আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রক
ভারত আগামী ১১-১২ জুন নয়াদিল্লিতে ত্রয়োদশ ব্রিকস নগরায়ন ফোরামের আয়োজন করবে
ফোরামের প্রতিপাদ্য বিষয় "মানুষের জন্য শহর, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিস্থাপক নগর ভবিষ্যতের জন্য ব্রিকস সহযোগিতা"
प्रविष्टि तिथि:
01 JUN 2026 5:42PM by PIB Agartala
নয়াদিল্লি, ১ জুন, ২০২৬: কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী শ্রী মনোহর লাল আজ সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন, ভারত আগামী ১১-১২ জুন নয়াদিল্লিতে ত্রয়োদশ ব্রিকস নগরায়ন ফোরামের আয়োজন করবে।
২০২৬ সালে ভারতের ব্রিকস সভাপতিত্বে এই ফোরামটি একটি গুরুত্বপূর্ণ মন্ত্রী পর্যায়ের অনুষ্ঠান, যা প্রধানমন্ত্রীর "মানবতা প্রথম" দৃষ্টিভঙ্গি এবং সভাপতিত্বের মূল ভাবনা "স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বের জন্য পরিচালিত।"
‘জনগণের জন্য শহর, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিস্থাপক নগর ভবিষ্যতের জন্য ব্রিকস সহযোগিতা’ এই প্রতিপাদ্যে নগরায়ণ ফোরাম অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই প্রতিপাদ্যটি ভারতের সেই দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে, যা শহরগুলির পরিকল্পনা, শাসন এবং উন্নয়নে জনগণকে কেন্দ্রবিন্দুতে রাখে।
ভারতের ঐতিহ্য এবং অব্যাহত নেতৃত্ব
২০১৩ সালে নয়াদিল্লিতে ভারত সর্বপ্রথম ব্রিকস নগরায়ণ ফোরামের আয়োজন করে, যার মাধ্যমে ব্রিকস সহযোগিতা কর্মসূচিতে নগরায়ণকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়। ভারত ২০১৬ সালে বিশাখাপত্তনমে পুনরায় এই ফোরামের আয়োজন করে, যেখানে সুস্থায়ী নগর উন্নয়ন, স্মার্ট সিটি এবং নগর স্থিতিস্থাপকতার উপর আলোকপাত করা হয়। বৈশ্বিক মহামারীর পরবর্তী সময়ে নগর পুনরুদ্ধারের উপর মনোযোগ দিয়ে ভারত ২০২১ সালে আবারও ভার্চুয়ালি এই ফোরামের আয়োজন করে।
২০২৬ সালে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ ব্রিকস নগরায়ণ ফোরামের মাধ্যমে ভারত চতুর্থবারের মতো এই ফোরামের আয়োজক হচ্ছে। সূচনালগ্ন থেকে এই ফোরামটি ব্রিকস দেশগুলোর জন্য নগর নীতি বিষয়ক অভিজ্ঞতা বিনিময়, অভিন্ন অগ্রাধিকার চিহ্নিতকরণ এবং বৃহত্তর ব্রিকস প্রক্রিয়ায় নগর বিষয়ক মতামত প্রদানের একটি বিশেষায়িত মন্ত্রী পর্যায়ের মঞ্চ হিসেবে কাজ করে আসছে।
ব্রিকস দেশগুলিতে অভিন্ন নগর অগ্রাধিকার
কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে, ব্রিকস নগরায়ন ফোরামটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে, কারণ অনেক ব্রিকস দেশই দ্রুত নগরায়নের সম্মুখীন হচ্ছে এবং একই সাথে আবাসন, যোগাযোগ ব্যবস্থা, জলবায়ু ঝুঁকি, পৌর সক্ষমতা, নগর অর্থায়ন এবং পরিষেবা প্রদানের মতো সাধারণ চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে।
ফোরামটি কয়েকটি বিস্তৃত অগ্রাধিকারের উপর আলোকপাত করবে, অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন, জলবায়ু ও দুর্যোগ-সহনশীল পরিকাঠামো, শক্তিশালী পৌর প্রতিষ্ঠান এবং উন্নততর নগর শাসনের জন্য ডিজিটাল উদ্ভাবন।
নির্ধারিত কর্মসূচি এবং প্রত্যাশিত ফলাফল
দুই দিনব্যাপী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ ব্রিকস নগরায়ন ফোরামে ব্রিকস সদস্য দেশগুলোর মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, নগর পরিকল্পনাবিদ এবং বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। ব্রিকসের এগারোটি সদস্য দেশকেই মন্ত্রীপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
ফোরামের প্রথম দিনে উদ্বোধনী অধিবেশন এবং ব্রিকস-এর অভিন্ন নগর অগ্রাধিকার বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। ভারতের নগর রূপান্তর সম্পর্কে ধারণা দেওয়ার জন্য প্রতিনিধিদের নয়াদিল্লির নির্বাচিত কিছু স্থান সরেজমিনে পরিদর্শনেও নিয়ে যাওয়া হবে।
দ্বিতীয় দিনে ফোরামের অগ্রাধিকার ক্ষেত্রগুলোর ওপর বিষয়ভিত্তিক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। সদস্য দেশগুলো তাদের নিজ নিজ দেশের অভিজ্ঞতা তুলে ধরতে এই প্যানেল আলোচনায় অংশগ্রহণ করবে। তাছাড়াও, দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনাও অনুষ্ঠিত হবে।
আশা করা হচ্ছে, এই আলোচনা নগরায়নের প্রতিবন্ধকতা নিরসনে যৌথ নীতিগত সমাধানে সহায়তা করবে এবং অন্তর্ভুক্তিমূলক, স্থিতিস্থাপক ও জনকেন্দ্রিক শহর নির্মাণে ব্রিকস দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করবে।
কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে, ভারত ব্রিকস পরিবারের সমস্ত দেশ থেকে আসা প্রতিনিধিদের নয়াদিল্লিতে স্বাগত জানাতে এবং সত্যিকার অর্থে জনগণের জন্য শহর গড়ে তুলতে একসঙ্গে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ।
*****
PS/PKS/KMD
(रिलीज़ आईडी: 2267789)
आगंतुक पटल : 9