স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এনডিআরএফ-এর ‘প্রেসিডেন্টস কালার’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন

পোস্ট করার দিনক্ষণ: 14 MAY 2026 1:40PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৪ মে, ২০২৬

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-কে ‘প্রেসিডেন্টস কালার’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র পরিচালক এবং এনডিআরএফ-এর মহানির্দেশক সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ বলেন, এনডিআরএফ-কে এই ‘প্রেসিডেন্টস কালার’ প্রদান করা কেবলমাত্র তাদের পরিষেবাকে স্বীকৃতি দেওয়া নয়, বরং এটি এসডিআরএফ, এনসিসি, এনএসএস এবং পঞ্চায়েত থেকে রাজ্যস্তর পর্যন্ত সর্বত্র বিপর্যয় মোকাবিলার কাজে যুক্ত ব্যক্তিদের পরিষেবার জন্যও রাষ্ট্রপতির তরফে একটি স্বীকৃতি। তিনি বলেন, এনডিআরএফ কর্মীরা ‘বিপর্যয় মোকাবিলা পরিষেবা সর্বদা সর্বত্র’ – এই স্লোগান নিয়ে সারা দেশে কাজ করেন। তাঁরা দেশে বা বিদেশে যেখানেই গেছেন, সেখানে ভালোবাসা ও বিশ্বাস অর্জন করেছেন। যখনই কোনো বিপর্যয় আসে, তখনই সাধারণ মানুষ জানেন যে তাঁদের উদ্ধার করা হবে। এটি তাঁদের জন্য অত্যন্ত স্বস্তির। শ্রী শাহ বলেন, এই সংস্থা প্রতিষ্ঠার পর থেকে ২০ বছরে বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড় বা অন্য যে কোনো দুর্যোগ মোকাবিলায় এনডিআরএফ সাফল্যের সঙ্গে কাজ করে দেশের ১৪০ কোটি মানুষের বিশ্বাস অর্জন করেছে। এই বাহিনী ১.৫ লক্ষেরও বেশি জীবন বাঁচিয়েছে এবং ৯ লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, এনডিআরএফ-এর ‘প্রেসিডেন্টস কালার’ প্রাপ্তি এই বাহিনীর সেবা, সাহস, বীরত্ব ও নিষ্ঠার প্রতি অনন্য স্বীকৃতি। তিনি বলেন, তাঁর কার্যকালে জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এবং এনডিআরএফ দুর্যোগ মোকাবিলায় ও ত্রাণ বন্টনের ক্ষেত্রে ভারতকে বিশ্ব মানচিত্রে বিশেষ জায়গায় প্রতিষ্ঠিত করেছে। দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে এটি তাঁর কাছে অত্যন্ত গর্বের বিষয় বলেও শ্রী শাহ মন্তব্য করেন। তিনি বলেন, আজ ১১৬ কোটি টাকার বেশি ব্যয়ে ছ’টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এই প্রকল্পগুলির মাধ্যমে এনডিআরএফ দেশের মানুষকে যে কোনো ধরনের দুর্যোগ থেকে রক্ষা করতে আরও কার্যকরভাবে সক্ষম হবে।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন যে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০১৪ সাল থেকে দুর্যোগের ঝুঁকি কম করার জন্য কাজ করার পাশাপাশি, প্রাণহানির শূন্যের কোটায় নামিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেও কাজ করা হচ্ছে।

শ্রী অমিত শাহ বলেন, এনডিআরএফ সাধারণ নাগরিকদের পাশাপাশি পশুদের জীবন রক্ষার্থে বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক তাপপ্রবাহের মতো চ্যালেঞ্জ মোকাবিলাতেও প্রস্তুত রয়েছে বলে তিনি জানান। সরকার তাপপ্রবাহজনিত কারণে মৃত্যুর হার শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে।

শ্রী অমিত শাহ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রক এনডিআরএফ-এর ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিয়েছে। এনডিআরএফ-এর ৮,৫০০-র বেশি কর্মী, ১০ হাজারের বেশি অসামরিক প্রতিরক্ষা কর্মী এবং ২ লক্ষ ২০ হাজারের বেশি স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়ার মতো বড় দায়িত্ব গ্রহণ করেছে। দু’বছরে ১০,৫০০-র বেশি নাবিককেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে তিনি জানান। স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মোদী কেবল ভারতেই নয়, সারা বিশ্বেই দুর্যোগের কারণে জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি কমানোর নীতিকে মূল নীতি হিসেবে প্রতিষ্ঠা করেছে।

শ্রী অমিত শাহ বলেন, ভারত বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে। ওড়িশা সুপার সাইক্লোন, গুজরাট ভূমিকম্প এবং ভারত মহাসাগরের সুনামি সমগ্র দেশকে নাড়িয়ে দিয়েছিল। এই ঘটনাগুলি একটি শক্তিশালী বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে। এর ফলেই এনডিএমএ এবং এনডিআরএফ গঠিত হয়। বর্তমানে ১৬টি ব্যাটালিয়ন নিয়ে এনডিআরএফ একটি শক্তিশালী বাহিনীতে পরিণত হয়েছে। ২০০৮ সালে বিহারের কোসি নদীর বন্যা, চাসোথির মেঘভাঙা বৃষ্টি, জম্মু, পাঞ্জাব ও দিল্লির বন্যা, ঘূর্ণিঝড় মন্থার মতো অনেক দুর্যোগ মোকাবিলা করেছে এনডিআরএফ। পাশাপাশি, অমরনাথ যাত্রা, মহাকুম্ভ, চারধাম যাত্রা, মণিমহেশ, সবরীমালা যাত্রা, ভগবান জগন্নাথের রথযাত্রার মতো অনেক গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানও যথাযথভাবে সামলেছে এনডিআরএফ। স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মোদীর ১০ দফা কর্মসূচি বিপর্যয় ব্যবস্থাপনার ৩৬০ ডিগ্রি দৃষ্টিভঙ্গীকে একটি নতুন দিক-নির্দেশনা দিয়েছে। দুর্যোগ মোকাবিলায় ভারত বর্তমানে অপ্রতিদ্বন্দ্বী বিশ্বনেতা এবং যে কোনো বিপর্যয়ে প্রথমে সাড়া দেওয়া দেশ হিসেবে আবির্ভূত হয়েছে।

দেশের সমস্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ)-র কর্মীদের অভিনন্দন জানান শ্রী অমিত শাহ। তিনি বলেন, ২০২১ সাল থেকে সিএপিএফ-এর কর্মীরা সারা দেশে ৭ কোটিরও বেশি গাছ লাগিয়েছেন। এটি সিএপিএফ সদস্যদের মানবিক ও পরিবেশ সচেতনতার অনন্য নজির।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2261044) ভিজিটরদের কাউন্টার : 5
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam