রিয়া ভারতের চলচ্চিত্র-ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে এনএফডিসি এবং এনএফএআই-এর দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন।

 

 

ভারতের ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির পুনরুদ্ধারকৃত সংস্করণের বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়, সেখানে দর্শক ও চলচ্চিত্র নির্মাতাদের কাছ থেকে ব্যাপক সাড়া মেলে।

 

 

দেশের সমৃদ্ধ অডিও-ভিস্যুয়াল ঐতিহ্য সংরক্ষণ, পুনরুদ্ধার এবং প্রচারের ক্ষেত্রে ভারত সরকারের লক্ষ্য বাস্তবায়নে এনএফডিসি ও এনএফএআই নিরলসভাবে কাজ করে চলেছে। বৈজ্ঞানিক সংরক্ষণ, ডিজিটাইজেশন এবং পুনরুদ্ধারের মাধ্যমে সংস্থাটি সুনিশ্চিত করেছে যে, চলচ্চিত্র জগতের অমূল্য সব সৃষ্টি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে সহজলভ্য থাকে।

 

 

 

SC/MP/SB


(रिलीज़ आईडी: 2283055) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , Kannada , English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Assamese , Tamil , Telugu , Malayalam