প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ২২শে ফেব্রুয়ারি মীরাট সফর করবেন

প্রকাশিত: 20 FEB 2026 6:52PM by PIB Kolkata

নয়া দিল্লি: ২০ ফেব্রুয়ারি ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২২শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখে উত্তরপ্রদেশের মীরাট সফর করবেন। দুপুর ১২:৩০ মিনিটে, প্রধানমন্ত্রী শতাব্দী নগর নমো ভারত স্টেশনে মিরাট মেট্রো এবং নমো ভারত ট্রেনের যাত্রা শুরু করবেন। সেখান থেকে তিনি মীরাট সাউথ স্টেশন পর্যন্ত মেট্রো যাত্রা করবেন। দুপুর ১টার দিকে, প্রধানমন্ত্রী মীরাটে প্রায় ১২,৯৩০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। অনুষ্ঠানে তিনি সমাবেশে ভাষণও দেবেন।

প্রধানমন্ত্রী ৮২ কিলোমিটার দীর্ঘ দিল্লি-মীরাট নমো ভারত করিডোর জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তিনি ভারতের প্রথম নমো ভারত আঞ্চলিক দ্রুত পরিবহন ব্যবস্থার (আরআরটিএস) অবশিষ্ট অংশগুলি উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে দিল্লির সরাই কালে খান এবং নিউ অশোক নগরের মধ্যে ৫ কিলোমিটার অংশ এবং উত্তর প্রদেশের মীরাট দক্ষিণ এবং মোদিপুরমের মধ্যে ২১ কিলোমিটার অংশ।

প্রতি ঘন্টায় ১৮০ কিলোমিটার গতির নকশার সঙ্গে, নমো ভারত হল ভারতের প্রথম আঞ্চলিক দ্রুত পরিবহন ব্যবস্থা। এটি সাহিবাবাদ, গাজিয়াবাদ, মোদিনগর এবং মীরাটের মতো প্রধান নগর কেন্দ্রগুলিকে দ্রুত গতিতে দিল্লির সঙ্গে সংযুক্ত করবে।

করিডোরের উৎপত্তিস্থল সরাই কালে খান, এই উদ্বোধনের মাধ্যমে চালু হওয়া চারটি নমো ভারত স্টেশনের মধ্যে একটি। এটি কৌশলগতভাবে একটি প্রধান মাল্টি-মডেল হাব হিসাবে অবস্থিত, যা হযরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন, দিল্লি মেট্রোর পিঙ্ক লাইন, বীর হাকিকত রায় আইএসবিটি এবং রিং রোডকে নির্বিঘ্নে সংযুক্ত করে। আরও তিনটি নমো ভারত স্টেশন, শতাব্দী নগর, বেগমপুল এবং মোদিপুরম চালু হচ্ছে, মীরাটে।
প্রধানমন্ত্রী নমো ভারতের মতো একই পরিকাঠামোতে পরিচালিত মীরাট দক্ষিণ এবং মোদিপুরমের মধ্যে মেট্রো পরিষেবাও উদ্বোধন করবেন, যা দেশে এ ধরণের প্রথম উদ্যোগ। মীরাট মেট্রো হবে ভারতের দ্রুততম মেট্রো ব্যবস্থা যার সর্বোচ্চ গতিবেগ প্রায় ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। মেট্রো মাত্র ৩০ মিনিটের মধ্যে পুরো অংশটি অতিক্রম করবে, এবং পথে সমস্ত নির্ধারিত স্টপেজ থাকবে। একই পরিকাঠামোর উপর নমো ভারত এবং মীরাট মেট্রোর এই নিরবচ্ছিন্ন সংহতকরণ উচ্চ-গতির আন্তঃনগর ভ্রমণ এবং দ্রুত আন্তঃনগর চলাচল নিশ্চিত করবে, যা ভারতে সমন্বিত নগর ও আঞ্চলিক পরিবহনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে। এটি  যানজট কমাবে এবং ফলস্বরূপ যানবাহনের কার্বন ডাই অক্সাইড নির্গমন উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
এই প্রকল্পগুলি নগর গতিশীলতা রূপান্তর এবং নাগরিকদের জীবনযাত্রা সহজতর করার জন্য নির্বিঘ্ন, দক্ষ, আধুনিক এবং টেঁকসই গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিকে আরও গতি দেবে।


**
SC/SB/DM


(রিলিজ আইডি: 2231192) ভিজিটরের কাউন্টার : 11
এই রিলিজটি পড়তে পারেন: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam