প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

শক্তি সুরক্ষা সংক্রান্ত ভারত-অস্ট্রেলিয়া যৌথ বিবৃতি

प्रविष्टि तिथि: 09 JUL 2026 11:02AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ জুলাই, ২০২৬ 

 

অস্ট্রেলিয়া ও ভারত একটি অবাধ ও সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার অভিন্ন লক্ষ্য নিয়ে ‘সামগ্রিক কৌশলগত অংশীদার’ হিসেবে কাজ করে চলেছে।


মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং আমাদের অঞ্চলে এর প্রভাব – যার মধ্যে রয়েছে জ্বালানি, সম্পদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ শৃঙ্খল ও মূল্যের ওপর দীর্ঘস্থায়ী ব্যাঘাত নিয়ে দুই দেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই ব্যাঘাতের মধ্যেই আমরা উন্মুক্ত বাজার এবং নিয়ম-ভিত্তিক বাণিজ্যের প্রতি আমাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি; এই নীতিগুলিই আমাদের সমৃদ্ধি ও অর্থনৈতিক নিরাপত্তার ভিত্তি।


সুস্থায়ী ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ সুনিশ্চিত করার লক্ষ্যে নির্ভরযোগ্য বেসরকারি ক্ষেত্রের অংশীদারিত্ব এবং কৌশলগত বিনিয়োগে কেন্দ্রীয় ভূমিকা অস্ট্রেলিয়া ও ভারত স্বীকার করে। একই সঙ্গে, বেসরকারি ক্ষেত্রের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে উভয় দেশ 'আর্থিক সহযোগিতা ও বাণিজ্য চুক্তি', ‘সর্বাত্মক আর্থিক সহযোগিতা চুক্তি'র প্রক্রিয়া এবং অন্যান্য প্রাসঙ্গিক দ্বিপাক্ষিক কাঠামোর মাধ্যমে জ্বালানি বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া, জ্বালানি  ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি ও জ্ঞান বিনিময়ের গুরুত্বও দুই দেশ পুনর্ব্যক্ত করেছে।

ভারতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের গুরুত্বপূর্ণ সরবরাহকারী হিসেবে অস্ট্রেলিয়ার ভূমিকা এবং অস্ট্রেলিয়ায় তরল জ্বালানি ও অন্যান্য অনুসারী পণ্যের গুরুত্বপূর্ণ সরবরাহকারী হিসেবে ভারতের ভূমিকা স্বীকার করে উভয় দেশ জ্বালানির নিরবচ্ছিন্ন প্রবাহ বজায় রাখতে এবং দ্বিপাক্ষিক জ্বালানি বাণিজ্য আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। 


‘অস্ট্রেলিয়া-ভারত পারমাণবিক সহযোগিতা চুক্তি (২০১৫)’-র বিধান অনুযায়ী, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সুরক্ষাবলয়ের অধীনে এবং শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ভারতে অস্ট্রেলীয় ইউরেনিয়াম রপ্তানির জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা অস্ট্রেলিয়া ও ভারত চূড়ান্ত করেছে।
আঞ্চলিক সহযোগিতা জোরদার করা, জ্বালানি রূপান্তর ত্বরান্বিত করা, নবীকরণযোগ্য জ্বালানি সম্পদের ব্যবহার বৃদ্ধি এবং জ্বালানি ও তরল জ্বালানির ক্ষেত্রে উন্মুক্ত বাণিজ্য ব্যবস্থা বজায় রাখার মাধ্যমে জ্বালানি সরবরাহ শৃঙ্খলের সুস্থায়িত্ব বাড়াতে উভয় দেশ একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। দুটি দেশ স্বীকার করে যে, নিজ নিজ জ্বালানি ব্যবস্থায় বিদ্যুতায়নের হার বৃদ্ধি ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তায় একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠবে।


জ্বালানি ক্ষেত্রের বাণিজ্য ও বাজারের সুস্থায়িত্ব বজায় রাখার ক্ষেত্রে আমাদের যৌথ প্রতিশ্রুতি যে এই অঞ্চলের জন্যও প্রযোজ্য, তা অস্ট্রেলিয়া ও ভারত স্বীকার করে।  এই প্রেক্ষাপটে, অস্ট্রেলিয়া ও ভারত জ্বালানি নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। এর মধ্যে রয়েছে, কয়লা, ডিজেল, অন্যান্য তরল জ্বালানি ও প্রাকৃতিক গ্যাসের মতো জ্বালানি পণ্যের স্থিতিশীল, নিরাপদ ও নির্ভরযোগ্য সরবরাহ বজায় রাখা।


 এছাড়া, উভয় দেশ জ্বালানি রূপান্তর প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং স্বল্প-কার্বন নিঃসরণকারী জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়েও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এই প্রসঙ্গে, অস্ট্রেলিয়া ‘গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্স’ বা আন্তর্জাতিক জৈব-জ্বালানি জোট গঠনের ক্ষেত্রে ভারতের উদ্যোগের বিষয়টি উল্লেখ করেছে।

 

SC/MP/SB


(रिलीज़ आईडी: 2282809) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam