স্বরাষ্ট্র মন্ত্রক
প্রধান বিমানবন্দরগুলিতে যাত্রীদের সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা এবং অভিবাসন ব্যবস্থা পর্যালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী শ্রী রাম মোহন নাইডু কিঞ্জরাপু
प्रविष्टि तिथि:
08 JUL 2026 4:27PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ জুলাই, ২০২৬
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী শ্রী রাম মোহন নাইডু কিঞ্জরাপু প্রধান বিমানবন্দরগুলিতে যাত্রীদের সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা এবং অভিবাসন ব্যবস্থা পর্যালোচনা করেছেন। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ইন্টেলিজেন্স ব্যুরোর অধিকর্তা, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সচিব, কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)-এর মহাপরিচালক, এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এবং স্বরাষ্ট্র ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ মানবসম্পদ ব্যয় কমানোর লক্ষ্যে সারা দেশের সমস্ত বিমানবন্দরে পর্যায়ক্রমে অটোমেটেড এক্স-রে ট্রে রিটার্ন সিস্টেম (এটিআরএস) স্থাপন করার নির্দেশ দিয়েছেন। এজন্য উপযুক্ত মানদণ্ড নির্ধারণ করা উচিত বলে তিনি মন্তব্য করেন।
কোনো পর্যায়েই যাত্রীদের চলাচল যাতে ব্যাহত না হয় সেজন্য বিমানবন্দরের প্রবেশ পথ, চেক-ইন কাউন্টার, সিকিউরিটি স্ক্রিনিং লেন এবং ইমিগ্রেশন কাউন্টারের মধ্যেকার পারস্পরিক নির্ভরশীলতা বিবেচনা করে একটি ব্যাপক কাঠামো তৈরি করার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নির্মীয়মান ২১টি বিমানবন্দর এবং বাকি ৪১টি বিমানবন্দরকে যাত্রী চলাচলের উপর ভিত্তি করে উন্নয়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন শ্রী শাহ। ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস) নির্ধারিত নিরাপত্তা মান বজায় রাখার পাশাপাশি আগামী দুই বছরের মধ্যে ৬২টি বিমানবন্দরের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।
শ্রী অমিত শাহ অসামরিক বিমান চলাচল মন্ত্রককে যাত্রী ও বিমান চলাচলের উপর ভিত্তি করে সমস্ত বিমানবন্দরে অ্যারোব্রিজের সংখ্যার নিয়ম নির্ধারণ করার নির্দেশও দিয়েছেন। বর্তমানে ১৬টি প্রধান বিমানবন্দরে ব্যাগেজ ড্রপ সুবিধাটি পাওয়া যায়। এই সুবিধা অধিক যাত্রী চলাচলকারী অন্যান্য আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতেও সম্প্রসারিত করার পরামর্শ দেন তিনি। শুধুমাত্র প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন কর্মীরাই যাতে এক্স-রে স্ক্রিনিংয়ের দায়িত্বে নিযুক্ত থাকেন, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
২০২৭ সালের মধ্যে সব রাজ্যের সদর দফতরে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) চালু করার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগরতলা এবং জেওয়ার বিমানবন্দরের অনুমোদিত ইমিগ্রেশন চেকপয়েন্টগুলি যত তাড়াতাড়ি সম্ভব চালু করার কথাও বলেন তিনি। শ্রী শাহ ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন – ট্রাস্টেড ট্র্যাভেলার্স প্রোগ্রাম (এফটিআই-টিটিপি) জনপ্রিয় করে তুলতে বিমান সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে এমন এক ব্যবস্থা স্থাপন করার পরামর্শ দেন, যার মাধ্যমে আন্তর্জাতিক টিকিট বুক করার সময় যাত্রীদের কাছে একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানো হবে এবং তাদের এফটিআই-টিটিপি-র জন্য নিবন্ধন করতে অনুরোধ করা হবে।
প্রধান বিমানবন্দরগুলিতে যাত্রীদের অপেক্ষার সময় যাতে কমে, সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন শ্রী অমিত শাহ।
SC/SD/SKD
(रिलीज़ आईडी: 2282661)
आगंतुक पटल : 4