পোস্ট করার দিনক্ষণ:
02 JUN 2026 2:00PM by PIB Agartala
নয়াদিল্লি, ২ জুন ২০২৬
আন্তর্জাতিক স্তরে খ্যাতনামা বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, পরীক্ষাগার এবং শিল্প ক্ষেত্রে যুক্ত ভারতীয় বংশোদ্ভুত গবেষক, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং পেশাদারকে দেশীয় গবেষণা ক্ষেত্রে যুক্ত করতে ভারত সরকারের উচ্চশিক্ষা দপ্তর এবং শিক্ষা মন্ত্রক রিসার্চ চেয়ার (পিএমআরসি) প্রকল্প ২০২৬-এর জন্য আবেদনপত্র চালু করেছে। দেশের প্রথম সারির সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, জাতীয় পরীক্ষাগার এবং গবেষণা কেন্দ্রগুলিতে গবেষণার ক্ষেত্রে তাঁদের যুক্ত করাই এর মূল লক্ষ্য।
গবেষণা, উন্নয়ন, উদ্ভাবন এবং প্রযুক্তি পরিমণ্ডল সহ জাতীয় অগ্রাধিকারের ক্রমবর্ধমান ১৩টি গবেষণা ক্ষেত্রে এই প্রকল্প বৈশ্বিক ভারতীয় মেধাকে যুক্ত করতে চায়। এই ১৩ টি ক্ষেত্র হল অ্যাডভান্স কম্পিউটিং (এআই, কোয়ান্টাম কম্পিউটিং এবং সুপার কম্পিউটিং), সেমিকন্ডাক্টর, জ্বালানি, স্থিতিস্থাপকতা এবং জলবায়ু পরিবর্তন, সাইবার সুরক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং স্বাস্থ্য প্রযুক্তি, জৈব প্রযুক্তি, উন্নত প্রযুক্তি উপাদান এবং বিরল ধাতু, মহাকাশ এবং প্রতিরক্ষা, পরবর্তী প্রজন্মের যোগাযোগ, চতুর্থ প্রজন্মের নির্মাণ ও শিল্প, কৃষি ও খাদ্য প্রযুক্তি, নীল অর্থনীতি, আণবিক শক্তি।
জাতীয় বিষয়ের সঙ্গে সম্পর্কিত লক্ষ্য নির্ভর এবং গবেষণাধর্মী প্রভাবিত ক্ষেত্রকে সুনিশ্চিত করতেই ৩টি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত এই প্রকল্পে প্রথম সারির প্রতিষ্ঠানসমূহ, আয়োজক প্রতিষ্ঠানসমূহ এবং পিএমআরসি ফেলোরা যুক্ত হবেন। ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক পরামর্শদাতার পৌরোহিত্যে একটি এমপাওয়ার কমিটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান এবং পিএমআরসি ফেলোদের নির্বাচন করবে।
নির্বাচিতরা পিএমআরসি ফেলোশিপ এবং গবেষণা ভাতা পাবেন। সেই সঙ্গে ভারতে প্রথম সারির সরকারি প্রতিষ্ঠানগুলির সঙ্গে একযোগে তাঁদের কাজের সুযোগ হবে। সেইসঙ্গে বিভিন্ন পরীক্ষাগার এবং গবেষণা পরিকাঠামোর কাজেও যুক্ত হওয়ার সুযোগ হবে।
আয়োজক প্রতিষ্ঠানগুলি এই প্রকল্পে আন্তর্জাতিক শিক্ষায়তনিক সহযোগিতার মাধ্যমে উপকৃত হবে। বিশ্ব স্তরে স্বীকৃত গবেষক এবং পেশাজীবিদের যুক্ত করতে পারবে এবং অগ্রাধিকার ক্ষেত্রে গবেষণা এবং উদ্ভাবন কাজকর্মের প্রসার ঘটবে।
এই প্রকল্পে ৩টি বিভাগে নিয়োগের সুযোগ খোলা থাকছে। প্রথমত তরুণ রিসার্চ ফেলো, যাঁরা কর্মজীবনে প্রাথমিক গবেষণা ক্ষেত্রে যুক্ত হবেন। দ্বিতীয়ত সিনিয়র রিসার্চ ফেলো, যাঁরা অভিজ্ঞ গবেষক এবং তৃতীয়ত বৈশ্বিক স্তরে প্রতিষ্ঠিত গবেষক নেতৃত্ব হিসেবে খ্যাত তাঁদের জন্য সংস্থান রাখা হয়েছে।
ভারতীয় বংশোদ্ভুত বিজ্ঞানী, গবেষক ও পেশাজীবি বা ভারতের নাগরিক হিসেবে যাঁরা বিদেশে কাজ করছেন, ওসিআই কার্ড হোল্ডার প্রমূখ পিএমআরসি প্রকল্পে সুযোগ পেতে পারেন।
যোগ্য আয়োজক প্রতিষ্ঠানগুলির মধ্যে এনআইএফআর-এ প্রথম ১০০টি সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অথবা এনআইএফআর-এর গবেষণা ক্ষেত্রে প্রথম সারির ৫০টি প্রতিষ্ঠান, সেই সঙ্গে প্রথম সারির জাতীয় পরীক্ষাগার ও গবেষণা প্রতিষ্ঠান যুক্ত হবে। এইসব জাতীয় পরীক্ষাগার ও গবেষণা প্রতিষ্ঠানগুলি বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর, জৈব প্রযুক্তি দপ্তর, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ, কাউন্সিল অফ সায়িন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের ছত্রছায়ায় রয়েছে এমন প্রতিষ্ঠানগুলি থাকছে।
বিষয়গত ক্ষেত্রে এই প্রকল্প রূপায়ণ স্তরে দেশের প্রথম সারির ৭টি প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়েছে। এই ৭টি প্রতিষ্ঠান হল, আইআইটি দিল্লি, আইআইটি মুম্বাই, আইআইটি মাদ্রাজ, আইআইটি কানপুর, আইআইটি হায়দ্রাবাদ সহ আইআইটি আইএসএম ধানবাদ এবং আইআইএসসি বেঙ্গালুরু।
পিএমআরসি পোর্টালে ১ জুন, ২০২৬ আবেদনপত্র চালু হচ্ছে। বিস্তারিত নির্দেশিকা, যোগ্যতা মান এবং আবেদনের পদ্ধতি জানতে এই লিঙ্কটি দেখুন-
https://pmrc.education.gov.in/
আত্মনির্ভর এবং বিকশিত ভারতের যাত্রাপথে গবেষণা, উদ্ভাবন এবং রাষ্ট্র গঠনে যুক্ত হন।
*****
PS/Agt