নারীওশিশুবিকাশমন্ত্রক
নিউইয়র্কের সামাজিক বিকাশ সংক্রান্ত রাষ্ট্রসংঘের কমিশনের ৬৪ তম অধিবেশনে মানব কেন্দ্রিক উন্নয়নের পক্ষে সওয়াল ভারতের
প্রকাশিত:
04 FEB 2026 8:00AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
নিউইয়র্কের সামাজিক বিকাশ সংক্রান্ত রাষ্ট্রসংঘের কমিশনের ৬৪ তম অধিবেশনে মানবকেন্দ্রিক উন্নয়নের পক্ষে সওয়াল করলেন নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর।
“লেভারেজিং আউটকামস অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড সামিট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ফ্রম কোপেনহেগেন টু দোহা” সংক্রান্ত আলোচনা সভায় তিনি বলেন, বিকশিত ভারত @২০৪৭ – এর মূল কেন্দ্রে সামাজিক ন্যায়ের বিষয়টিকে রাখা হয়েছে।
কোপেনহেগেন ঘোষণাপত্র মানবকেন্দ্রিক উন্নয়নের কথা বলেছে এবং দোহা ঘোষণাপত্রেও সেকথাই বলা হয়েছে – এই উল্লেখ করে নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ভারতের প্রশাসনিক দর্শনও ‘সকলের সঙ্গে সকলের বিকাশ’ মন্ত্রেই আধারিত।
বিস্তৃত পরিসংখ্যান পেশ করে শ্রীমতি সাবিত্রী ঠাকুর জানান, আজ ভারতের ৮০ কোটি মানুষ খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায়, বিস্তৃত স্বাস্থ্য ব্যবস্থাপনায় উপকৃত ৫৫ কোটি মানুষ, ব্যয় সাশ্রয়ী মূল্যে ওযুধ ও চিকিৎসা সরঞ্জাম বিক্রয়ের ১৬ হাজার জন আরোগ্য কেন্দ্র রয়েছে ভারতে। স্থানীয় প্রশাসনে ১৪ লক্ষের বেশি নির্বাচিত মহিলা জনপ্রতিনিধি রয়েছেন। মহিলাদের শিক্ষা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হাতে নেওয়া হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো কর্মসূচি। শ্রম সংস্কারের মাধ্যমে মহিলাদের নিরাপদ কর্মস্থল এবং সমবেতন নিশ্চিত করা হচ্ছে। বন্ধকহীন ঋণের সুবাদে মহিলা উদ্যোগপতি এবং পথ বিক্রেতারা বিশেষ সুবিধা পাচ্ছেন।
অধিবেশনের পর শ্রীমতি সাবিত্রী ঠাকুর সুইডেনের সামাজিক পরিষেবা মন্ত্রী ক্যামিল্লা ওয়াল্টারসন গ্রোনভাল –এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
SC/AC /SG
(রিলিজ আইডি: 2223236)
ভিজিটরের কাউন্টার : 5