স্বরাষ্ট্র মন্ত্রক
রাজস্থানের বিকানেরে সানচু পোস্টে বিএসএফ মহিলা জওয়ানদের ছাউনির ভার্চুয়াল উদ্বোধন করলেন অমিত শাহ
প্রকাশিত:
26 MAY 2026 7:58PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ মে ২০২৬
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বিকানেরে আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত সীমান্ত সুরক্ষা বাহিনী-বিএসএফের সানচু পোস্টে জওয়ানদের সঙ্গে কথা বলেছেন। তিনি মহিলা জওয়ানদের ছাউনির ভার্চুয়াল উদ্বোধনও করেন। অনুষ্ঠানে রাজস্থানের মুখ্যমন্ত্রী শ্রী ভজন লাল শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, তদন্ত ব্যুরোর অধিকর্তা, সীমা ব্যবস্থাপনা সচিব, বিএসএফ-এর মহানির্দেশক এবং পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
শ্রী অমিত শাহ বলেন, বিএসএফ গঠিত হওয়ার পর থেকে দেশের সীমা সুরক্ষায় এই বাহিনী সাহস, বীরত্ব এবং কর্তব্যের প্রতি নিষ্ঠাবান থেকে সর্বোচ্চ বলিদানের মাধ্যমে দায়িত্ব সম্পাদন করে যাচ্ছেন। প্রচন্ড গরম, ঠান্ডা, বৃষ্টি, গভীর অরণ্য, বরফাচ্ছাদিত পাহাড় চূড়াতেও যাবতীয় প্রতিকূলতা উপেক্ষা করে বিএসএফ তাদের কর্তব্য সম্পাদন করছে। ৪৫ ডিগ্রি তাপমাত্রা থেকে শুরু করে হিমাঙ্কের ৪৫ ডিগ্রিতেও প্রয়োজনে তাঁদের কাজ করতে হয়। বিএসএফ-এর ২০০০ জনেরও বেশি জওয়ানের চরম বলিদানের ঋণ কেবলমাত্র বিএসএফ বা ভারত সরকারের নয়, ১৪০ কোটি দেশবাসীরও। তিনি বলেন, এই সীমা সুরক্ষা বাহিনীর জন্য সমগ্র দেশ গর্বিত।
দেশের মেয়েরা যাতে সমস্ত ক্ষেত্রে সমানভাবে যোগ দিতে পারেন, তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি অভিযোগ করেন যে, পূর্বের সরকার সীমা সুরক্ষায় মহিলা জওয়ানদের ভূমিকা সম্পর্কে উদাসীন ছিল এবং সে ব্যাপারে যথাযথ গুরুত্বও দেয়নি। কিন্তু রাষ্ট্রের সুরক্ষায় দেশের মেয়েরা পুরুষদেরকে দু-কদম ছাপিয়ে গেছে। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে সীমা সুরক্ষায় নিয়োজিত মহিলা জওয়ানদের সমস্ত প্রয়োজনীয় সুবিধা সুনিশ্চিত করা হবে। তিনি জানান যে রাজস্থানে ৭৯টি ছাউনির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৯ কোটি টাকা ব্যয়ে ৬৭টির কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। এর মধ্যে ১৪টি ছাউনির আজ উদ্বোধন হল। তিনি জানান, ২০০ কোটি টাকা ব্যয়ে মোট ৩৫৬টি ছাউনি নির্মাণ করা হবে। এই ছাউনিগুলি তৈরি হয়ে গেলে মহিলা জওয়ানরা অনেক সাচ্ছন্দ্যে থাকতে পারবেন।
শ্রী শাহ বলেন, ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের সুরক্ষা ক্ষেত্রে মৌলিক রূপান্তর ঘটেছে। তিনি বলেন সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের সঙ্গে সীমা সুরক্ষা বাহিনীর আধুনিকীকরণ হছে। সন্ত্রাসবাদীদের সদুত্তর দিতে ভারত সরকার নির্দয় অবস্থান নিয়েছে। কোনওরকম অনুপ্রবেশ যাতে না ঘটে তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। চতুর্মুখী সুরক্ষা গ্রিডের মাধ্যমে সেই সাফল্য লাভ করতে হবে।
শ্রী অমিত শাহ বলেন, অপারেশন সিঁদুরে বিএসএফ জওয়ানরা প্রশংসনীয় কাজ করেছে। সীমান্ত জেলাগুলিতে বসবাসকারী মানুষদের নৈতিক সাহস যোগাতে বিএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যখনই দরকার পড়েছে পাকিস্তানকে বিএসএফ জওয়ানরা যোগ্য জবাব দিয়েছে।
১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের ঐতিহাসিক সানচু পোস্ট সফরে সন্তোষ প্রকাশ করেন শ্রী শাহ। তিনি বলেন পাকিস্তান এই সানচু পোস্ট দখল করার চেষ্টা করেছিল। কিন্তু বীর বিক্রমে জওয়ানরা সানচু পোস্টকে রক্ষা করে। বিএসফএফ-এর দ্বাদশ ব্যাটেলিয়ন প্রতি বছর গর্বের সঙ্গে বিজয় উৎসব পালন করে। এই বিজয় দিবসকে সানচু দিবস হিসেবে উদযাপন করা হয়। তিনি বলেন, সমগ্র রাজস্থানের মরুভূমির মধ্যে দিয়ে ১০৯৬ কিলোমিটার দীর্ঘ পার্শ্ব সড়ক এবং সীমান্ত রেখা বরাবর ৫২০ কিলোমিটার রাস্তা বিএসএফ জওয়ানদের চলাচলে সাচ্ছন্দ্য বিধানই নয়, যোগাযোগ ক্ষেত্রেরও অনেক উন্নতি ঘটাবে। সেই সঙ্গে রাজস্থানের প্রায় ১৮০টি সীমা চৌকিতে নলবাহিত পরিশ্রুত পানীয় দল পৌঁছে দেওয়ার কাজ শেষ হয়েছে। নতুন নকশার বেড়া দেওয়ার কাজও এগোচ্ছে বলে তিনি জানান।
তিনি বলেন, ৫০ কিলোমিটার চৌহদ্দির মধ্যে কোনও জনসংখ্যার কৃত্রিম পরিবর্তন হতে দেখা গেলে, রাজ্য সরকারকে সতর্ক করা বিএসএফ-এর কাজ। ড্রাগ চোরাচালান সহ ড্রোন বা অন্য কোনও কিছুর মাধ্যমে অস্ত্র চালানের ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিএসএফ। তিনি বলেন, আগামী ৬ মাসের মধ্যে অ্যান্টি ড্রোন ব্যবস্থা স্থাপন করা হবে। ভারতীয় ভূ-খণ্ডের ওপর কোনও ড্রোনকে দেখা গেলে তা চিহ্নিত করা গুরুত্বপূর্ণ, তার কারণ দেশ বিরোধী কার্যকলাপে কারা তা ব্যবহার করছে তা জানা খুব জরুরি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রম মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনা মাফিক সীমান্তে গ্রামগুলির উন্নতি ঘটানো হচ্ছে এবং উজ্জীবিত গ্রাম কর্মসূচিতে বিএসএফ-কে অগ্রণী ভূমিকা নিতে হবে। কেন্দ্রের সব প্রকল্পের সুবিধা যাতে সেখানে পৌঁছায় তা সুনিশ্চিত করতে হবে। এই সীমান্তবর্তী গ্রামগুলির আগামী প্রজন্মের সশক্তিকরণে বিএসএফ-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি জানান। আন্তঃসীমান্ত থেকে যাবতীয় হুমকির ক্ষেত্রে সতর্ক থাকার পাশাপাশি অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াসের ক্ষেত্রেও অনুরূপ সতর্ক থাকতে হবে। পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে সীমা সুরক্ষার দায়িত্ব বিএসএফ-এর। কোনওরকম হুমকির ক্ষেত্রে বিএসএফ, সশস্ত্র বাহিনী এবং সীমান্তে বসবাসকারী মানুষদের একযোগে কাজ করতে হবে।
শ্রী অমিত শাহ বলেন, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী- সিএপিএফ বৃক্ষরোপণে গুরুত্বপূর্ণ নজির গড়েছে। বিগত ৫ বছরে তারা ৭ কোটি ৩৫ লক্ষ বৃক্ষরোপণ করেছে। জলবায়ু পরিবর্তন রোধে ও বিশ্ব উষ্ণায়নের ক্ষেএে এই বিপুল পরিমাণে বৃক্ষরোপণ ভবিষ্যতের জন্য ইতিবাচক। স্বরাষ্ট্রমন্ত্রী একটি খেজরি চারা রোপণ করেন। মরুভূমি অঞ্চলে খেজরি গাছ অত্যন্ত ফলপ্রদ ভূমিকা পালন করে।
SC/AB/NS…
(রিলিজ আইডি: 2265809)
ভিজিটরের কাউন্টার : 5