তথ্যওসম্প্রচারমন্ত্রক
অ্যাডট্রাস্ট সামিট ২০২৬-এ দায়িত্বশীল ও নির্ভরযোগ্য বিজ্ঞাপন পরিমণ্ডল গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার সচিবের
প্রকাশিত:
18 MAR 2026 4:22PM by PIB Kolkata
মুম্বাই, ১৮ মার্চ ২০২৬
বিজ্ঞাপন কেবল বহু মানুষের কাছে পৌঁছোলেই হবে না, তা নির্ভরযোগ্য হয়ে উঠতে হবে বলে তথ্য ও সম্প্রচার সচিব শ্রী সঞ্জয় জাজু মন্তব্য করেছেন। মুম্বাইয়ে আজ অ্যাডট্রাস্ট সামিট ২০২৬-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারতে দায়িত্বশীল, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য বিজ্ঞাপন ব্যবস্থা গড়ে তোলার জরুরী প্রয়োজন রয়েছে। বিশেষ করে যেহেতু এই ক্ষেত্র বিপুল মাত্রায় বাড়ছে, এর জটিলতা ও প্রভাবও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সেহেতু এর বিশ্বাসযোগ্যতা সুনিশ্চিত করা একান্ত আবশ্যক। বিজ্ঞাপন ক্ষেত্রের বিকাশের পাশাপাশি এর দায়বদ্ধতার ওপরও জোর দেওয়া দরকার। বিশেষ করে ডিজিটাল পরিসরে দায়বদ্ধতা নিশ্চিত করা প্রয়োজন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক বিজ্ঞাপন ক্ষেত্রের বিশ্বাসযোগ্যতা ও দায়িত্বশীলতা সুনিশ্চিত করার পাশাপাশি এর বিকাশে সহায়তা করছে বলে তিনি জানান।
অ্যাডভার্টাজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়ার উদ্যোগে অ্যাডট্রাস্ট সামিট ২০২৬-এর এই প্রথম সংস্করণে বিজ্ঞাপন, সংবাদমাধ্যম, প্রযুক্তি ও সরকারি ক্ষেত্রের প্রতিনিধিরা যোগ দেন। দায়িত্বশীল বিজ্ঞাপন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিজ্ঞাপন জগতের সাম্প্রতিক প্রবণতা, আইনি কাঠামো এবং নতুন প্রযুক্তির প্রভাব নিয়ে বক্তারা মত বিনিময় করেন।
শ্রী জাজু বলেন, বিজ্ঞাপন নিছক এক বাণিজ্যিক কাজ নয়, এটি বাজারের আকার স্থির করে, ব্র্যান্ড তৈরি করে, ব্যবহারকারীদের বিভিন্ন বিষয় সম্পর্কে জানায়, সংস্কৃতির পরিচয় দেয় এবং মানুষের আশা-আকাঙ্খাকে প্রভাবিত করে। ভারতের মতো বিশাল ও দ্রুত ডিজিটাল হয়ে উঠতে থাকা দেশে বিজ্ঞাপন উদ্ভাবন, অর্থনৈতিক ক্রিয়াকলাপ, কন্টেন্ট তৈরি এবং অন্তর্ভুক্তিকরণের এক প্রধান চালিকাশক্তি। ডিজিটাল প্ল্যাটফর্ম এবং কৃত্রিম মেধা এখন ব্র্যান্ড, স্টার্টআপ, স্থানীয় ব্যবসা এবং নির্মাতাদের ব্যাপক পরিসরে মানুষের কাছে পৌঁছোতে সাহায্য করছে।
একই সঙ্গে শ্রী জাজু আর্থিক কেলেঙ্কারি, বিনিয়োগের প্রতারণামূলক তথ্য, ভুয়ো চাকরির প্রস্তাবের মতো ডিজিটাল বিজ্ঞাপনের ঝুঁকিগুলি সম্পর্কে সচেতন করে দেন। এগুলি প্রায়শই দুর্বল ও অসহায় মানুষজনকে নিশানা করে। তিনি বলেন, বাণিজ্যিক বক্তব্য মত প্রকাশের স্বাধীনতার অঙ্গ হলেও ভুয়ো ও প্রতারণামূলক বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করা উচিত।
সম্মেলনের মূল আলোচনায় বিজ্ঞাপনে এআই-এর ভূমিকা, ডিপফেক, ডার্ক প্যাটার্ন, অ্যান্টি ইনফ্লুয়েন্সার মার্কেটিং-এর মতো ক্রমবর্ধমান প্রবণতার বিষয়গুলি উঠে আসে। শ্রী জাজু বিজ্ঞাপনদাতাদের প্রচারের পাশাপাশি বিশ্বাসযোগ্যতার ওপর মনোযোগ দিতে এবং ক্রিয়েটার ও ইনফ্লুয়েন্সারদের স্বকীয়তা বজায় রেখে মানুষের আস্থা রক্ষার আহ্বান জানান।
শ্রী জাজু দায়িত্বশীল বিজ্ঞাপনের ৫টি মূল নীতির উল্লেখ করেন। এগুলি হল –
১) যে কোন পরিস্থিতিতেই সত্যকে আঁকড়ে থাকা। ২) বিজ্ঞাপন, পৃষ্ঠপোষকতা এবং প্রচারমূলক সম্পর্কের স্বচ্ছতা রক্ষা। ৩) প্রতিটি বিষয়ে দায়িত্বশীলতা অক্ষুণ্ন রাখা। ৪) দুর্বল জনগোষ্ঠী, বিশেষত শিশুদের সুরক্ষায় অগ্রাধিকার। ৫) দায়বদ্ধতার সঙ্গে উদ্ভাবন সুনিশ্চিত করা। তাহলে প্রযুক্তিগত ও সৃজনশীল অগ্রগতি মানুষের আস্থাকে আরও জোরদার করবে।
সম্মেলনে শ্রী সঞ্জয় জাজু অন্য বিশিষ্ট্য ব্যক্তিদের সঙ্গে অ্যাড ল কম্পেনডিয়াম-এর আনুষ্ঠানিক প্রকাশ করেন। এটি বিজ্ঞাপনী আইন ও বিধির এক ব্যবহারিক নির্দেশিকা হিসেবে কাজ করবে। এর ফলে, এই শিল্প সম্পর্কে সচেতনতা ও বোঝাপড়া আরও বাড়বে।
তথ্য ও সম্প্রচার সচিব বিজ্ঞান জগতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন।
SC/SD/AS
(রিলিজ আইডি: 2242533)
ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন:
Malayalam
,
Khasi
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada